
নিজস্ব প্রতিবেদক:
সরকারি বিদ্যুৎ চোরাইভাবে ব্যবহার করার অপরাধে রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল হককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। আজ সোমবার (২২ আগস্ট) দুপুরে বিদ্যুৎ আইন ২০১৮ এর ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত এই জরিমানা করেন। অভিযুক্ত চেয়ারম্যান রেজাউল হক রাজশাহী-০৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের ভাই বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিলো যে, মাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারিবারিকভাবে নেয়া বিদ্যুতের মিটার বাণিজ্যিক কাজে ব্যবহার করছেন। এছাড়া আমাদের কাছে অভিযোগ আসে, তিনি বিদ্যুতের লাইন টেম্পারিং করে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছেন। এমন অভিযোগের ভিত্তিতে আমরা তার বাড়িতে গিয়ে অভিযান পরিচালনা করি। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে পারিবারিকভাবে নেয়া বিদ্যুৎ তিনি (চেয়ারম্যান) বাণিজ্যিকভাবে ব্যবহার করছেন এবং লাইন টেম্পারিং করে অবৈধভাবে সরকারি বিদ্যুৎ খরচ করছেনÑ এমন প্রমাণ পাই। তখন সরকারি বিদ্যুৎ অবৈধভাবে ব্যবহারের দায়ে বিদ্যুৎ আইন ২০১৮ ধারায় ওই জনপ্রতিনিধিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে তাকে এই ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে।’

জানতে চাইলে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-০১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মিনারুল ইসলাম বলেন, ‘কারও অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজশাহী জেলা প্রশাসন একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেছেন বলে জানতে পেরেছি।’
এএইচ/এম









