রাজনীতি

জাতীয় পার্টিও জোট করবে: এরশাদ

নিউজ ডেস্ক২০ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নতুন জোট গঠন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, দেশে এখন জোটের রাজনীতি চলছে। কেউ ১৪-দলীয় জোট, আবার কেউ ২০-দলীয় জোট গঠন করেছে। সেখানে জাতীয় পার্টিও জোট করবে।

আজ সোমবার দুপুরে তিন দিনের সফরে রংপুরে গিয়ে নিজ বাসা পল্লীনিবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এরশাদ এসব কথা বলেন।

নতুন নির্বাচন কমিশনের কাছে আশাবাদ ব্যক্ত করে এরশাদ বলেন, ‘আমরা আশা করছি, নতুন নির্বাচন কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে।’

চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে না—নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে এরশাদ বলেন, বিএনপি নেতারা যত কথাই বলুক না কেন, আগামী সংসদ নির্বাচনে তাঁরা অংশ নিতে বাধ্য। নির্বাচনে অংশ না নিলে দলটির নিবন্ধন বাতিল হয়ে যাবে। দল টিকিয়ে রাখতে হলে বিএনপিকে অবশ্যই নির্বাচনে অংশ নিতে হবে।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে উপনির্বাচন প্রসঙ্গে এরশাদ বলেন, ‘সেখানে আমরা এককভাবে প্রার্থী দিয়েছি। ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে জাতীয় পার্টির প্রার্থী জয়ী হবে।’

ভাষার মাসে ভাষার ব্যবহার নিয়ে তিনি বলেন, ‘আমার শাসনামলে আইন করে সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করেছিলাম। কারণ, আমি ভাষাসৈনিকদের হৃদয়ের কথা বুঝতাম। কিন্তু বর্তমানে ভাষার মাসে যেখানে-সেখানে ইংরেজি ব্যবহার হচ্ছে।’

এ সময় রংপুর মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্যসচিব এস এম ইয়াসির উপস্থিত ছিলেন। সূত্র: প্রথম আলো