সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
ওয়ানডেতে দেশের সর্বোচ্চ তিনটি ইনিংসের মালিক হয়েছেন গত বুধবার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড ভাঙা এক ইনিংস খেলে মার্টিন গাপটিল নিউজিল্যান্ডকে ফিরিয়েছেন সমতায়। কিন্তু তার স্বীকৃতি কি মিলল! কোচ মাইক হেসন জানিয়েছেন, প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের দলে রাখা হবে না তাকে।
প্রথম তিন ওয়ানডেতে ইনজুরির কারণে ছিলেন না। চতুর্থ ম্যাচে ফিরেই ১৮০ রানের অসাধারণ এক ইনিংস খেলে দলকে জেতান গাপটিল। আগামী শনিবার পঞ্চম ও সিরিজ নির্ধারণী ম্যাচের আগে তাকে ঘিরেই চলছে ভূয়সী প্রশংসা। এরই মাঝে হেসনের কাছ থেকে শোনা গেল অপ্রত্যাশিত খবর।

গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে শেষ টেস্ট খেলেন গাপটিল। আর এবার ডানেডিন, ওয়েলিংটন ও হ্যামিলটনের তিন টেস্টেও তাকে দেখা যাবে না। হেসন বলেন, ‘সে টেস্ট দলে নেই। আমি মনে করি মার্টিনের রেকর্ড আপনারা সম্ভবত দেখেছেন। সারা বিশ্বে অনেক খেলোয়াড়ের উদাহরণ আছে যারা একটি ফরম্যাটে খুবই ভালো এবং অন্যটায় নয়। আর এখন তো তিনটি ভিন্ন ফরম্যাট।’
গত বছরের ভারত সফরে ছয় ইনিংসে মাত্র একটি হাফসেঞ্চুরি গাপটিলের বাজে টেস্ট ফর্মের প্রতিফলন। টেস্ট ক্যারিয়ারকে আবার ফিরে পেতে চাইলে ওয়ানডের ওপেনারের মতো নয়, সম্ভবত মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে তাকে- জানান নিউজিল্যান্ডের প্রধান কোচ।
সূত্র: বাংলা ট্রিবিউন










