অর্থ ও বাণিজ্য

পুঁজিবাজারে এক বছরে সর্বনিম্ন লেনদেন

নিউজ ডেস্ক৭ এপ্রিল ২০২২২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

পুঁজিবাজারে টানা দরপতনে লেনদেন তলানিতে নেমেছে। গতকাল বুধবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেন ৫০০ কোটির নিচে নেমে গেছে, যা গত এক বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে। এর আগে গত বছরের ১২ এপ্রিল ডিএসইতে ৪৯৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্র জানায়, গতকাল বুধবার ডিএসইতে ৪৯০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন থেকে ৮৫ কোটি ৩২ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৫৭৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৬২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে  অবস্থান করছে ১ হাজার ৪৫৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৯ পয়েন্টে। গতকাল ডিএসইতে ৩৭৫টি কম্পানির ১২ কোটি ৪৪ লাখ ৩১ হাজার ২৬৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ২৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কম্পানি হলো লাফার্জহোলসিম, বেক্সিমকো লি., কাট্টালি টেক্সটাইল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, বিবিএস কেবলস, সি পার্ল বিচ, অরিয়ন ফার্মা, ভিএফএস থ্রেড, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিল ও নাহি অ্যালুমিনিয়াম। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। গতকাল সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৭৭ পয়েন্ট কমেছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ