
সিল্কসিটি নিউজ ডেস্ক
ডলারের দাম হঠাৎ কমানো হয়েছে। রেমিট্যান্স, রপ্তানি আয় ও আমদানি বিল পরিশোধের জন্য ব্যাংকগুলো ডলারের দাম ৫০ পয়সা কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে। গতকাল বুধবার ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।

বৈঠক সূত্রে জানা যায়, এখন থেকে রপ্তানিকারকরা রপ্তানি আয় ও রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে প্রতি ডলারের দাম পাবে ১১০ টাকা। এ ক্ষেত্রে সরকার ও ব্যাংকের প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত অব্যাহত থাকবে। আর আমদানিকারদের কাছে ১১০ টাকা ৫০ পয়সা বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এ দর আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
এতদিন ব্যাংকগুলোর ঘোষণা অনুযায়ী, আমদানি দায় পরিশোধে ডলারের দাম ছিল ১১১ টাকা। আর প্রবাসী ও রপ্তানি আয় কেনার ক্ষেত্রে ডলারের ঘোষিত দাম ছিল ১১০ টাকা ৫০ পয়সা।
গত বছরের মার্চে ইউক্রেনে রাশিয়ায় হামলা শুরুর আগে ডলার যা খরচ হতো, তার চেয়ে বেশি জোগান ছিল। তবে যুদ্ধ শুরুর পর পণ্য ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় ডলারের চাহিদা ও সংকট বেড়ে যায়। শুরুতে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণ করত। গত বছরের সেপ্টেম্বর থেকে ডলারের দাম নির্ধারণের দায়িত্ব পালন করছে এবিবি ও বাফেদা। তবে সংকট না কেটে ক্রমেই তা ঘনীভূত হচ্ছে।








