সিল্কসিটিনিউজ ডেস্ক:
নতুন নির্বাচন কমিশনে (ইসি) দায়িত্বপ্রাপ্তদের ‘বিতর্কিত’ ও ‘দল অনুগত’ দাবি করে বিএনপি বলছে, এই কমিশনে জাতি হতাশ হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব পাওয়া কে এম নুরুল হুদার বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃতার অভিযোগও তুলেছেন দলটির নেতারা। তারা বলছেন, যখন সিইসিই বিতর্কিত, তখন তার অধীনে নিরপেক্ষ নির্বাচন কীভাবে সম্ভব?
সোমবার প্রাক্তন সচিব কে এম নুরুল হুদাকে সিইসি করে পাঁচ সদস্যের ইসি গঠনের প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির নেতারা এই মন্তব্য করেন।

যদিও দলের পক্ষ থেকে মঙ্গলবার রাতে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২০০৬ সালে অবসরে যাওয়া নুরুল হুদার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাক্তন অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, প্রাক্তন সচিব রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদত হোসেন চৌধুরী।
নতুন নির্বাচন কমিশন নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লে. জে. মাহবুবুর রহমান বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের প্রয়োজনীয়তা ছিল এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ গণতন্ত্র এখন চরম অনিশ্চয়তার মধ্যে।’
‘কিন্তু নতুন নির্বাচন কমিশনার হিসেবে যে নামগুলো এসেছে, সেগুলো প্রশ্নবিদ্ধ। সেখানে কোনো প্রখ্যাত বা জ্ঞানী-গুণী মানুষের নাম নেই। তাদের নিরপেক্ষতা নিয়েও মানুষের মনে প্রশ্ন আছে। তারা রাজনৈতিক মঞ্চের লোক। এই নির্বাচন কমিশনে মানুষ সাংঘাতিকভাবে হতাশ হয়েছে,’ বলেন বিএনপির এই নীতি নির্ধারক।
মাহবুবুর রহমান বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারকে সব বিতর্কের ঊর্ধ্বে থাকা উচিত ছিল। কিন্তু তিনিই যখন বিতর্কিত হন, তাহলে নিরপেক্ষ নির্বাচন কীভাবে করবেন?’
প্রধান নির্বাচন কমিশনারকে আওয়ামী লীগের ‘অনুগত’ হিসেবে অভিহিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, ‘যাকে প্রধান নির্বাচন কমিশনার করা হলো তিনি “জনতার মঞ্চ” এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। জনতার মঞ্চের সঙ্গে যারা জড়িত ছিল তারা একটি দলীয় প্লাটফর্মে ছিল। সেই দলীয় প্লাটফর্মে থাকা মানুষ কতটা স্বচ্ছ ও গ্রহণযোগ্য ভূমিকা পালন করতে পারবে সেটি নিয়ে একটি প্রশ্ন থেকেই যায়। তারপরও তারা কতটা গ্রহণযোগ্য তাদের কর্মকাণ্ডের মাধ্যমেই প্রমাণ পাবে।’
তবে নির্বাচন কমিশনের চেয়েও নির্বাচনকালীন সহায়ক সরকার কেমন হবে সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিএনপির এই শীর্ষ নেতা।
‘ইসি ভালো অথবা মন্দ, যা-ই হোক না কেন, নির্বাচন গ্রহণযোগ্য করতে হলে নির্বাচনকালীন একটি সহায়ক সরকার দরকার। কারণ দলীয় সরকার হলে নির্বাচন কেমন হয় তা ২০১৪ সালের ৫ জানুয়ারি জনগণ প্রত্যক্ষ করেছে,’ বলেন শামসুজ্জামান দুদু।
নতুন নির্বাচন কমিশনে জাতি হতাশ হয়েছে বলে মনে করছেন বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান।
তিনি বলেন, ‘জাতি গত দুই মাস ধরে অপেক্ষা করছে এমন একটি ইসি হবে, যা রকিব উদ্দীনের নেতৃত্বাধীন কমিশনের মতো দল অনুগত ও নতজানু কমিশন হবে না। জাতির প্রত্যাশা ছিল, মহামান্য রাষ্ট্রপতি এবার দক্ষ, যোগ্য দলনিরপেক্ষ নির্ভীক, সাহসী এবং নির্লোভ একটি কমিশন গঠন করবেন। কিন্তু নতুন যে কমিশন গঠন করা হয়েছে, তাতে পুরো জাতি হতাশ হয়েছে।’
আহমদ আজম খান বলেন, ‘যাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি জনতার মঞ্চের একজন আমলা ছিলেন। আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার কারণে যুগ্ম সম্পাদকের পরে আর কোনো পদোন্নতি তিনি পাননি। ওএসডি ছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাকে একদিনে অতিরিক্ত সচিব এবং পূর্ণ সচিবের মর্যাদা দিয়ে অবসরে পাঠান। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে ইতিহাসের যে চরম নাটক হয়ে গেল, সেই নাটকে পটুয়াখালীতে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন নুরুল হুদা।’
‘এই ধরনের একজন দলীয় বিতর্কিত ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার করে এবং মাহবুব তালুকদার (নতুন নির্বাচন কমিশনার) ছাড়া বাকি তিনজনের কথা যেভাবে শুনি, তাতে হতাশ না হয়ে পারি না। আরেকটি রকিব কমিশনের যাতাকলে বোধহয় দেশ পড়তে যাচ্ছে,’ বলেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান।
আগামীতে কীভাবে একটি অবাধ নির্বাচন হবে তা নিয়ে জাতি চিন্তিত ও শঙ্কিত হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
‘এই ধরনের কমিশন দিয়ে নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি কোনোভাবেই আশা করা যায় না। ঘোষিত ইসি জাতির প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। রাষ্ট্রপতিকে আওয়ামী লীগ ও সরকার বিতর্কিত করে ফেললেন বিতর্কিত একজনকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দিয়ে।’
সূত্র:রাইজিংবিডি










