সদ্য প্রকাশিত
মতামত

পাকিস্তানে শাহবাজের দলের চ্যালেঞ্জ শুরু

নিউজ ডেস্ক২০ এপ্রিল ২০২২৪ মিনিট পড়া
পাকিস্তানে শাহবাজের দলের চ্যালেঞ্জ শুরু

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

ইমরান খানের পতন হয়েছে, কিন্তু তিনি হারিয়ে যাননি। ইসলামাবাদ এবং এর বাইরে নবগঠিত সরকারের চেয়েও তাঁকে এবং তাঁর ডাকা জনতাকে নিয়েই রাজনৈতিক আলোচনা বেশি হচ্ছে। অন্যদিকে শাহবাজ শরিফের নতুন সরকার শুধু ক্ষমতা সংহত করার জন্যই লড়ছে না, বরং তাঁকে লড়তে হয়েছে মন্ত্রিসভা ঘোষণা দিতে গিয়েও। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শপথ নেওয়ার এক সপ্তাহ পর সোমবার সকাল পর্যন্তও এ সম্পর্কে কোনো সরকারি ঘোষণা আসেনি।

তবে কিছু ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট—পিডিএমের প্রথম দিকের দিনগুলোর কথা মনে করিয়ে দেয়, যখন নওয়াজ শরিফ একটি ভূমিকায় ছিলেন। সেই দিনগুলোতে পিএমএল-এন-এর সিনিয়র নেতাদের জিজ্ঞাসা করা হলে তাঁরা যুক্তি দিতেন যে নওয়াজ শরিফ লন্ডনে থাকলেও রাজনীতিতে আধিপত্য ধরে রেখেছেন।

এখন ইমরান খানের পিটিআই যা করছে, প্রকৃতপক্ষে এটা পাকিস্তানের রাজনীতির একটি প্রধান বৈশিষ্ট্য যে বিরোধী দলের লোকেরা যতক্ষণ উজ্জীবিত থাকেন, ততক্ষণ তাঁরা রাজনৈতিক চিন্তায় প্রাধান্য বিস্তার করেন। সেটাই এখন ইমরান খানের সঙ্গে ঘটছে।

পিটিআইয়ের এই আগ্রাসী প্রাধান্য বিস্তারের সঙ্গে একটি দলকে ক্ষমতা থেকে উত্খাতের প্রক্রিয়ারও একটি সম্পর্ক রয়েছে। ১৯৯০-এর দশকে পিপিপি থেকে শুরু করে ২০১৮ সালের পিএমএল-এন এবং বর্তমানে পিটিআই—সবার ক্ষেত্রেই মূল জনসমর্থন ফিরে পাওয়ার জন্য কোনো একটি কারসাজির ইঙ্গিত বা অভিযোগ যথেষ্ট হিসেবে কাজ করেছে। তাই ক্ষমতা থেকে অপসারণ শুধু পিটিআইয়ের জনসমর্থনের ভিত্তিকে আরো শক্তিশালী করে তুলেছে। অথচ এই দলটি আরো এক বছর ক্ষমতায় থাকলে তার পক্ষে নির্বাচনে ফিরে আসা আরো কঠিন হয়ে পড়ত।

এটি উল্লেখ করা উচিত যে পিটিআই সরকারের শেষ দিনগুলোতে জনমত জরিপগুলো খানের জনপ্রিয়তায় কিছুটা পতনের ইঙ্গিত দিয়েছিল। তবে যতটা খারাপ মনে করা হয়েছিল, ততটা নয়। কারণ পিটিআই সব প্রদেশের ভোটারদের মধ্যেই দ্বিতীয় শীর্ষ পছন্দ হিসেবে ঠাঁই করে নিয়েছিল।

চলতি বছরের জানুয়ারিতে দ্য নিউজে প্রকাশিত ইনস্টিটিউট অব পাবলিক ওপিনিয়ন রিসার্চের একটি জরিপ থেকে জানা গিয়েছিল, ইমরানের দল খাইবার পাখতুনখোয়ায় ৪৪ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে ছিল, জমিয়েতে উলামায়ে ইসলাম-এফ ১৭ শতাংশ সমর্থন নিয়ে পিছিয়ে ছিল। পাঞ্জাবে পিএমএল-এন ৪৬ শতাংশ সমর্থন নিয়ে সবচেয়ে জনপ্রিয় ছিল। তবে উসমান বুজদারের তিন বছরের শাসন ও মুদ্রাস্ফীতি সত্ত্বেও পিটিআই সেখানে ৩১ শতাংশ সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল। সেই তুলনায় পিপিপি পাঞ্জাবে ৫ শতাংশ সমর্থন নিয়ে অনেক পিছিয়ে ছিল।

এখন শাহবাজ শরিফ যত বেশি সময় ধরে শাসন করবেন, তাতে খান এবং তাঁর দল আরো শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। কারণ প্রশাসনিক বিষয়, বিশেষ করে জ্বালানির উচ্চ মূল্য একটি সমস্যা হয়ে দাঁড়াবে। সত্যি কথা বলতে কি, এখন প্রতিটি সিদ্ধান্ত পরবর্তী নির্বাচনের দিকে যাবে। সুতরাং এই পরিস্থিতি পিএমএল-এন-এর জন্য উদ্বেগজনক। শুধু তাই নয়, বর্তমান সরকারি জোটে থাকা অন্য দলগুলোর চেয়ে বেশি।

পরিস্থিতি যা দাঁড়িয়েছে, এই মুহূর্তে নির্বাচনীভাবে পিপিপি, পিএমএল-এন এবং পিটিআই একটি করে প্রদেশে প্রাধান্য বিস্তার করছে। সেগুলো হচ্ছে যথাক্রমে সিন্ধু, পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া। স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের মধ্য দিয়ে খাইবার পাখতুনখোয়ায় যদি পিটিআইয়ের সাফল্য নিয়ে কোনো সন্দেহের সৃষ্টি হয়েও থাকে,  দ্বিতীয় ধাপে তার অবসান হয়েছে। সুতরাং এখানে পিটিআইয়ের নির্বাচন ঘিরে কোনো সমস্যা থাকার কথা নয়। সিন্ধুতে পিপিপির অবস্থাও একই রকম। তবে প্রবাদপ্রতিম যুদ্ধক্ষেত্র হবে পাঞ্জাব, পিএমএল-এন একচেটিয়া আধিপত্য বিস্তার করবে। কিন্তু উত্তর ও দক্ষিণের ইসলামাবাদে কে যাবে সেটাই ফল নির্ধারণ করবে।

সম্প্রতি পিটিআইয়ের এক নেতা বলেছেন, তাঁর দলের শুধু পাঞ্জাবে নিজেদের জায়গা ধরে রাখা দরকার। যদি তা না হয়, তবে পিএমএল-এন আরামে গদিতে বসে থাকবে। কিন্তু পিটিআই যদি তার জায়গা ধরে রাখতে পারে, তবে তার কেন্দ্রে দ্বিতীয়বার যাওয়ার সুযোগ পেতে পারে।

দ্বিতীয় যুদ্ধক্ষেত্র হবে করাচি, যেখানে সাম্প্রতিক সমাবেশ থেকে মনে হচ্ছে যে পিটিআই তার সব সমর্থন হারায়নি, যদিও কল্পনার টানে ২০১৮-এর প্রত্যাবর্তন সম্ভব নয়। তবে এখানে নির্ধারণকারী ফ্যাক্টর হতে পারে এমকিউএম এবং তাদের ভোটারদের একত্রিত করার ক্ষমতা। পিএমএল-এন-এর মতো এমকিউএম-এর ভাগ্য ক্ষমতাসীন জোটে যোগদানের সিদ্ধান্তের দ্বারা প্রভাবিত হবে।

প্রকৃতপক্ষে, পিটিআইয়ের জন্য সবচেয়ে খারাপ অবস্থাটির অবসান ঘটতে পারে, কিন্তু বাকিদের জন্য নয়।

লেখক : পাকিস্তানের সাংবাদিক ও কলামিস্ট

 

সূত্রঃ কালের কণ্ঠ