সিল্কসিটিনিউজ ডেস্ক :
রবিচন্দ্রন অশ্বিনের সোজা বলে সরাসরি বোল্ড হয়ে গেলেন মিচেল স্টার্ক। তাতেই আরেক উচ্চতায় উঠে গেলেন ভারতীয় অফ স্পিনার। প্রাক্তন লেগ স্পিনার বিষেন সিং বেদিকে ছাড়িয়ে টেস্টে ভারতের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি বোলার এখন অশ্বিন।
অশ্বিনের অসাধারণ বোলিংয়েই বেঙ্গালুরু টেস্টে দুর্দান্ত এক জয় পেয়েছে ভারত। আজ চতুর্থ দিনে ১৮৮ রান তাড়া করতে নেমে অশ্বিনের স্পিন বিষে নীল হয়ে ১১২ রানেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ৪১ রানে ৬ উইকেট নেন অশ্বিন। ক্যারিয়ারে ২৫তম বারের মতো ইনিংসে পাঁচ উইকেট-কীর্তি।

অশ্বিন ডেভিড ওয়ার্নারকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে শুরু করেছিলেন উইকেট শিকারের মিশন। চা বিরতির আগে নিজের পরপর দুই ওভারে তুলে নেন মিচেল মার্শ ও ম্যাথু ওয়েডের উইকেট। চা বিরতি থেকে ফিরে এসেই স্টার্কের উইকেট নিয়ে ছাড়িয়ে যান বেদির ২৬৬ উইকেটকে। এরপর একই ওভারে পিটার হ্যান্ডসকম আর নাথান লায়নকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার ইনিংসের ইতিও টানেন অশ্বিনই।
১৯৬৬ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ৬৭ টেস্টে ২৬৬ উইকেট নিয়েছিলেন বেদি। ৪৭ টেস্টেই তাকে ছাড়িয়ে গেলেন অশ্বিন। বাংলাদেশ সিরিজে দ্রুততম আড়াই’শ উইকেটের কীর্তি গড়া অশ্বিনের উইকেট-সংখ্যা এখন ২৬৯টি। ভারতীয়দের মধ্যে তার ওপরে আছেন জহির খান (৩১১ উইকেট), হরভজন সিং (৪১৭ উইকেট), কবিল দেব (৪৩৪ উইকেট), অনিল কুম্বলে (৬১৯ উইকেট)।
সূত্র :রাইজিংবিডি










