জাপানের ওষুধ ও টিকা প্রস্তুতকারী কোম্পানি তাকেদা ফার্মাসিউটিক্যালসের ডেঙ্গু টিকা কিউডেঙ্গাকে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সোমবার (২ অক্টোবর) এই ছাড়পত্র দেওয়া হয়েছে বলে এক ব্রিফিংয়ে নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।
মঙ্গলবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ডব্লিউএইচওর সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে গেব্রিয়েসুস বলেন, ‘ডেঙ্গুর প্রকোপ বেশি— এমন অঞ্চলগুলোতে ৬ থেকে ১৬ বছর বয়সীদের ক্ষেত্রে এই টিকা ব্যবহার করা যাবে।’
অবশ্য ডব্লিউএইচওর আগেই জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য কিউডেঙ্গাকে ছাড়পত্র দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া ও ব্রাজিল।

আবহাওয়ার পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্বজুড়ে বাড়ছে এডিস মশার বংশবিস্তার। ফলে মৌসুমি জলবায়ুর দেশগুলোর পাশাপাশি গত কয়েক বছর ধরে ইউরোপের অনেক দেশেও এই রোগের উপস্থিতি দেখা যাচ্ছে।
ইতিহাসে এর আগে ডেঙ্গুতে এত আক্রান্ত-মৃত্যু দেখেনি বাংলাদেশ।
মঙ্গলবারের সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর মহাপরিচালকের পাশাপাশি উপস্থিত ছিলেন সংস্থার স্ট্র্যাটেজিক অ্যাডভাইসরি গ্রুপ অব এক্সপার্টস অন ইমিউনাইজেশন বিভাগের পরিচালক হান্না নোয়িনেক।
তিনি জানিয়েছেন, বর্তমানে বিশ্বজুড়ে চার ধরনের ডেঙ্গু ভাইরাসের উপস্থিতি বেশি পরিলক্ষিত হচ্ছে। পরীক্ষামূলক ট্রায়াল চলার সময় বিভিন্ন ধরনের ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত রোগীদের ওপর এই টিকা পরীক্ষামূলকভাবে ব্যাবহার করা হয়েছে এবং সেই পরীক্ষার ফলাফল সন্তোষজনক।










