সিল্কসিটিনিউজ ডেস্ক :
মহান ভাষা দিবসেই দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশ। ইন্টারনেটের দ্বিতীয় এ মহাসড়কে যুক্ত হওয়ার কাজ শেষ হলেও এখনও কুয়াকাটার ল্যান্ডিং স্টেশন থেকে ঢাকায় ব্যান্ডউইথ আনার লিংক তৈরি হয়নি।
এ ক্যাবল থেকে দেড় হাজার জিবিপিএস ব্যান্ডউইথ পাওয়ার কথা থাকলেও এখন ২০০ জিবিপিএস পাওয়া যাবে। কুয়াকাটা-ঢাকা লিংক তৈরি হওয়ার পর এ ব্যান্ডউইথ বিক্রি শুরু করতে পারবে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

আন্তজার্তিক মাতৃভাষা দিবসে তুরস্ক থেকে কুয়াকাটায় একটি ডেটা প্যাকেট পাঠানাের মাধ্যমে দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এদিকে কুয়াকাটার সঙ্গে ঢাকার লিংক তৈরির কাজ কয়েক মাস আগে শুরু হলেও তা শেষ করতে পারেনি বাংলাদেশ টেলিকমিউনিকেসন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
এক বছর আগে দরপত্র আহবান করে একটি কোম্পানিকে কাজ দেওয়ার জন্য চূড়ান্ত করা হয়। পরে অন্য আরেকটি কোম্পানিকে কাজ দেওয়ায় অনেক জটিলতা হয়েছে গত নভেম্বর ও ডিসেম্বর জুড়ে।
এমন পরিস্থিতিতে লিংক তৈরিতে আরও কিছু দিন লাগবে বলে সাংবাদিকদের জানিয়েছেন দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের প্রকল্প পরিচালক পারভেজ মনন আশরাফ।
পারভেজ বলেন, সংযোগটি চালু হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করবেন। তিনি জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ক্যাবলটি আন্তর্জাতিক পর্যায়ে যুক্ত হবে। এ ক্যাবলের সঙ্গে বিএসসিসিএল ছাড়াও আরও ১৭টি সহযোগী কোম্পানি সংশ্লিষ্ট রয়েছে।
২০১৪ সালের মার্চে বিএসসিসিএল সিম-মি-উই-৫ কনসোর্টিয়ামে যুক্ত হওয়ার জন্য চুক্তি করে। গত ১৩ ডিসেম্বর সিম-মি-উই-৫ কর্তৃপক্ষ সমুদ্রের তলদেশে ক্যাবল স্থাপনের কাজ শেষের ঘোষণা দেয়। এ সময়ে বাংলাদেশ কুয়াকাটা অংশে ল্যান্ডিং স্টেশন তৈরি করে। প্রথম সাবমেরিন ক্যাবলের ল্যান্ডিং স্টেশন কক্সবাজার।
এদিকে সম্প্রতি কারিগরি উন্নতির মাধ্যমে বর্তমানে চালু সিম-মি-উই-৪ ক্যাবলের ক্ষমতা ১০০ জিবিপিএস বাড়ানো হয়েছে। আগে এর পরিমাণ ছিল ২০০ জিবিপিএস।
আর মোট ব্যান্ডউইথের মধ্যে ব্যবহার হচ্ছে ১৭৬ জিবিপিএস। এর মধ্যে ভারতে রপ্তানি হচ্ছে ১০ জিবিপিএস।
ব্যান্ডউইথের পরিমান বৃদ্ধি ও নতুন ব্রান্ডউইথ যুক্ত হলে তা বিভিন্ন দেশে রপ্তানি করার কর্মপরিকল্পনা সাজাচ্ছে বিএসসিসিএল।
তাছাড়া দেশের ভেতরে ব্যান্ডউইথের পাইকারি পর্যায়ে দাম কমিয়ে বিক্রি বাড়ানোর কথা জানিয়েছে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি । কর্মকর্তারা জানান, সামনের দিনগুলোতে সবচেয়ে বড় পরিবর্তন আসবে সেবার গুণগত মানে। ডেটা ও ভয়েস উভয় ক্ষেত্রেই তা পরিলক্ষিত হবে।
নতুন সাবমেরিন ক্যাবলে যুক্ত হওয়ার আগেই সিম-মি-উই-৪ এর সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় ব্যান্ডউইথের পাইকারি মূল্য আরও একবার কমানোর পরিকল্পনাও রয়েছে বলেও জানিয়েছে বিএসসিসিএল
সূত্র : টেকশহর









