
অ্যান্টি-ডাম্পিং শুল্ক হল কোনো দেশের সরকার কর্তৃক আমদানির ওপর আরোপিত অতিরিক্ত কর। আমদানিকারক দেশে ডাম্পিং যখন একই পণ্যের প্রতিযোগী উৎপাদনকারীদের ক্ষতি করে তখন এই অতিরিক্ত শুল্ক আরোপের মাধ্যমে রপ্তানি মূল্য এবং তাদের স্বাভাবিক মূল্যের মধ্যে পার্থক্য কমিয়ে মূল্যের সমতা বিধান করা হয়। ‘ডাম্পিং’ হলো বিদেশি বাজারে পণ্য বিক্রির সময় পণ্যের স্বাভাবিক বাজারদরের চেয়ে কম দামে রপ্তানি করা। অ্যান্টি-ডাম্পিং দেশীয় শিল্পকে রক্ষার জন্য কোনো দেশের এধরনের আমদানি করা একটি নির্দিষ্ট পণ্যের বিরুদ্ধে সুরক্ষা ব্যবস্থা হিসাবে কাজ করে। বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশগুলোর জন্য অ্যান্টি-ডাম্পিংর সব প্রক্রিয়া, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফর অ্যান্ড ট্রেডের (গ্যাট) আর্টিকেল ৬ বাস্তবায়নের জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার চুক্তি অনুসরণ করার বাধ্যবাধকতা রয়েছে।
২০১৭ সালের জানুয়ারিতে ভারত পাটজাত পণ্যগুলো ডাম্পিংয়ের অভিযোগে বাংলাদেশ থেকে পাটের সুতা, হেসিয়ান ফ্যাব্রিক, পাটের বস্তার ব্যাগ এবং পাটের বস্তার কাপড়ের আমদানিতে টনপ্রতি ১৯ ডলার থেকে ৩৫২ ডলার পর্যন্ত অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করে। ফলাফল সবারই জানা। দিনকে দিন বাংলাদেশ থেকে পাট রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে পাট ও পাটজাত পণ্যের সাথে জড়িত শিল্প-কারখানা থেকে শুরু করে পাটচাষী পর্যন্ত সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে এ অভিজ্ঞতা বাংলাদেশের জন্য নতুন ছিল না। প্রথমবারের মতো, বাংলাদেশ ১৯৯২ সালে বাংলাদেশি তুলার দ্বারা উৎপাদিত তোয়ালে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক অ্যান্টি-ডাম্পিংয়ের মুখোমুখি হয়েছিল, যদিও পরে তা প্রত্যাহার করা হয়েছিল। ১৯৯৬ সাল থেকে, বাংলাদেশ আর্জেন্টিনা, ব্রাজিল, ভারত এবং পাকিস্তান থেকে ৮টি অ্যান্টি ডাম্পিংয়ের মুখোমুখি হয়, যার মধ্যে ভারত দিয়েছে ৫ বার। পাটের আগে পার্টিকেল বোর্ড আরেকটি পণ্য, যেটি ২০০৯ সালে ভারত থেকে অ্যাপ এর মুখোমুখি হয়েছিল।
যাই হোক অন্যবারের তুলনায় পাটজাত পণ্যের ওপর আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্ক বাংলাদেশের শিল্পের ওপর সবচেয়ে বেশি বিরূপ প্রভাব ফেলেছে। বাংলাদেশ থেকে রপ্তানি করা পাটপণ্যের ৬০ শতাংশ ভারতে যায়। ২০১৭ সালে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের পর থেকে রপ্তানি কমতে শুরু করে। ভারতে পাট ও পাটজাত পণ্যের চালান অ্যান্টি-ডাম্পিং শুল্কের জন্য পণ্যভেদে ৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমেছে।
২০০০ সালের আগে বাংলাদেশ থেকে ভারতে ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন পাটজাত পণ্য রপ্তানি হতো। এর মধ্যে ১ লাখ ১০ হাজার মেট্রিক টন ছিল পাটের সুতা। অ্যান্টি-ডাম্পিং ব্যবস্থা আরোপ করার পর, ভারতে রপ্তানির পরিমাণ নেমে এসেছে ৫৫ হাজার মেট্রিক টন। ফলে এ বিশাল পরিমাণ পণ্যের জন্য বিকল্প বাজার ধরতে না পারায় বন্ধ হয়েছে অনেক বেসরকারি পাটকল।
স্পষ্টতই, বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রতি বছর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তির মাধ্যমে অগ্রাধিকারভিত্তিতে বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধাপ্রাপ্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) অধীনে স্বল্পোন্নত দেশ হিসেবে ভারতে ২৫টি পণ্য ছাড়া অন্যান্য সব পণ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা ভোগ করে। তা সত্ত্বেও ভারত থেকে আমদানি বৃদ্ধির হার রপ্তানির সাথে পাল্লা দিয়ে বাড়ছে। বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি শিল্প পাটের ওপর অ্যান্টি-ডাম্পিং আরোপের ফলে ভারতে রপ্তানি প্রবৃদ্ধি বাধাপ্রাপ্ত হচ্ছে।
বাংলাদেশ সরকার ও পাটশিল্প সংশ্লিষ্টরা বারবার শুল্ক অপসারণের কথা বললেও ভারতের পক্ষ থেকে আজ পর্যন্ত কোনো ইতিবাচক পদক্ষেপ দেখা যায়নি। শেষ পর্যন্ত, গত বছরের ৩১ ডিসেম্বর অ্যান্টি-ডাম্পিংয়ের ৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর তা আর পুনঃবহাল না করতে ভারতীয় পক্ষের কাছে প্রস্তাব করেছিল বাংলাদেশের ব্যবসায়ীরা। এতে ভারতীয় পক্ষ থেকে বলা হয়েছিল বছরে ২ লাখ মেট্রিক টন পাট রপ্তানির ওপর থেকে শুল্ক উঠিয়ে নেওয়া হবে, বাকি পণ্য রপ্তানিকে শুল্ক প্রযোজ্য হবে। শুল্ক আরোপের আগে বাংলাদেশ এই পরিমাণ পাটজাত পণ্য ভারতে রপ্তানি করত।
তবে সেটিও বাস্তবায়ন না করে ভারত বিভিন্ন পাটজাত পণ্যের ওপর পুনরায় ৫ বছরের জন্য অ্যান্টি-ডাম্পিং আরোপ করেছে। ৩০ ডিসেম্বর ২০২২-এ, ভারত পরবর্তী পাঁচ বছরের জন্য প্রতি টন ৬.৩ ডলার থেকে ৩৫১.৭২ ডলার পর্যন্ত অ্যান্টি-ডাম্পিং শুল্ক পুনঃনির্ধারণ করেছে। বিভিন্ন বৈশ্বিক সংকটের কারণে যখন বাংলাদেশের রপ্তানি এবং বৈদেশিক আয় নিম্নমুখী প্রবণতার ভেতর দিয়ে যাচ্ছে, তখন ভারতের অ্যান্টি-ডাম্পিং শুল্কের মেয়াদ বৃদ্ধি এই পরিস্থিতিকে আরও প্রভাবিত করবে। কারণ, ভারতে রপ্তানি কমলেও সেগুলোকে অন্যান্য দেশে রপ্তানি করা যেত, বর্তমান পরিস্থিতিতে যা অনেকটাই অনিশ্চিত। ভারত ছাড়াও বাংলাদেশের পাটের অন্য দুই বৃহৎ বাজার চীন ও তুরস্ক ২০১৭ সালে ভারত অ্যান্টি-ডাম্পিং শুল্কারোপ করার পর থেকে সেই সুযোগ কাজে লাগিয়ে কম দামে পাট কিনছে বাংলাদেশ থেকে।
সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, চাহিদা হ্রাস ও উৎপাদন খরচ বৃদ্ধির পাশাপাশি ভারতের অব্যাহত অ্যান্টি-ডাম্পিং শুল্কের ফলে পাট শিল্প মুখ থুবড়ে পড়ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম সাত মাসে পাটজাত পণ্য থেকে রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ২১.২২ শতাংশ কমেছে। কোভিড-১৯ মহামারি এবং ইউক্রেনের যুদ্ধ পাট রপ্তানিতে তীব্র প্রভাব ফেলেছে। একদিকে জ্বালানি মূল্যবৃদ্ধি ও বিদ্যুতের ঘাটতি, অন্যদিকে চাহিদা হ্রাস-এই দ্বিমুখী সংকটের কারণে প্রতিযোগিতায় টিকতে না পেরে কয়েক বছর ধরে সরকারি-বেসরকারি অনেক পাটকল বন্ধ করে দিতে হয়েছে।
এছাড়া কাঁচা পাটের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্কারোপ না করার ফলে এর সুফল ঘরে তুলছে ভারতের পাটশিল্প। এতে কম দামে কাঁচা পাট রপ্তানির সুযোগ পাচ্ছে কারখানাগুলো। ফলে শিল্পের কঁচামাল হিসেবে কাঁচা পাটের রপ্তনি বেড়েছে। কাঁচা পাট আমদানি করে তারা তাদের শিল্পে প্রক্রিয়াজাত করে বিভিন্ন দেশে রপ্তানি করছে। বাংলাদেশ শীর্ষ পাট উৎপাদনকারী হলেও ভারতের প্রক্রিয়াজাত পাটপণ্য পশ্চিমা বাজারগুলোতে আধিপত্য বিস্তার করছে। বিপরীতে, সারা বিশ্বে বাংলাদেশের পাটজাত পণ্যের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও দেশের পাট শিল্প প্রতিবছর লোকসান গুনছে।
বাংলাদেশ দীর্ঘদিন ধরে কূটনৈতিকভাবে আলোচনার চেষ্টা করলেও কোনো কাজ হয়নি। ঐতিহাসিক ও রাজনৈতিক সম্পর্কের কারণে, অ্যান্টি-ডাম্পিং আরোপের বিরুদ্ধে ডব্লিউটিওতে আবেদন না করে ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। তবে এখন সময় এসেছে ‘সোনালী আঁশ’কে বাঁচাতে কার্যকর কূটনৈতিক আলোচনা। এ পন্থা ফলপ্রসূ না হলে বিশ্ব বাণিজ্য সংস্থার দারস্থ হতে হবে। কারণ, দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্য ও সংযোগ বাড়াতে প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (CEPA) পূর্ণ বাস্তবায়নের জন্য অ্যান্টি-ডাম্পিং শুল্কের মতো বাণিজ্য বাধা দূর করা অপরিহার্য। তাছাড়া পাটশিল্পকে বাঁচাতে হলে এখনই ভারতের ওপর নির্ভরশীলতা কমিয়ে পাট শিল্পের বিকল্প বাজার তৈরিতে মনোযোগী হতে হবে।









