সদ্য প্রকাশিত
খেলা

কোহলিই বলছেন হারটা দরকার ছিল ভারতের!

নিউজ ডেস্ক৩ মার্চ ২০১৭২ মিনিট পড়া
কোহলিই বলছেন হারটা দরকার ছিল ভারতের!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

লজ্জার নতুন অধ্যায় খুলেছে ভারত পুনে টেস্টে। মাত্র তিন দিনে টেস্ট হেরে ব্যর্থতার সাগরে ডুবেছে বিরাট কোহলিরা। অথচ অস্ট্রেলিয়ার বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পরও কিনা কোহলি বলছেন, হারটা দরকার ছিল ভারতের!

টানা ১৯ টেস্ট অপরাজিত ছিল ভারত। ২০১৫ সালে শ্রীলঙ্কা সফরের পর প্রথমবার হারের মুখ দেখেছে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে। ৩৩৩ রানের বড় ব্যবধানে হারের পর এখন ঘুরে দাঁড়ানোর মিশনে নামতে যাচ্ছে বেঙ্গালুরু টেস্টে। শনিবার থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক জানিয়েছেন, কখনও কখনও এমন হার দলের জন্য জরুরি। কোহলির ভাষায়, ‘মাঝেমধ্যে এই ধরনের হার দরকার আছে। এটা খুবই বিরল যে গোটা দলের সবাই ব্যর্থ হয়েছে…পুনেতে আমরা কাটিয়েছি সেই দিনগুলোর একটি।’ হারের ক্ষতটা অবশ্য এখনও পুড়িয়ে যাচ্ছে কোহলিকে, ‘পুনের হারটা খুবই হতাশাজনক। কারণটা শুধু হারের জন্য নয়, বরং আমরা যেভাবে খেলেছি, সে জন্য। হারতেই পারি, তবে যেভাবে হেরেছি, সেটা আসলে মেনে নেওয়া কঠিন।’

বড় ব্যবধানে হেরে শুরু করেছে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ। ভারতের সাবেকদের অনেকেই সমালোচনার তীরে বিদ্ধ করছেন কোহলি ও তার দলকে। অধিনায়ক কোহলি অবশ্য সে দিকে নজর দিচ্ছেন না একেবারেই, বরং ঘুরে দাঁড়াতে চাইছেন দ্বিতীয় টেস্ট থেকেই। শুধু ঘুরে দাঁড়ানো নয়, সিরিজ জয়ের স্বপ্নও দেখছেন এই ব্যাটসম্যান, ‘আমরা বিশ্বাস করি আমাদের পক্ষে সিরিজ জেতা সম্ভব। আমি সবাইকে নিশ্চিত করছি, দলের প্রত্যেকে সিরিজ জয়টা বড় চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে এবং প্রত্যেকে যার যার জায়গা থেকে ঘুরে দাঁড়াতে প্রস্তুত। আমরা সবাই বিশ্বাস করি আমাদের পক্ষে সম্ভব।

সূত্র: বাংলা ট্রিবিউন