অর্থ ও বাণিজ্য

বাড়ছে ভারতীয় পেঁয়াজের আমদানি, কমছে দাম

নিউজ ডেস্ক১৫ জুন ২০২৩২ মিনিট পড়া

সিল্কসিটি নিউজ ডেস্ক:

দিন দিন দিনাজপুরের হিলি স্থরবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি বৃদ্ধি পাচ্ছে। ফলে দাম কমতে শুরু করেছে। ব্যবসায়ীরা জানান, আসন্ন কোরবানির ঈদে দাম স্বাভাবিক থাকবে। এদিকে দাম কম হওয়ায় স্বস্তি ফিরেছে ক্রেতা সাধারণের মাঝে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা যায়, দেশের কৃষকের স্বার্থ বিবেচনা করে গত ১৫ মার্চ থেকে সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) বন্ধ করে দেয়। ফলে পরদিন ১৬ মার্চ থেকে পেঁয়াজ আমদানি পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর থেকে দেশিয় পেঁয়াজের দাম কয়েক দফায় বৃদ্ধি পেয়ে ১০০ টাকায় গিয়ে পৌঁছায়। ফলে দুই মাস ২০ দিন পর সরকার চলতি মাসের ৪ তারিখে পুনরায় আমদানির অনুমতি দিলে পরদিন ৫ জুন থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়।

৯ দিনে ভারতীয় ২৬৮ ট্রাকে ৭ হাজার ৩৮৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।
হিলি খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা যায়, দুই দিনের ব্যবধানে খুচরা পর্যায়ে ৪ থেকে ৬ টাকা কমে ২৮ থেকে ৩০ টাকা দরে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে।

খুচরা বিক্রেতা রুবেল হোসেন জানান, ভারতীয় পেঁয়াজ দুই দিন আগেও ৩২ থেকে ৩৬ টাকা দরে বিক্রি হয়েছে।আমদানি বৃদ্ধি পাওয়া তা এখন ৪ থেকে ৬ টাকা কমে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দর উদ্ভিধ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী ইউসুফ আলী জানান, ৮০ হাজার মেট্রিকটন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। সুত্র: কালের কণ্ঠ