রাজশাহী

চারঘাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় তিন ফার্মেসিকে জরিমানা

Silk City৮ জুলাই ২০২৪২ মিনিট পড়া

 চারঘাট প্রতিনিধি :

মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিক্রির অপরাধে রাজশাহীর চারঘাট উপজেলার তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আরিফ হোসেন।

সোমবার (৮ জুলাই) উপজেলা সদরের ফার্মেসি গুলোতে ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। তবে অভিযান চালানোর খবর শুনে অধিকাংশ ফার্মেসি বন্ধ করে পালিয়ে যায়।

ওষুধ প্রশাসনের ড্রাগ সুপার মোঃ শরিফুল ইসলাম ও চারঘাট মডেল থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে তিনটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকা, ভেজাল ওষুধ বিক্রি, এন্টিবায়োটিক ওষুধের রেজিস্টার না মানাসহ বেশ কয়েকটি অপরাধের প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ফার্মেসি মালিক মোসাদ্দেক হোসেনকে পাঁচ হাজার টাকা, নাজমুল হককে পাঁচ হাজার টাকা ও সামিমুল আজমকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও ১৫ দিন পর আবারও তাদের ফার্মেসিতে অভিযান দিয়ে অনিয়ম পেলে কারাদণ্ড প্রদান ও ফার্মেসি বন্ধ ঘোষণা করা হবে মর্মে সতর্ক করা হয়।

চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আরিফ হোসেন বলেন, একটি ফার্মেসির ৪০ শতাংশ ওষুধই মেয়াদোত্তীর্ণ পাওয়া গেছে। আরো দুইটি ফার্মেসিতেও বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে। ওষুধ ও কসমেটিকস আইন ৪০ এর খ ও গ ধারা অনুযায়ী জরিমানা আদায় করা হয়েছে। জব্দকৃত ওষুধগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।