সিল্কসিটি নিউজ ডেস্ক:
ময়মনসিংহের ভালুকায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার হবিরবাড়ি ইউনিয়নে। ওই ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় ওই এলাকার উজ্জল মিয়ার ছেলে সজীব মিয়া (১৯), ঈমান আলীর ছেলে ইলিয়াস (২৫), মুকিম উদ্দিনের ছেলে শাহাব উদ্দিন (৫০) ও মাইন উদ্দিনের ছেলে মিলন দর্জিকে (৩৫) আসামি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ে যাওয়া আসার পথে প্রায় দিনই ওই ছাত্রীকে প্রেম নিবেদনসহ নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল সজীব মিয়া। মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনায় ওই ছাত্রীর বাবা কিছুদিন আগে সজীব ও তার পরিবারের লোকজনকে সাবধান করেন। এর জের ধরে ঘটনার দিন গত সোমবার (১০ এপ্রিল) বিদ্যালয়ে যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় অপহরণকারীরা। ঘটনা জানতে পেয়ে মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্যে সজীবের পরিবারের কাছে অনুনয় বিনুনয় করে ব্যর্থ হন ওই ছাত্রীর বাবা।

এদিকে, ইলিয়াস নামে একজনকে গত শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে গ্রেপ্তার করে ভালুকা মডেল থানা পুলিশ। তিনি এজাহারভুক্ত আসামি। তাকে আদালতে পাঠানো হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় মামলা নিয়ে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার ও ভিকটিম উদ্ধারে অভিযান চলছে। সূত্র; কালের কণ্ঠ









