সদ্য প্রকাশিত
রাজনীতি

দাঁড়িপাল্লা প্রতীক বাদ দেওয়া রহস্যজনক: জামায়াত

নিউজ ডেস্ক৯ মার্চ ২০১৭১ মিনিট পড়া
দাঁড়িপাল্লা প্রতীক বাদ দেওয়া রহস্যজনক: জামায়াত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নির্বাচন কমিশন নির্বাচনি প্রতীকের তালিকা থেকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকটি বাদ দিয়ে গেজেট প্রকাশ করেছে। এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকালে দলটির সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন, ‘নির্বাচনি দলীয় প্রতীক হিসেবে জামায়াতে ইসলামীর নামে সংরক্ষিত ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বাতিলে নির্বাচন কমিশনের গৃহীত সিদ্ধান্ত অগণতান্ত্রিক।’

 
ডা.শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকসহ নির্বাচন কমিশনে নিবন্ধিত একটি রাজনৈতিক দল। ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে জামায়াতে ইসলামী অতীতে প্রায় প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে আসছে। ‘গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২’ অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ ও সংরক্ষণ করে থাকে ।’

 
জামায়াত সেক্রেটারি বলেন,‘জামায়াতের নিবন্ধন মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। আদালত জামায়াতের নিবন্ধন বাতিল করেননি। সুতরাং গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুযায়ী প্রতীকসহ জামায়াতের নিবন্ধন বহাল আছে। এমতাবস্থায় নির্বাচন কমিশন কর্তৃক জামায়াতের প্রতীক বাতিলের এই সিদ্ধান্তটি রহস্যজনক। আমরা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি এবং নির্বাচনি প্রতীক হিসেবে জামায়াতের জন্য বরাদ্দকৃত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকটি সংরক্ষিত রাখার আহ্বান জানাচ্ছি।’

সূত্র: বাংলা ট্রিবিউন