সদ্য প্রকাশিত
খেলা

১৫ রানের জন্য হলো না টানা পাঁচ সেঞ্চুরি

নিউজ ডেস্ক২ মার্চ ২০১৭২ মিনিট পড়া
১৫ রানের জন্য হলো না টানা পাঁচ সেঞ্চুরি

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ওয়ানডে ম্যাচে টানা চারটি সেঞ্চুরি করে দারুণ এক রেকর্ড গড়েছিলেন নিউজিল্যান্ডের নারী ক্রিকেটার অ্যামি স্যাটার্থওয়েট। টানা পাঁচ সেঞ্চুরি করতে পারলেন না কিউই এই তারকা। ব্যাট হাতে নেমে টানা পাঁচ সেঞ্চুরি থেকে মাত্র ১৫ রান দূরে থাকতে আউট হন তিনি।

 

২০১৫ সালে ওয়ানডে ক্রিকেটে টানা ৪ ম্যাচে ৪টি সেঞ্চুরি করার অনন্য রেকর্ড গড়েছিলেন শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা।

 

৩০ বছর বয়সী স্যাটার্থওয়েট সবশেষ শতকটি হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। বৃহস্পতিবার (০২ মার্চ) বে ওভালে সিরিজের দ্বিতীয় ম্যাচে তিন নম্বরে ব্যাট হাতে নামেন স্যাটার্থওয়েট। এবার আর সেঞ্চুরি পাওয়া হয়নি তার। ১১৭ বলে ৮৫ রান করে বিদায় নেন তিনি।

 

এর আগে একই প্রতিপক্ষের বিপক্ষে অকল্যান্ডের ম্যাচে তিনি খেলেছেন অপরাজিত ১০২ রানের ইনিংস।

 

তারও আগে গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টানা তিন ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন স্যাটার্থওয়েট। একটি ম্যাচে ব্যাট করার সুযোগ হয়নি তার। তবে, ব্যাট হাতে নামা চারটি ম্যাচের চারটিতেই সেঞ্চুরি হাঁকিয়ে অনবদ্য এক রেকর্ডের জন্ম দেন স্যাটার্থওয়েট।

অ্যামি স্যাটার্থওয়েট/ছবি: সংগৃহীতগত ১৩ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে স্যাটার্থওয়েট খেলেছিলেন অপরাজিত ১৩৭ রানের ইনিংস। পরের ম্যাচে একই প্রতিপক্ষের বিপক্ষে খেলেছিলেন অপরাজিত ১১৫ রানের ইনিংস। পরের ম্যাচে ব্যাট হাতে নামা হয়নি তার। কিন্তু, সিরিজের শেষ ম্যাচে আবারো ব্যাট হাতে নেমে স্যাটার্থওয়েট খেলেছেন ১২৩ রানের ইনিংস।

 

সবশেষ অকল্যান্ডে অজি দলের বিপক্ষে করেন অপরাজিত ১০২ রান। টানা চার ম্যাচে সেঞ্চুরি হাঁকাতে তিনবারই তিনি অপরাজিত থাকেন।

 

এর আগে নারী ক্রিকেটারদের মধ্যে জিল কেনারি, দেবী হকলি, ক্যারেন রোলটন, ম্যাগ ল্যানিং এবং ট্যামি বিউমন্ট টানা দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ফলে, স্যাটার্থওয়েট ছাড়া বিশ্বের কোনো নারী ক্রিকেটারের টানা তিনটি সেঞ্চুরিও নেই।

সূত্র: বাংলা নিউজ