
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে। ভবিষ্যতেও নানামুখী ব্যাখ্যা-বিশ্লেষণ হবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক নিরপরাধ মানুষ হতাহত হচ্ছে। ইউক্রেনে যে ধ্বংসযজ্ঞ চলছে, তা আবার নির্মাণ করতে কয়েক দশক লেগে যাবে।
আর ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনাবলি ধ্বংস হলো, সেই ক্ষতি অপূরণীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধাপরাধী আখ্যায়িত করেছেন। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে আমরা রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধকে ব্যাখ্যা করার চেষ্টা করব।

ঐতিহাসিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায় আন্তর্জাতিক আইনকে বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা এবং এর সংরক্ষণ নিশ্চিত করার একটি উপায় হিসেবে বিবেচনা করে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার রক্ষণাবেক্ষণ সব সময়ই আন্তর্জাতিক আইনের প্রধান উদ্দেশ্য। আন্তর্জাতিক আইনে বিরোধ নিষ্পত্তির উপায় হিসেবে যুদ্ধ বা যেকোনো ধরনের শক্তি প্রয়োগ নিষিদ্ধ।
প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯২৮ সালে বৃহৎ শক্তিবর্গের মধ্যে সম্পাদিত প্যারিস চুক্তির (কেলোগ-ব্রায়ান্ড প্যাক্ট নামেও পরিচিত) মাধ্যমে সর্বপ্রথম আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যুদ্ধ নিষিদ্ধ করা হয়। এর আগে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে শান্তিপূর্ণ উপায়গুলো ব্যর্থ হলে চূড়ান্ত ব্যবস্থা হিসেবে আন্তর্জাতিক আইনে যুদ্ধ বা শক্তির প্রয়োগ নিষিদ্ধ ছিল না। এমনকি ১৯২০ সালে জাতিপুঞ্জ (লীগ অব নেশনস) গঠনের পরও শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির বাধ্যবাধকতা সত্ত্বেও শান্তিপূর্ণ উপায়গুলো কাঙ্ক্ষিত ফল না দিলে শেষ উপায় হিসেবে যুদ্ধ বা শক্তির প্রয়োগ নিষিদ্ধ ছিল না। যুদ্ধ নিষিদ্ধ করে ১৯২৮ সালে প্যারিস চুক্তি সম্পাদনের ১০ বছরের মধ্যেই নাৎসিবাদ ও ফ্যাসিবাদ বিশ্বের ওপর ভয়াবহতম দ্বিতীয় বিশ্বযুদ্ধ চাপিয়ে দেয়। এই যুদ্ধের পর প্রতিষ্ঠিত জাতিসংঘ সনদের প্রধান উদ্দেশ্যই হচ্ছে যুদ্ধ পরিহার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা। সনদে আন্তঃরাষ্ট্রীয় বিরোধের নিষ্পত্তির উপায় হিসেবে যেকোনো ধরনের শক্তির প্রয়োগ নিষিদ্ধ করা হয়। বিরোধের শান্তিপূর্ণ মীমাংসার জন্য রাষ্ট্রগুলোর ওপর আইনগত দায়িত্ব সৃষ্টি করা হয়। বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে শক্তি প্রয়োগের নিষিদ্ধতা ও বিরোধগুলোর শান্তিপূর্ণ মীমাংসা আধুনিক আন্তর্জাতিক আইনের দুটি অবশ্য পালনীয় মৌল বিধি।
আধুনিক আন্তর্জাতিক আইনে শান্তিপূর্ণ মীমাংসাই হচ্ছে রাষ্ট্রে রাষ্ট্রে বিরোধ নিষ্পত্তির একমাত্র বৈধ পন্থা। যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন মারণাস্ত্রের ভয়াবহতা বৃদ্ধির ফলে বিরোধের শান্তিপূর্ণ সমাধানের বিষয়টি আরো জরুরি হয়ে পড়েছে। জাতিসংঘ সনদের ষষ্ঠ অধ্যায়ে বিরোধের শান্তিপূর্ণ মীমাংসার পন্থা ও পদ্ধতি বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। সনদের ৩৩ অনুচ্ছেদে বিরোধের পক্ষগুলোকে আলোচনা, অনুসন্ধান, মধ্যস্থতা, আপস, সালিস, বিচার বিভাগীয় মীমাংসা, আঞ্চলিক সংস্থা বা আঞ্চলিক ব্যবস্থার সাহায্য গ্রহণের মাধ্যমে বা অন্য যেকোনো শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মীমাংসা করতে বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এসব পদ্ধতি অবলম্বনে নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের ভূমিকার কথাও সনদে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। জাতিসংঘ প্রতিষ্ঠার পর কোনো বিশ্বযুদ্ধ সংঘটিত না হলেও গত সাড়ে সাত দশকেরও বেশি সময়ে অনেক স্থানীয় ও আঞ্চলিক যুদ্ধ কিংবা ব্যাপক সশস্ত্র সংঘর্ষ সংঘটিত হয়েছে। শতাধিক রাষ্ট্রের অংশগ্রহণে শত শত যুদ্ধ বা ব্যাপক সশস্ত্র সংঘর্ষ সংঘটিত হয়েছে এই সময়ে। উদাহরণস্বরূপ, কোরীয় যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, আরব-ইসরায়েল যুদ্ধ, ভারত-পাকিস্তান যুদ্ধ, রুয়ান্ডা-বুরুন্ডি সংঘর্ষ, ইরাক যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ, সিরিয়া যুদ্ধ ও ইয়েমেন যুদ্ধের কথা উল্লেখ করা যেতে পারে।
আন্তর্জাতিক আইনে, বিশেষ করে জাতিসংঘ সনদে কোনো রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রে সামরিক শক্তি প্রয়োগ দূরে থাক, শক্তি প্রয়োগের হুমকি প্রদর্শনও নিষিদ্ধ। এতৎসত্ত্বেও সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের মনগড়া ব্যাখ্যা করে রাষ্ট্রগুলো হামেশাই যুদ্ধ কিংবা ব্যাপক সশস্ত্র সংঘর্ষে জড়াচ্ছে। জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদে রাষ্ট্রগুলোকে আত্মরক্ষার অধিকার প্রদান করেছে। জাতিসংঘের কোনো সদস্যের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ ঘটলে আক্রান্ত রাষ্ট্র এককভাবে বা যৌথভাবে আত্মরক্ষার অন্তর্নিহিত অধিকার প্রয়োগ করতে তথা শক্তি প্রয়োগ করতে পারবে। তবে আত্মরক্ষার এই অধিকারকে নিজেদের মতো করে ব্যাখ্যা করার মাধ্যমে আন্তর্জাতিক আইনে বিতর্কিত ও বিপজ্জনক নানা তত্ত্বের আবির্ভাব হয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আগাম আক্রমণ (Preemptive attack), প্রতিরোধ যুদ্ধ (Preventive war), অক্ষম ও অনিচ্ছা নীতি (Unable and unwilling test), বুশ মতবাদ (Bush doctrine) ইত্যাদি।
আগাম আক্রমণ হলো এমন একটি যুদ্ধ বা আক্রমণ, যেখানে একটি দেশ অন্য কোনো দেশ বা গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয় যদি কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিরুদ্ধে প্রকৃত হুমকি তৈরি করে। উদ্দেশ্য হলো কোনো রাষ্ট্র বা গোষ্ঠী হামলার সুযোগ পাওয়ার আগেই হুমকি বন্ধ করা। এটি যুদ্ধ প্রতিরোধের একটি পুরনো দর্শন বলে অনেকে মনে করেন। চীনের দার্শনিক জেনারেল সান জুর মতবাদ হলো, শত্রু যাতে আক্রমণ না করতে পারে তা নিশ্চিত করার জন্য অগ্রিম যুদ্ধ বৈধ। তবে আগাম আক্রমণের মাধ্যমে আত্মরক্ষার নীতিটি প্রতিষ্ঠিত হয়েছে ক্যারোলিন ঘটনার পরিপ্রেক্ষিতে। কানাডার স্বাধীনতা আন্দোলনকে কেন্দ্র করে ১৮৩৭ সালে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে কূটনৈতিক সংকট সৃষ্টি হয়, যা দুটি রাষ্ট্রকে যুদ্ধের দ্বারপ্রান্তে উপনীত করেছিল।
উইলিয়াম লিয়ন ম্যাকেঞ্জি এবং অন্যান্য কানাডিয়ান মুক্তিযোদ্ধা মার্কিন নাগরিকদের সমর্থনে ক্যারোলিন নামক মার্কিন জাহাজে করে নায়াগ্রা নদীর একটি দ্বীপে পালিয়ে যান। ব্রিটিশ বাহিনী নায়াগ্রা নদী অতিক্রম করে মার্কিন ভূখণ্ডে অবস্থান করা জাহাজটি দখল করে। দুই পক্ষে গোলাগুলি হয় এবং একজন মার্কিন নাগরিকসহ দুজন নিহত হন। ব্রিটিশ বাহিনী ক্যারোলিনে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনাটি আন্তর্জাতিক রাজনীতিতে ‘আগাম আত্মরক্ষা’ নীতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আত্মরক্ষার্থে উনিশ শতকে প্রতিষ্ঠিত আগাম আক্রমণের এই ক্যারোলিন নীতিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপরাধীদের বিচারের জন্য স্থাপিত ন্যুরেমবার্গ ট্রাইব্যুনাল দ্বারা নিশ্চিত করা হয়েছে। তবে এই নীতি প্রয়োগের শর্ত হিসেবে ন্যুরেমবার্গ ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছে, আত্মরক্ষার প্রয়োজনে আগাম আক্রমণের প্রয়োজনীয়তা অবশ্যই ‘তাত্ক্ষণিক, অপ্রতিরোধ্য এবং অন্য কোনো উপায়বিহীন হতে হবে এবং আলোচনার মাধ্যমে মীমাংসার কোনো সুযোগ নেই এমন হতে হবে। ’
প্রতিরোধমূলক যুদ্ধ হলো এমন একটি যুদ্ধ, যেখানে একটি দেশ অন্যকে আক্রমণ করে, যাতে তাদের যুদ্ধ করার ক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়। জাতিসংঘের সনদের ৫১ অনুচ্ছেদে বলা হয়েছে, যদি কোনো রাষ্ট্র সশস্ত্র আক্রমণের শিকার হয়, তবে সেই রাষ্ট্র এককভাবে বা যৌথভাবে আত্মরক্ষার অধিকার হিসেবে শক্তি প্রয়োগ করতে পারবে। কিন্তু তথাকথিত প্রতিরোধযুদ্ধে আক্রান্ত হওয়ার আগেই কোনো রাষ্ট্র সম্ভাব্য হুমকি মোকাবেলায় অন্য রাষ্ট্র আক্রমণ করতে পারে। বুশ মতবাদ আরো এক ধাপ এগিয়ে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র যেকোনো জাতি বা গোষ্ঠীকে আক্রমণ করতে পারে, যারা ভবিষ্যতে তাদের আক্রমণ করতে পারে। এমনকি বর্তমানে তাদের এই সামরিক সক্ষমতা না থাকলেও আক্রমণ করা যাবে। কোনো সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী অন্য রাষ্ট্রের জন্য হুমকি সৃষ্টি করলে সেই অরাষ্ট্রীয় সন্ত্রাসী গোষ্ঠীর সম্ভাব্য হুমকি মোকাবেলায় আত্মরক্ষার্থে কোনো রাষ্ট্রে আগাম আক্রমণ করা যাবে কি?
এ বিষয়ে আন্তর্জাতিক আইনের উদীয়মান বিতর্কিত নীতি হলো, কোনো রাষ্ট্র এরূপ সন্ত্রাসী গোষ্ঠীর কার্যকলাপের জন্য দায়ী হলে অরাষ্ট্রীয় সন্ত্রাসী গোষ্ঠীর কাজের জন্য সেই রাষ্ট্রের বিরুদ্ধে আগাম আক্রমণ বা প্রতিরোধ যুদ্ধ করা যাবে। তবে শর্ত হলো, আত্মরক্ষার্থে আগাম আক্রমণের আগে আক্রমণকারী রাষ্ট্রকে দেখাতে হবে, যে রাষ্ট্রে এরূপ সন্ত্রাসী গোষ্ঠী অবস্থিত, সেই রাষ্ট্র এই সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়ন্ত্রণ বা দমন করতে অক্ষম ও অনিচ্ছুক। আন্তর্জাতিক আদালত ‘কনস্ট্রাকশন অব এ ওয়াল’ মামলা এবং ‘আর্মড অ্যাক্টিভিটিজ অন দ্য টেরিটরি অব দ্য কঙ্গো’ মামলায় অভিমত দেন যে অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় সেই রাষ্ট্রের ওপর আরোপ করা উচিত, যে রাষ্ট্রের অভ্যন্তরে থেকে তারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। এর ফলে সন্ত্রাসী গোষ্ঠীর সম্ভাব্য হুমকি মোকাবেলা করতে আক্রান্ত রাষ্ট্র সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান করা রাষ্ট্রে আগাম আক্রমণ করে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবে। এই নীতি প্রয়োগ করে ২০১৬ সালে ভারত পাকিস্তানের অভ্যন্তরে সার্জিক্যাল অ্যাটাক এবং ২০১৯ সালে বালাকোটে বিমান হামলা চালিয়েছে।
আধুনিক আন্তর্জাতিক আইনের আওতায় আত্মরক্ষার্থে আগাম আক্রমণের প্রথম ঘটনা ঘটিয়েছে ইসরায়েল। ১৯৬৭ সালে ইসরায়েল মিসর কর্তৃক কোনো আক্রমণ ব্যতিরেকেই মিসর আক্রমণ করেছিল, যা ছয় দিনের যুদ্ধ নামে পরিচিত। সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে এই অজুহাতে যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণ করেছে। ইরাক আক্রমণের অজুহাত সৃষ্টি করতে গণবিধ্বংসী অস্ত্রের গল্প যে বানানো হয়েছে, তা পরবর্তী সময়ে প্রমাণিতও হয়েছে। আল-কায়েদা, আইএসসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী পশ্চিমাদের জন্য হুমকি এই ধোয়া তুলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমারা আফগানিস্তান, সিরিয়াসহ অনেক দেশ আক্রমণ করে লাখ লাখ মানুষকে হত্যা করেছে। এমনকি তথাকথিত গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার নামেও পশ্চিমারা দেশে দেশে যুদ্ধ চাপিয়ে দিয়েছে। এরই ধারাবাহিকতায় রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে।
ন্যাটো ও যুক্তরাষ্ট্র ইউক্রেন সামরিক বাহিনীকে বছরের পর বছর প্রশিক্ষণ দিয়েছে। যুক্তরাষ্ট্র ইউক্রেনে জীবাণু অস্ত্রের পরীক্ষাগার গড়ে তুলেছে। ইউক্রেনকে ন্যাটোর সদস্য পদ দিয়ে রাশিয়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলতে চায় পশ্চিমারা। রাশিয়া বলছে, ইউক্রেন ক্রমাগত সামরিক শক্তি বৃদ্ধি করায় ও ইউক্রেনের শাসক পশ্চিমাদের হাতের পুতুল হওয়ায় এটি রাশিয়ার জন্য মারাত্মক নিরাপত্তা হুমকি সৃষ্টি করেছে। তাই রাশিয়া মনে করে, আত্মরক্ষার্থে সম্ভাব্য হুমকি মোকাবেলায় ইউক্রেনের বিরুদ্ধে আগাম আক্রমণ বা প্রতিরোধ যুদ্ধ জরুরি। অন্যদিকে ইউক্রেনের নির্যাতন থেকে দোনেত্স্ক ও লুহানস্কের জনগণের মানবাধিকার রক্ষার জন্যও ইউক্রেনের সামরিক সক্ষমতা ধ্বংস করা জরুরি। অন্যদিকে তথাকথিত মানবাধিকার রক্ষার নামে পশ্চিমারা যেমন সামরিক শক্তি প্রয়োগ করে মিসরে হুসনি মোবারক ও লিবিয়ার গাদ্দাফিকে অপসারণ করেছে, তেমনি ইউক্রেনের নির্যাতন থেকে দোনেত্স্ক ও লুহানস্কের জনগণের মানবাধিকার রক্ষার জন্যও ইউক্রেনের সরকারকে অপসারণ করা উচিত বলে রাশিয়া মনে করে।
আত্মরক্ষার্থে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমাদের আগাম আক্রমণ বা প্রতিরোধ যুদ্ধ যদি বৈধ হয়, যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট পশ্চিমা রাষ্ট্র ও সরকারপ্রধানরা যদি যুদ্ধাপরাধী না হন, তাহলে রাশিয়ার ইউক্রেন আক্রমণ কিভাবে অবৈধ বলা যাবে কিংবা পুতিনকে যুদ্ধাপরাধী আখ্যায়িত করা যাবে?
লেখক : অধ্যাপক, আইন বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
zhossain1965@gmail.com
সূত্রঃ কালের কণ্ঠ









