ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সাময়িক বরখাস্ত হওয়া ও বরখাস্তাদেশ স্থগিত হওয়ার পরও তাঁরা পরিষদে বসেননি। তাঁদের দীর্ঘ অনুপস্থিতির কারণে ২০১৫-১৬ অর্থবছরের উন্নয়ন প্রকল্পের এক কোটিরও বেশি টাকা এবং কাবিখা ও টিআর প্রকল্পের প্রায় ৪০০ টন চাল ফেরত (তামাদি) গেছে। বন্ধ রয়েছে হাটবাজার-ফেরিঘাটের ইজারাসহ কর্মচারীদের বেতন-ভাতাও।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০১৪ সালের ১৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে জামায়াত নেতা মোখলেশুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে জামায়াত নেতা সোহবার আলী ও জামায়াতের মহিলা সংগঠনের নেত্রী ইয়াসমিন আরা বেগম নির্বাচিত হন। ওই বছরেরই ২২ এপ্রিল রাজশাহীতে শপথ নিতে গিয়ে গ্রেপ্তার হন মোখলেশুর রহমান। ১৩ মামলার আসামি হিসেবে কারাগারে থাকা অবস্থায় তিনি শপথ নিলেও চেয়ারম্যানের দায়িত্ব নেন শপথের ছয় মাস পর। এরপর একাধিক মামলায় মোখলেশুর রহমানের বিরুদ্ধে আদালত অভিযোগপত্র গ্রহণ করলে স্থানীয় সরকার মন্ত্রণালয় ২০১৫ সালের ২৫ মার্চ তাঁকে সাময়িক বরখাস্ত করে। এ সময় ভাইস চেয়ারম্যান সোহরাব আলী অনুপস্থিত থাকায় মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আরা বেগমকে চেয়ারম্যানের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দেয় স্থানীয় সরকার মন্ত্রাণালয়।

উপজেলা পরিষদের একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, ইয়াসমিন আরা দায়িত্ব নেওয়ার পর পরিষদের কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলছিল। কিন্তু তিনি পরিষদের পর পর তিনটি সভায় অনুপস্থিত থাকায় তিনিও অপসারিত হন। সূত্র জানায়, উদ্ভূত পরিস্থিতিতে উপজেলা পরিষদের সভায় ইউএনওকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এরই মধ্যে মোখলেশুর রহমান তাঁর সাময়িক বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। গত ১৩ ডিসেম্বর হাইকোর্ট সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন। কিন্তু এর পরও মোখলেশুর উপজেলা পরিষদে আসেননি। সূত্র মতে, নাশকতাসহ একাধিক মামলার আসামি মোখলেশুর গ্রেপ্তার এড়াতে পরিষদে অনুপস্থিত থাকেন। একইভাবে উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব আলীর বরখাস্তের আদেশ হাইকোর্ট স্থগিত করলেও তিনিও অনুপস্থিত পরিষদে।
উপজেলা প্রকৌশল শাখা সূত্র জানিয়েছে, ২০১৫-১৬ অর্থবছরে উপজেলা উন্নয়ন সহায়তা থোক বরাদ্দ বাবদ চার ধাপে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৫৩ লাখ ১১ হাজার টাকা পাওয়া যায়। এ সময় জনসংখ্যা ও আয়তন অনুপাতে ইউনিয়নভিত্তিক ১৭টি প্যাকেজে ৪১টি প্রকল্প নেওয়া হয়। পরিষদের অনুমোদন সাপেক্ষে গত ৬ জানুয়ারি প্রকল্পগুলোর দরপত্র গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে গোবরাতলা, ঝিলিম ও সুন্দরপুর ইউয়িননে চারটি করে, বালিয়াডাগা, বারঘরিয়া, মহারাজাপুর, শাহজাহানপুর ও ইসলামপুরে তিনটি করে, রানীহাটি, চর অনুপনগর, চরবাগডাঙ্গা, নারায়ণপুর, দেবীনগর ও আলাতুলি ইউনিয়নে দুটি করে এবং ১৪ ইউনিয়নে স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণে দুটি প্রকল্প রয়েছে।
সূত্র জানায়, বিধিমোতাবেক বাস্তবায়ন প্রকল্পগুলোর অর্থ উপজেলা চেয়ারম্যান এবং ইউএনওর যৌথ স্বাক্ষরের চেকের মাধ্যমে ওঠানো হয়। কিন্তু চেয়ারম্যান অনুপস্থিত থাকায় কোনো টাকা ওঠানো যায়নি। দীর্ঘ জটিলতায় আটকে থাকা টাকা জুন মাস শেষ হওয়ায় তামাদি হয়ে গেল। উপজেলা প্রকৌশলী আ ন ম ওহিদুজ্জামান বলেন, ‘ঠিকাদাররা বকেয়া বিলের জন্য ধরনা দিচ্ছেন। এ বিল কিভাবে পরিশোধ করা হবে, তা পরিষদই সিদ্ধান্ত নেবে।’ উপজেলা প্রকৌশল শাখা সূত্র জানায়, সৃষ্ট জটিলতায় এক বছরের উন্নয়ন থেকেই বঞ্চিত হতে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদরের মানুষ।’ একই অবস্থা তৈরি হয়েছে ত্রাণ শাখায়। এখানে প্রথম পর্যায়ে কাবিখা খাতে ১৭৫ টন চাল, টিআর খাতে ১৩৮ টন চাল এবং দ্বিতীয় পর্যায়ে কাবিখা খাতে ৮৫ টন চাল ও ২৫ লাখ টাকা এবং টিআর খাতে ৪০ লাখ টাকা তামাদি হয়ে গেল। উপজেলা প্রকল্প কর্মকর্তা মৌদুদ আলম খাঁ বলেন, গেল সোমবার পর্যন্তও যদি সিদ্ধান্ত পাওয়া যেত, তাহলে টাকাগুলো পরবর্তী অর্থবছরে ব্যয়ের জন্য আটকে দেওয়া যেত। অন্যদিকে পারিষদিক জটিলতার কারণে ১৪২৩ সালের হাট-বাজার ও ফেরিঘাটের ইজারা দেওয়া বন্ধ রয়েছে। ফলে এসব চলছে ‘খাস কালেকশনের’ মাধ্যমে। এতে অনিয়মের অভিযোগ উঠেছে। চেয়ারম্যানের স্বাক্ষরের অভাবে বন্ধ আছে কর্মচারীদের বেতন-ভাতাও।
উপজেলা কর্মচারী ওবাইদুল হক বলেন, ‘আগে ঠিকমতোই বেতন পাচ্ছিলাম; কিন্তু জটিলতার কারণে সব বন্ধ হয়ে গেছে। সন্তানসম্ভবা স্ত্রী ও পরিবার নিয়ে বেকায়দায় আছি।’
ইউএনও মির্জা শাকিলা দিল হাছিন বলেন, ‘জানুয়ারিতে ইয়াসমিন আরা বেগম অপসারিত হওয়ার পর প্রতি মাসেই নির্দেশনা চেয়ে মন্ত্রাণালয়ে পত্র দেওয়া হয়েছে। এ ছাড়া গত ৫ মে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের মামলা সংক্রান্ত তথ্য এবং ৯ মে সমস্যা সমাধানে নির্দেশনা চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ে পত্র দেওয়া হয়েছে।
সর্বশেষ গেত সপ্তাহে সার্বিক পরিস্থিতি জানিয়ে পত্র দেওয়া হয়; কিন্তু কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ বলেন, ‘প্রশাসনিক নির্দেশনার অভাবে উন্নয়ন প্রকল্পের টাকা বাতিল হয়ে যাওয়া দুঃখজনক।’
স/মি










