সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
স্যার অ্যালেক্স ফাগুসনের কীর্তিতে নাম লিখিয়েছেন হোসে মরিনহো। ফার্গুসন যুগের পর এ প্রথম গোল হজম না করে টানা তিনটি ইউরোপিয়ান ম্যাচ পার করেছে রেড ডেভিলসরা। ইউরোপা লিগের নকআউট পর্বে ফরাসি ক্লাব সেইন্ট এতিয়েনকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের ডিফেন্সিভ মাইলফলক স্পর্শ করে ইংলিশ জায়ান্টরা।

ইউরোপিয়ান প্রতযোগিতায় ২০১০ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো টানা তিন ম্যাচে নিজেদের গোলবার সুরক্ষিত (ক্লিন শিট) রাখার নজির সৃষ্টি করে ইউনাইটেড। ম্যানইউর জার্সিতে নিজের প্রথম ও এতিয়েনের বিপক্ষে ক্যারিয়ারের তৃতীয় হ্যাটট্রিকে পুরো আলোটা নিজের করে দেন সুইডিশ আইকন জ্লাতান ইব্রাহিমোভিচ।
আগামী বুধবার (২২ ফেব্রুয়ারি) শেষ ৩২-এর ফিরতি পর্বের ম্যাচে সেইন্ট এতিয়েনের মাঠে নামবে মরিনহোর শিষ্যরা। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ১১টায়।
তার আগে রোববার (রাত সোয়া ১০টা) এফএ কাপের পঞ্চম রাউন্ডে ব্ল্যাকবার্ন রোভার্সের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পরের রোববার (২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টা) ইংলিশ লিগ কাপের ফাইনাল। প্রতিপক্ষ সাউদাম্পটন।
সূত্র: বাংলা নিউজ










