সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মতামত

আজও আমরা ক্লেদমুক্ত হতে পারলাম না

নিউজ ডেস্ক৯ এপ্রিল ২০২২৮ মিনিট পড়া
আজও আমরা ক্লেদমুক্ত হতে পারলাম না

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

এবারের সাহিত্যে স্বাধীনতা পদক প্রদানের বিষয়টি তাহলে কর্তৃপক্ষ বেশ সাফল্যজনকভাবে ধামাচাপা দিতে সক্ষম হয়েছে। যে ঘোষণা দেওয়া হয়েছিল পদকপ্রাপ্ত ব্যক্তির নাম উল্লেখ করে তা বাতিল করা হয়েছে। কেন, কী কারণে ওই ব্যক্তির নাম ঘোষণা করা হয়, আবার কেনই বা তা বাতিল করা হয় তার কোনো কারণ জানায়নি কর্তৃপক্ষ। তবে অনুমান করা যায়, পদকপ্রাপ্ত ব্যক্তির নাম গণমাধ্যমে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে যে ধূলিঝড় উঠেছিল তা কর্তৃপক্ষের চোখেও আঘাত হেনে জ্বালা ধরায়।

ভাগ্যিস, চাল-ডাল-তেল-পানি, মাছ-মাংস-পেঁয়াজ-রসুন নিয়ে অষ্টপ্রহর খাবি খাওয়া সাধারণ মানুষের সাহিত্য পুরস্কার-টুরস্কারের মতো উচ্চমার্গের বিষয়াদি নিয়ে ভাববার ফুরসত নেই, অভিরুচিও তেমন নেই, নইলে হয়তো নিদেনপক্ষে দু-চারটা বক্তৃতা-বিবৃতির উপজীব্য বিষয় হতো এবারের এই পুরস্কার। বিষয়টা নিয়ে হৈ-হুলস্থুল হলো না বলেই যে ধরে নিতে হবে ‘সব ঠিক হ্যায়’ বলে পাবলিক এটা মেনে নিয়েছে, এটা মনে করার কোনো কারণ নেই। ঘা হয়তো শুকিয়েছে, কিন্তু আঘাত কি শুকায় কখনো?

স্বাধীনতা পদক আমাদের দেশের সর্বোচ্চ বেসামরিক খেতাব। সরকার এটা যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রদান করে ধরে নিতে হবে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ক্ষেত্রে অতুলনীয় ব্যুৎপত্তির অধিকারী। ওই ক্ষেত্রে চলমান সময়ে সবচেয়ে জ্ঞানী বা সবচেয়ে যোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানই তা পেতে পারে। আর সে উদ্দেশ্যে যে বাছাইপ্রক্রিয়া চলে তা যদি হয় সম্পূর্ণ নিখাদ, নিরপেক্ষ ও অনুসন্ধানধর্মী, তাহলে পুরস্কৃত ব্যক্তি বা প্রতিষ্ঠানের যথার্থতা সম্বন্ধে কোনো সংশয় থাকে না। পুরস্কার ঘোষণা হওয়ার পর চমকে ওঠার মতো কোনো প্রতিক্রিয়াও হয় না কোনো মহলে। কোনো বিতর্কও সৃষ্টি হয় না।

কিন্তু এবারের পুরস্কার ঘোষণার সঙ্গে সঙ্গে দেখা গেল সাহিত্যে এমন একজনের নাম ঘোষণা করা হয়েছে, যাকে কেউই চেনে না। তাঁর লেখা কোনো গল্প-উপন্যাস-প্রবন্ধ-কবিতা বা নাটক আমার মতো কোনো সাধারণ পাঠকের চোখে কোনো দিন পড়েছে বলে মনে হয় না। তাহলে কি তিনি অষ্টাদশ শতাব্দীর বিখ্যাত ইংরেজ কবি টমাস গ্রে তাঁর অমর কবিতা ‘এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চইয়ার্ড’-এ যাঁদের কথা উল্লেখ করেছেন তাঁদের মতো কেউ। অজপাড়াগাঁর গোরস্তানে প্রদোষকালে দাঁড়িয়ে কবির মনে হচ্ছিল ওই অখ্যাত পল্লীর কবরগুলোতে হয়তো ঘুমিয়ে আছেন কবি মিল্টনের মতো কত কবি, কত বীরসেনানী, যাঁদের অস্তিত্বের কথা কেউ জানেননি কোনো দিন। তাঁরা সবাই ‘ফুল ম্যানি আ জেম অব পিওরেস্ট রে সিরিন/দ্য ডার্ক আনফ্যাদমড্ কেইভস অব অশেন বেয়ার…। ’ সাগরের অতল তলে তারা যেন ঘুমিয়ে আছেন অগণিত মণিমুক্তার মতো অথবা মরুপ্রান্তরে ফোটা অগণিত সুরভিত কুসুমের মতো, যাদের সৌরভ শুধু ছড়িয়ে পড়ে ওই মরু হিল্লোলেই : ‘ফুল ম্যানি আ ফ্লাওয়ার ইজ বরন্ টু ব্লাশ আনসিন/অ্যান্ড ওয়েস্ট ইটস্ সুইটনেস ইন দ্য ডেজার্ট এয়ার। ’

তা না হয় হলো, সরকার এসব সাগরে লুকিয়ে থাকা মাণিককে লোকচক্ষুর অন্তরালে মরুপ্রান্তরে সৌরভ বিলানো কুসুমরাজিকে আবিষ্কার করে পুরস্কৃত করছেন; কিন্তু অতি দ্রুত আবার সেই পুরস্কারের ঘোষণা বাতিল করা কেন? তাহলে ডাল মে নিশ্চয়ই কুচ কালা হ্যায়। হ্যাঁ, দ্রুতই জানা গেল, পুরস্কৃত ব্যক্তি কোনো মণিমাণিক্য বা সুগন্ধি কুসুম নন, তিনি একজন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা, সাহিত্যে যাঁর অবদান স্বাধীনতা পদক তো দূরের কথা অন্য কোনো পুরস্কার পাওয়ার মতোও না। তখনই প্রশ্ন ওঠে, ওই বীর মুক্তিযোদ্ধার নাম সাহিত্যে স্বাধীনতা পদকের জন্য বিবেচনায় এলো কী করে? পদক প্রদান কমিটি কার প্রস্তাবনায়, কোন বিবেচনায় তাঁকে পুরস্কৃত করতে চাইল। কমিটিতে আমরা জানি সব যোগ্য, বিদগ্ধ ব্যক্তিরাই আছেন। তাঁরা কি জানেন না কোনো বিষয়ে স্বাধীনতা পদক পেতে হলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কী রকম যোগ্যতার অধিকারী হতে হয়? একজন বীর মুক্তিযোদ্ধাকে… সাহিত্যে যাঁর অবদান পদক পাওয়ার মতো নয়, এই পদক দিয়ে সম্মানিত করার চেয়ে যে বিব্রতই বেশি করা হবে তা কি কমিটির বিজ্ঞ সদস্যরা জানতেন না?

২.

এই ধরনের কেলেঙ্কারি সাম্প্রতিককালে আরো ঘটেছে। দু-একটি উদাহরণ দেওয়া যাক। বছর কয়েক আগে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অবদান রাখার জন্য কয়েকজন বিদেশি সুহূদকে স্বর্ণপদক প্রদান করে সরকার একটি বড় দায়িত্ব পালন করে। বিষয়টি সর্বমহলে খুবই প্রশংসিত হয়। কিন্তু পদক প্রদানের প্রাক্কালে জানা যায়, ওই সোনার পদকের প্রায় পুরোটাই পিতল বা ওই রকম কোনো ধাতুনির্মিত। তখন যে সমালোচনার ঝড় ওঠে তা সরকার কিভাবে সামাল দিয়েছিল জানি না; কিন্তু দেশে-বিদেশে বাংলাদেশের বদনাম যা হওয়ার তা হয়ে গিয়েছিল। ওই পদক নির্মাণের সঙ্গে যাঁরা জড়িত ছিলেন তাঁদের বিরুদ্ধে অদ্যাবধি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায়নি। তখন শোনা গিয়েছিল ওই দুষ্কর্মের সঙ্গে শীর্ষ পর্যায়ের আমলারাও জড়িত ছিলেন। ফলে বোধগম্য কারণে ব্যাপারটি ধামাচাপা পড়ে যায়। ওই পিতলের পদকপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে আমাদের পরম সুহৃদ ও স্বাধীনতাসংগ্রামে প্রত্যক্ষ অবদান রাখা কয়েকজন বিদেশি বন্ধুও ছিলেন। ভেবে দেখুন, দেশে-বিদেশে বাংলাদেশের মুখে কালিমা লেপনের কী জঘন্য অপচেষ্টা।

সাহিত্যে স্বাধীনতা পদক প্রদান নিয়ে লুকোচুরি খেলার চেষ্টা বছর দুই-তিনেক আগেও হয়েছে। তখন রইজউদ্দিন না রইসউদ্দিন নামক এমন একজনের নাম সুপারিশ করা হয়, যাঁকে তাঁর পরিবারের লোকজনও বোধ হয় সাহিত্যিক হিসেবে চেনে না। ফলাফল? তাত্ক্ষণিকভাবে ব্যাপক হৈচৈ ও ওই ব্যক্তির নাম কর্তন। তারপর যথারীতি ‘সাইলেন্স ইজ গোল্ডেন’, নীরবতা হিরণ্ময়।

তবে যাঁরা জনাব উদ্দিনকে স্বাধীনতা পদক পাইয়ে দিতে ব্যর্থ হলেন তাঁরা বোধ হয় ‘একবার না পারিলে দেখ শতবার’ নীতিতে বিশ্বাসী। সেই সঙ্গে ‘পাবলিক মেমরি ইজ শর্ট’ কথাটিও নিশ্চয়ই তাঁরা জানেন। সেই জন্যই বছর দুয়েক যেতে না যেতেই স্বাধীনতা পদক ২০২২-এর জন্য নাম সুপারিশ করলেন একজন বীর মুক্তিযোদ্ধা মরহুম আমির হামজার, যিনি সাহিত্যাঙ্গনে সম্পূর্ণ অপরিচিত। না, মুক্তিযুদ্ধে তাঁর অবদানের জন্য নয়, পদক সাহিত্যের জন্য। এদিকে খবরে প্রকাশ, জনাব হামজা নাকি জীবদ্দশায় একটি খুনের মামলার আসামি হিসেবে কয়েক বছর জেলও খেটেছেন এবং সাজা খাটতে খাটতে তৎকালীন সরকারের বদান্যে (!) মুক্তিলাভ করেন। তাঁর সাহিত্যকৃতি হচ্ছে তিনি বেঁচে থাকতে গোটা দুয়েক বই লিখেছেন, যা খুব একটা পরিচিত নয়। তবে আসল ঘটনা হচ্ছে, হামজা সাহেবের মেজো ছেলে নাকি সরকারের একজন মধ্যমাকৃতির আমলা। পিতার গুণে গুণমুগ্ধ পুত্র তাঁর এক সিনিয়র সহকর্মী সচিব মহোদয়কে (যিনি আবার পুরস্কার কমিটির একজন সদস্যও বটেন) দিয়ে সুপারিশ করিয়ে পুরস্কারটি তাঁর মরহুম আব্বা হুজুরকে পাইয়ে দেন। তাঁর এই ‘সাফল্যে’ তাঁর অন্যান্য সহকর্মীও নিশ্চয়ই উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে তাঁদের স্ব স্ব পিতা-চাচা-মামা-শ্বশুর-দাদা-নানাদের স্বাধীনতা পদক না হলেও অন্তত শহরভিত্তিক, মহল্লাভিত্তিক পুরস্কার, খেতাব ইত্যাদি পাইয়ে দিতে তৎপর হবেন। যা হোক, যেহেতু মরহুম হামজা একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং যেহেতু এই পদকপ্রাপ্তির ব্যাপারে তাঁর কোনো ভূমিকা ছিল না, অতএব এটা নিয়ে কোনো তির্যক মন্তব্য করা ঠিক হবে না, পাছে জাতি যাঁর কাছে চিরঋণী সে রকম একজন ব্যক্তির অসম্মান হয়। তবে হামজা সাহেবের অঘটন ঘটনপটীয়ান পুত্রধন, তার সিনিয়র কলিগ জনৈক সচিব সাহেব এবং পুরস্কার প্রদান কমিটির সম্মানিত সদস্যদের দায়িত্ব পালনে যে ঔদাসীন্য, অদক্ষতা, অবিমৃশ্যকারিতা ও পক্ষপাতিত্বের পরিচয় জাতি পেল তাতে দিগ্বিজয়ী গ্রিক বীর আলেকজান্ডার দ্য গ্রেটকে আবারও শ্রদ্ধাভরে স্মরণ করতে হয় : ‘কী বিচিত্র এই দেশ, সেলুকাস!’

একজন প্রয়াত বীর মুক্তিযোদ্ধাকে অসম্মানিত যারা করল তাদের বিরুদ্ধে আমাদের দায়িত্বশীল কর্তৃপক্ষ কী ব্যবস্থা গ্রহণ করেছে এটা জানার অধিকার জাতির নিশ্চয়ই আছে। বোধ হয় কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয়নি। হলে তো পত্রপত্রিকার মারফত জানা যেত। যে বা যারা জাতিকে আহাম্মক ঠাউরিয়ে ফাঁকতালে ফায়দা লুটতে চায় তারা বারবার এমনি এমনি পার পেয়ে গেলে পুরো ব্যাপারটি নিয়ে ভুল-বোঝাবুঝি সৃষ্টি হওয়ার অবকাশ আছে। প্রশ্ন উঠবে, তারা কি তাহলে কোনো মহলের আশ্রয়-প্রশ্রয়ে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে? ওই সব ব্যক্তি না হয় সাহিত্যের ব্যাপারে কিংবা স্বর্ণপদক নির্মাণের ব্যাপারে, নিজেদের রবীন্দ্র-নজরুল অথবা পুরাকালের গ্রিক বৈজ্ঞানিক আর্কিমিডিসের সমতুল্য মনে করতে পারেন; কিন্তু তাই বলে ১৭ কোটি মানুষকে গাধা মনে করার লাইসেন্স তাদের কে দিল? আর স্বাধীনতা পদক বা ওই ধরনের রাষ্ট্রীয় সম্মান প্রদানের ব্যাপারে তৈলমর্দন, মোসাহেবি, ঘুষ-ঘাস খাওয়ানোর পারঙ্গমতা কাজ করে বলে জনশ্রুতি আছে। আরো শোনা যায়, ‘ও আমাদের লোক’ কিনা অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তির ডিএনএ টেস্টও নাকি অপরিহার্য হয়ে দেখা দেয়। এসব একটা জাতির জন্য কলঙ্ক। স্বাধীনতার পর ৫০ বছর পার হয়ে গেল, অথচ আজও আমরা এসব ক্লেদমুক্ত হতে পারলাম না। এটা অবশ্যই আমাদের বড় লজ্জা।

৩.

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আমির হামজা সাহেবের নাম যিনি প্রস্তাব করেছেন সেই আমলা প্রস্তাবক না হয় বুঝলাম পিতৃভক্তির পরাকাষ্ঠা দেখিয়েছেন; কিন্তু একজন সচিব বা পদস্থ অন্যরাও কি বাংলা সাহিত্য সম্বন্ধে কোনো জ্ঞানই রাখেন না? নাকি চোখ বুজে ফাইল সই করার মতো দায়িত্ব পালন করেছেন তাঁরা? নিশ্চয়ই তাঁদের মধ্যে অন্তত দু-একজন বিশেষজ্ঞ ব্যক্তিও ছিলেন। তাঁরা কি বিশেষ জ্ঞানের অধিকারী, না বিশেষভাবে অজ্ঞ বিশেষজ্ঞ? কোনটা? কেউ কেউ অবশ্য বলে সরকারকে বেকায়দায় ফেলার জন্য সরকারের মধ্যেই অনেকে মাস্ক পরে ঘাপটি মেরে অবস্থান করছেন সুযোগ পেলেই ল্যাং মারার জন্য। কোনটা বিশ্বাস করব?

শেষ করব এই বলে যে স্বাধীনতা পদক বা একুশে পদকের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরো চিন্তা-ভাবনা করা উচিত। যে প্রক্রিয়ায় দায়িত্বটি পালিত হয়ে আসছে তাতে শুধু সাহিত্যে একজন রইজউদ্দিন (রইসউদ্দিন?) বা আমির হামজা নির্বাচিত হওয়াই নয়, অন্যান্য ক্ষেত্রেও এ রকম প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত গ্রহণের আশঙ্কা আছে। আর এতে করে দেশের সর্বোচ্চ মর্যাদাবান পুরস্কারগুলো একসময় তামাশায় পরিণত হয়ে যেতে পারে।

লেখক : সাবেক সচিব, কবি
mkarim06@yahoo.com

 

সূত্রঃ কালের কণ্ঠ