সদ্য প্রকাশিত
খেলা

ভবিষ্যত সম্পর্কে শিগগিরই জানাবেন মিসবাহ

নিউজ ডেস্ক২ মার্চ ২০১৭২ মিনিট পড়া
ভবিষ্যত সম্পর্কে শিগগিরই জানাবেন মিসবাহ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

পাকিস্তান টেস্ট দলে নিজের ভবিষ্যত সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত নেননি অধিনায়ক মিসবাহ উল হক। তবে, খুব শিগগিরই পাকিস্তান ক্রিকেটের বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খানের কাছে নিজের বক্তব্য তুলে ধরবেন বলে জানিয়েছেন ৪২ বছর বয়সী মিসবাহ।

 

অন্যদিকে দলের আরেক সিনিয়র ক্রিকেটার ইউনিস খান জানিয়েছেন, অধিনায়কত্বের প্রস্তাব পেলে নেতৃত্বে আগ্রহী তিনি।

 

শারজায় অনুষ্ঠিত পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের আসর পিএসএলের দ্বিতীয় কোয়ালিফাইং ম্যাচে মিসবাহর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড হেরেছে কুমার সাঙ্গাকারার করাচি কিংসের বিপক্ষে। এরপরই মিসবাহ জাতীয় দলে নিজের ভবিষ্যৎ সম্পর্কে এমনটি জানান।

 

আগামী মার্চ-এপ্রিলে পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফর রয়েছে। ভবিষ্যত সম্পর্কে এখনই খোলামেলা কিছু না বললেও দলের আগামী ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলবেন বলে নিশ্চিত করেছেন মিসবাহ, ‘ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে আমি সফর করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। তবে আমি কি সেখানে শুধুমাত্র খেলোয়াড় না অধিনায়ক হয়েই যাচ্ছি, সেটি বোর্ড বিবেচনা করবে। খুব শিগগিরই আমি বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসবো।’

 

বর্তমানে টেস্ট ছাড়া জাতীয় দলের আর কোনো ফরম্যাটে খেলছেন না মিসবাহ।

 

এদিকে একটি সূত্র থেকে জানানো হয়েছে, বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খানের মতে অবসর না নিলে অভিজ্ঞ ব্যাটসম্যান মিসবাহই নেতৃত্বে থাকবেন।

 

মিসবাহ ২০১০ সাল থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন। পাকিস্তানের সফল অধিনায়কদের একজন তিনি। তার অধীনে দলটি টেস্টে প্রথমবারের মতো শীর্ষে উঠেছিল। তাই বোর্ড তার নেতৃত্ব এখনই কেড়ে নিতে চায় না।

 

গত অস্ট্রেলিয়া সফরের পর থেকেই মিসবাহ’র সমালোচনা শুরু হয়। যেখানে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। পাশাপাশি ওয়ানডে অধিনায়ক আজহার আলীকে সরিয়ে টি-টোয়েন্টি দলনেতা সরফরাজ আহমেদকে ওয়ানডের অধিনায়ক করা হয়। পরে বিভিন্ন মহল থেকে গুঞ্জন আসা শুরু করে পাকিস্তান ক্রিকেটের তিন ফরম্যাটেই এক অধিনায়ক করা হচ্ছে। ফলে সাদা পোশাকেও সরফরাজের নেতৃত্বের জোর দাবি ওঠে।

সূত্র: বাংলা নিউজ