সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
একদিকে উচুঁ নিচু টিলা, অন্যদিকে দিগন্ত বিস্তৃত চা-বাগান। দুইয়ের মাঝে সবুজের আচ্ছাদন। সবুজ পাহাড়টিলা আর নয়নাভিরাম চা বাগানবেষ্টিত স্টেডিয়ামে ব্যাট-বলের ঠুকঠাক শব্দ, সকালের মিষ্টি রোদ ও বিকেলের ঠান্ডা হাওয়া যেকোনো ক্রিকেটপ্রেমির জন্য এ যেন নৈঃস্বর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের বাতাবরণ!


বলছিলাম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কথা। অসাধারণ সুন্দর ও চোখ ধাঁধানো, মনোরম পরিবেশে মাথা উচুঁ করে দাঁড়িয়ে আছে ‘গ্রিন গ্যালারি’ স্টেডিয়াম হিসেবে পরিচিত সিলেট স্টেডিয়াম। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নারীদের ম্যাচ দিয়ে এ মাঠের যাত্রা শুরু। নারীদের আন্তর্জাতিক ম্যাচ হলেও মাশরাফি-মুশফিকের কোনো ম্যাচ হয়নি। কবে হবে সেটাও জানা নেই কারও!

৬১৫ ফুট দৈর্ঘ্য ও ৪৮৫ ফুট প্রস্ত নিয়ে গড়ে উঠা সিলেট স্টেডিয়ামের মত সমতল মাঠ বাংলাদেশে দ্বিতীয়টি নেই। স্টেডিয়ামের অবকাঠামো পুরো দাঁড়িয়ে গিয়েছে। এখন চলছে স্টেডিয়ামের আসন সংখ্যা বাড়ানোর কাজ। মাঠের পূর্ব পাশের গ্যালারির ওপর স্টিল স্ট্রাকচার বসিয়ে পাঁচ হাজার আসন সংখ্যা বাড়ানোর কাজ চলছে। এ বছরের জুনে এ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এ কাজ শেষ হলে এসঙ্গে প্রায় ২০ হাজার দর্শক মাঠে বসে খেলা উপভোগ করতে পারবে বলে ধারণা সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

সিলেট স্টেডিয়ামের বিশেষত্ব হচ্ছে মাঠের আউটফিল্ড, উইকেট ও পানি নিষ্কাশন ব্যবস্থা বিশ্বমানের। স্টেডিয়ামের আউটফিল্ড দেশের অন্যান্য মাঠের তুলনায় ফাস্ট। ৭টি উইকেটের প্রতিটিতেই নিয়মিত খেলা হয় বলে নিয়মিত পরিচর্যা করা হয়। খেলোয়াড়দের দাবি দেশের অন্যান্য মাঠের উইকেটের তুলনায় এ মাঠের উইকেট বেশ স্পোর্টিং। ভৌগোলিক অবস্থানের কারণে সিলেট বৃষ্টিপ্রবণ এলাকা। হয়তো ভাবছেন বৃষ্টির কারণে পণ্ড হয়ে যেতে পারে ম্যাচ! প্রকৃতির উপর কারো হাত নেই এটা সত্য। তবে বৃষ্টি থামলে এখানে খেলা শুরু হতে বেশি সময় নিবে না। সিলেট ক্রিকেট স্টেডিয়ামের মাঠ ও ড্রেনেজ সিস্টেমকে এমনভাবে তৈরী করা হয়েছে যে ভারী বর্ষণ হলেও ৩০ মিনিটেই মাঠ শুকিয়ে খেলা শুরু করা সম্ভব!

স্টেডিয়ামটির সবথেকে আকর্ষণীয় দিক হচ্ছে ‘গ্রিন গ্যালারি’। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকার স্টেডিয়ামগুলোর একপাশে দর্শকরা উন্মুক্ত মাঠে খেলা দেখেন। সেখানে শুয়ে-বসে খেলা উপভোগ করেন ক্রিকেটপ্রেমিরা। সিলেটেও সেই সুযোগটি পাবেন ক্রিকেটপ্রেমিরা। মাঠের পশ্চিমপাশের একটি টিলাকে কৃত্রিম উপায়ে গ্যালারির মতো করে তৈরি করা হয়েছে। ঘাস লাগিয়ে সেটাকে সবুজের গালিচায় রূপ দেওয়া হয়েছে। উপরে উঠার জন্য দেওয়া হয়েছে সিঁড়ি। এছাড়া ধস ঠেকাতে প্রতিটি ধাপে ইট-কংক্রিটের ভিত্তিও দেওয়া হয়েছে।

স্টেডিয়ামের দক্ষিণ দিকে চারতলা বিশিষ্ট গ্র্যান্ডস্ট্যান্ড। দুই তলায় ক্রিকেটারদের ড্রেসিং রুম। ড্রেসিং রুমের সুযোগ-সুবিধা বেশ উন্নত। আইসবাথ করার জন্য রয়েছে পর্যাপ্ত জায়গা। ভেতরেই লকার রুম। গ্র্যান্ডস্ট্যান্ডের চারতলায় ভিভিআইপি বক্সসহ রয়েছে একাধিক হসপিটালিটি বক্স। এর বামপাশে বসানো হয়েছে ম্যানুয়াল স্কোরবোর্ড। এর ঠিক বিপরীত দিকে গ্রিন গ্যালারি ঘেঁষে রয়েছে জায়ান্ট স্ক্রিন। দেশের অন্যান্য স্টেডিয়ামগুলোর মত এখানেও চারটি ফ্লাডলাইট বসানো হয়েছে। হসপিটালিটি বক্সের বিপরীত দিকে রয়েছে পাঁচতলা বিশিষ্ট মিডিয়া সেন্টার। তৃতীয় তলায় প্রেসবক্স। এর উপরে ধারাভাষ্যকার ও রেডিওর জন্য বরাদ্দকৃত জায়গা। দ্বিতীয় তলায় ডাইনিং ও নিচ তলায় টিভির প্রডাকশন রুম। অনেকটাই মিরপুর শের-ই-বাংলার মত।

স্টেডিয়ামে প্রবেশের পথের রাস্তা নজর কেড়েছে সবার। পিচঢালা পথের দুই পাশে চা-বাগান। সন্ধ্যায় সেখানে থাকে আলোর ঝলকানি। স্টেডিয়ামের মূল ফটকের ভিতরে ঢুকে হাতের ডানদিকে তাকালেই পাওয়া যাবে দুটি কৃত্রিম ঝর্ণা। পাহাড়ের কোল বেয়ে পানি পড়ছে সেই দৃশ্য দেখা যাবে ঝরণার সামনে দাঁড়ালেই!

লাক্কাতুরা এলাকায় প্রকৃতির কোলে পরম মমতায় শুয়ে থাকা স্টেডিয়ামটি হতে পারে পর্যটন শিল্পের ও অন্যতম বিজ্ঞাপন। ক্রিকেট বোর্ড একাধিকবার ম্যাচ আয়োজনের আশ্বাস দিলেও এখনও বাস্তবায়ন করতে পারেনি। সাকিব-তামিম-মুস্তাফিজদের খেলা হলে নয়নাভিরাম স্টেডিয়ামটি যে আন্তর্জাতিক মহলের নজরে পড়বে তা বলার অপেক্ষা রাখে না! সেই দিনটি দেখার অপেক্ষায় সিলেটের হাজারো ক্রিকেটপ্রেমি।
সূত্র: রাইজিংবিডি










