সদ্য প্রকাশিত
মতামত

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুর প্রতিভা বিকাশ

নিউজ ডেস্ক২ এপ্রিল ২০২২৪ মিনিট পড়া
অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুর প্রতিভা বিকাশ

জন্মের পর থেকেই একজন মা তাঁর শিশুকে কাঁদতে ও হাসতে দেখেন। শিশু শারীরিক ও মানসিকভাবে বাড়তে শুরু করে। তারপর একই সঙ্গে শিশুটি টুকটুক করে কথা বলতে শুরু করে। সময়ের পরিক্রমায় সেই শিশুটি একদিন  ধ্বনি থেকে শুরু করে শব্দ-বাক্য বলা শিখে যায়।

এ এক অনুপম মানবশিশুর বিকাশকাল! কিন্তু এমন সুন্দরভাবে বেড়ে ওঠার গল্প সব শিশুর ক্ষেত্রে কি এক ধরনের? প্রতিউত্তর হয়তো ‘না’। কিছু শিশুর বেড়ে ওঠার বিকাশধারা থাকে ভিন্নতর। তাদের আমরা ব্যতিক্রমী শিশু, বিশেষ শিশু কিংবা প্রতিবন্ধী শিশু বলে থাকি। এই ব্যতিক্রমী শিশুদের মধ্যে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরা একেবারে ভিন্নধারার হয়।

একটু সচেতনতা, একটু মনোযোগ অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের দিতে পারে স্বাভাবিক মানুষের মতো জীবন। প্রত্যেক স্বাভাবিক শিশু যেভাবে জীবনযাপন করছে, তাদের সমাজ যে দৃষ্টিতে দেখছে, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদেরও যদি আরেকটু বেশি মনোযোগ দেওয়া হয়, তাহলে এ শিশুরাই স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এ জন্য প্রয়োজন শিশুটির নিবিড় শিক্ষা, প্রশিক্ষণ, মা-বাবার সচেতনতা  ও যত্ন এবং সমাজের মানুষের একান্ত সহযোগিতা। এবারের ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের মূল প্রতিপাদ্যেও একই বিষয়ের প্রতিফলন দেখতে পাওয়া যায়। এবারের প্রতিপাদ্য ‘এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকাশ করি’।

বিদ্যালয় হলো যেকোনো শিশুর জ্ঞান, মনোভাব, দক্ষতা ও অভ্যাস গঠনের অন্যতম ক্ষেত্র। এখানে শিশু প্রতিমুহূর্তে শিখতে পারে দেখে, শুনে, পারস্পরিক মিথস্ক্রিয়া ও অনুধাবন প্রক্রিয়ার মধ্য দিয়ে। সাধারণত স্বাভাবিক শিশুরা, যাদের কোনো ধরনের সমস্যা নেই, সেই শিশুরা এসবের মাধ্যমে প্রচলিত বিদ্যালয় বা সাধারণ বিদ্যালয় থেকে শিখতে পারে। কিন্তু বিশেষ শিশু, যারা অস্থির, অল্প মনোযোগী, অনুভূতি দিয়ে বুঝতে সমস্যা, মনোভাব প্রকাশ করতে পারে না, সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না, আচরণগত সমস্যা আছে, তারা এসব বিদ্যালয় থেকে কতটুকু শিখতে পারে তা আজও প্রশ্নসাপেক্ষ।

বিশ্বের প্রায় প্রতিটি দেশে সাধারণ বিদ্যালয়ের পাশাপাশি অটিজমসহ এনডিডি (অটিজম, বুদ্ধি, সিপি ও ডাউন্স) শিশুদের জন্য বিশেষ বিদ্যালয় রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক দেশে অটিজমসহ এনডিডি ও নন-এনডিডি বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির জন্য অবেদনকৃত সংখ্যা এক হাজার ৭০০-এর অধিক এবং এর সঙ্গে ৪৫ হাজারের অধিক শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী জড়িত রয়েছেন। কিন্তু পরিতাপের বিষয়, সরকারপ্রধান অটিজমসহ এনডিডি শিশুদের প্রতিভা বিকাশে বিশেষ বিদ্যালয়ের স্বীকৃতি ও সরকারি অর্থায়নে পরিচালনায় শত আন্তরিকতা থাকা সত্ত্বেও কী এক অজানা কারণে বিগত প্রায় ১৪ বছরের অধিককাল ধরে এর কোনো সুরাহা হয়নি।

সাধারণত বিশ্বজুড়ে দুই ধরনের বিদ্যালয় রয়েছে। সাধারণ বিদ্যালয় ও বিশেষ বিদ্যালয়। কেউ কেউ মনে করেন, অটিজমসহ বিশেষ শিশুরা যদি স্বাভাবিক বিদ্যালয়ে যায়, তাহলে অন্য শিশুদের দেখে, শুনে ও নিজেকে অন্তর্ভুক্তির মাধ্যমে শিখতে পারবে। কিন্তু এ জন্য বিশেষ শিশুটি কতটা উপযুক্ত, তা ভাবা দরকার। স্বাভাবিক বিদ্যালয়ে বিশেষ শিশুর প্রয়োজনীয় শিখন-শেখানো পদ্ধতি ও কৌশল, ফিজিওথেরাপি কার্যক্রম, স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপি কার্যক্রম, সাইকো-সামাজিক কার্যক্রম, আচরণ ব্যবস্থাপনা, শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত, বিশেষ শিশুবান্ধব পরিবেশ, শিক্ষাক্রম ও পাঠ্যক্রম এবং শিখন মূল্যায়ন যথাযথভাবে না থাকা এবং একইভাবে না মেনে চলার কারণে তার সমস্যাগুলোর কোনো ধরনের সমাধান হয় না বরং অনেকাংশে তা আরো জটিল আকার ধারণ করে এবং নতুন নতুন সমস্যা তৈরি হতে থাকে। যদি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিশেষ বিদ্যালয়ে ভর্তি করিয়ে তাদের মনোযোগ, স্থিরতা, অনুভূতি, বুদ্ধিমত্তার কিছুটা বিকাশ ঘটিয়ে অতঃপর সাধারণ বিদ্যালয়ে ভর্তি করানো যায়, তাহলে অনেক সময় শিশুর প্রয়োজনীয় সব দক্ষতা বিকশিত হয়।

আমাদের সমাজে প্রচলিত কিছু ট্যাবু রয়েছে। যেমন—বিশেষ শিশুরা যদি বিশেষ শিশুর সঙ্গে থাকে, তাহলে আরো অস্বাভাবিক আচরণ শিখে ফেলবে। বিশেষ শিশুদের যদি স্বাভাবিক বিদ্যালয়ে ভর্তি করানো হয়, তাহলে স্বাভাবিক শিশুদের দেখে দেখে শিখবে। শিশুর অল্প সমস্যা আছে, সময়ের সঙ্গে এমনিতেই ঠিক হয়ে যাবে ইত্যাদি। কিন্তু চরম বাস্তবতা হচ্ছে, এসব বিশেষ শিশু বেশির ভাগ ক্ষেত্রে নিজে নিজে পরিবেশ থেকে তেমন কিছু শিখতে পারে না, যদি না তাদের মস্তিষ্ককে পরিচালিত করা হয়। শিশুর অল্প সমস্যা কখনো এমনিতেই সেরে যায় না, তার জন্য প্রয়োজন সঠিক ও কার্যকর ব্যবস্থাপনা।

মনোবিজ্ঞানীদের মতে, সব শিশুই অদ্বিতীয় বৈশিষ্ট্যের অধিকারী এবং তাদের সমস্যাগুলোও ভিন্ন। তবে এ ক্ষেত্রে অবশ্যই একজন বিশেষ শিশুর অভিভাবককে একটি কার্যকর বিদ্যালয় খুঁজে নিতে হবে। কারণ, সব বিদ্যালয় সব শিশুর উপযোগী সেবা দিতে পারে না। বিশেষ শিশুদের সঠিক পরিবেশে সমভাবে বেড়ে ওঠা এবং প্রতিভা বিকাশে সাধারণ বিদ্যালয়ের পাশাপাশি বিশেষ বিদ্যালয়ের কোনো বিকল্প নেই। তাই অভিভাবক, সরকার ও সমাজের সচেতন প্রয়াসে দেশের বিশেষ বিদ্যালয়গুলোর সরকারি স্বীকৃতি ও এমপিওভুক্তির মধ্য দিয়ে অটিজমসহ বিশেষ শিশুরা পেতে পারে খানিকটা স্বাভাবিক ও সুন্দর জীবন। আমরা চাই যে আমাদের বিশেষ শিশুরা ভাবনায় ডানা মেলে আকাশে উড়ুক। প্রত্যেক বিশেষ শিশু প্রাণের কথা বলুক, প্রত্যেক বিশেষ শিশু প্রাণ খুলে হাসুক।

লেখক : প্রতিবন্ধিতাবিষয়ক গবেষক, লেখক ও উপব্যবস্থাপক (প্রশিক্ষণ), পিকেএসএফ

 

সূত্রঃ কালের কণ্ঠ