সদ্য প্রকাশিত
রাজনীতি

তৃণমূলে কোন্দল মেটানোই এখন আ. লীগের চ্যালেঞ্জ

নিউজ ডেস্ক২৮ জানুয়ারি ২০১৭৪ মিনিট পড়া
তৃণমূলে কোন্দল মেটানোই এখন আ. লীগের চ্যালেঞ্জ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব-বিরোধ-অন্তর্কোন্দল দৃশ্যমান হয়েছে। এমন পরিস্থিতি নিরসন ও  দলকে নির্বাচনমুখী করতে সাংগঠনিক সফর শুরু করেছেন জ্যেষ্ঠ নেতারা।

 

আওয়ামী লীগের অনেক নেতা মনে করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনপ্রিয়তার চেয়ে দলীয় কোন্দল মেটানোটাই বেশি  জরুরি। ফেব্রুয়ারি থেকেই এ লক্ষ্যে সফর শুরু করতে যাচ্ছেন তাঁরা।

 

গত বছরের ২২-২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলেনের পর ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয় জেলা পরিষদ নির্বাচন।  সে নির্বাচনের ফলাফল থেকে দলটির অভ্যন্তরীণ দ্বন্দ্ব অনেকটাই স্পষ্ট।

 

৬৩ জেলার ২৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতা ও  ২১টিতে প্রতিদ্বন্দিতা করে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হন। ১৪টিতে আওয়ামী লীগের পদ-পদবিধারী নেতারা দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন।

দলটির সাংগঠনিক সম্পাদকদের দেওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যে পাবনা, নাটোর, মুন্সীগঞ্জ, কুমিল্লা, বান্দরবান, টাঙ্গাইল, নরসিংদী, ঝিনাইদহ, মেহেরপুর, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও সিরাজগঞ্জ জেলাকে বিরোধপূর্ণ এলাকা বলে চিহ্নিত করা হয়েছে।

 

সেই তথ্য থেকে আরো জানা যায়, এসব জেলায় কোথাও কোথাও ত্রিধারায়, আবার দুইধারায় রাজনীতি চলছে। এই বিভক্তির বেশির ভাগই পদ-পদবি ধরে রাখা, সুবিধাভোগী সুবিধাবঞ্চিত থাকা ও ব্যক্তিগতস্বার্থ সংশ্লিষ্ট বিরোধ থেকে সৃষ্টি হয়েছে।

 

সম্প্রতি চট্টগ্রামের এক অনুষ্ঠান শেষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘দলের অভ্যন্তরীণ সমস্যা সমাধান করে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যেই এই বৈঠক করা হয়। নির্বাচনের মাত্র দুই বছর বাকি। আমরা আমাদের নিজেদের ভেতরের সমস্যাগুলো সমাধান করে ফেলতে চাই।’

 

‘আগামী তিন মাসের মধ্যে আমরা পার্টির অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধান করব। আগামী ছয় মাসের মধ্যে আমাদের যেসব সহযোগী সংগঠনগুলোর সম্মেলন হয়নি সেগুলো করে ফেলব। নির্বাচনের জন্য আমরা অলআউট প্রিপারেশনে যাচ্ছি। চট্টগ্রাম দিয়ে এ যাত্রা শুরু করলাম।’

 

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ‘অন্তর্দ্বন্দ্ব মিটিয়ে দলকে নির্বাচনীমুখী করতে সব বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সংশ্লিষ্টরা দায়িত্ব পালন করবেন। তাঁরা ইতিমধ্যে মাঠে নেমেছেন এবং পর্যায়ক্রমিকভাবে এ কাজ চলবে। আমাদের বিশ্বাস দলের মধ্যে সম্প্রতি ফিরিয়ে এনে আওয়ামী লীগ জনগণের সম্মতি নিয়ে পুনরায় ক্ষমতায় আসবে।’

 

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের তৃণমূলের দ্বন্দ্ব নিরসন ও দলকে নির্বাচনমুখী করার অভিপ্রায়ে পুরো জানুয়ারি মাস আমরা পর্যবেক্ষণ করেছি। সে অনুযায়ী ফেব্রুয়ারি মাস থেকে আমরা সারা দেশে সাংগঠনিক সফরে যাচ্ছি। প্রত্যেক এলাকার সংকট চিহ্নিত করে তা সমাধানের জন্য সাংগঠনিক ভাবে আওয়ামী লীগ কাজ করবে।’

 

দলের ভেতরে বিভক্তি নিয়ে কেন্দ্রীয় নেতাদের উপলব্ধি বাস্তবেও লক্ষ করা গেছে। সম্প্রতি অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্থানীয় নেতাদের মধ্যে দ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠতে দেখা যায়। স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান ও নবনির্বাচিত মেয়র ডা সেলিনা হায়াৎ আইভীর দ্বন্দ্বকে কেন্দ্র করে দফায় দফায় বৈঠক ও কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ বিরোধের বিষয়টিকে স্পষ্ট করে তোলে। নির্বাচনে জয়ী হওয়ার পর শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে শুরু সব ধরনের আনন্দ আয়োজন ও মতবিনিময় অনুষ্ঠানে শামীম ওসমানের অনুপস্থিতি বেশ লক্ষ্যণীয় ছিল।

 

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার নাসিনগরে হিন্দুদের ওপর হামলার কারণ হিসেবে স্থানীয় আওয়ামী লীগের নেতৃত্বের দ্বন্দ্ব ফুটে উঠেছিল। ওই ঘটনার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আঁখিকেই দায়ী করেছিলেন সবাই। দলীয় সূত্র থেকে জানা গেছে, ওই ঘটনার মূলে ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি র আ ম উবাইদুল মুক্তাদির এবং মৎস্য  ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের দ্বন্দ্ব।

 

শুধু ব্রাহ্মবাড়িয়ায় নয়, দেশের অন্য জেলাগুলোতেও এমন চিত্র দেখা যায়। জেলা পরিষদকে কেন্দ্র করে দ্বন্দ্ব ফুটে উঠেছে পাবনায়। পাবনা জেলা আওয়ামী সভাপতি শামসুর রহমান ডিলুর সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরোধের জের ধরেই ডিলুর মেয়ে জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হয়ে পরাজিত হন।

 

পাবনার পাশ্ববর্তী এলাকা সিরাজগঞ্জের সাংসদ হাবিবে মিল্লাদ মুন্নাকে স্থানীয় যুবলীগ নেতার হত্যার হুমকি  সেখানকার স্থানীয় রাজনীতিতে বিভক্তির চিত্র তুলে ধরে।

 

এদিকে নেত্রকোনা সদরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সাংসদ আরিফ খান জয়ের অসদাচরণে বারবার জাতীয় দৈনিক ও টিভির খবরের শিরোনাম হয়েছে। এর ফলে নেত্রকোনা সদরে রাজনীতির অন্তর্দ্বন্দ্ব স্পষ্ট হয়। এ ছাড়া, জেলার অন্যান্য আসনে অন্তর্দ্বন্দ্বকে কেন্দ্র করে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়।

 

কুমিল্লা জেলা আওয়ামী লীগের দ্বন্দ্ব মেটাতে দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল সেখানে গিয়েছিলে। তবে দ্বন্দ্ব মেটানোর বিষয়টি এখনো অস্পষ্ট।

 

এ রকম দৃশ্যমান-অদৃশ্য দ্বন্দ্ব প্রায় সব এলাকাতেই রয়েছে। দ্বন্দ্ব ও অন্তর্কোন্দল মেটাতে এবার তৎপর হয়েছেন কেন্দ্রীয় নেতারা। এরই অংশ হিসেবে আগামী রবিবার রংপুরে বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে অংশ নেবেন দলের সাধারণ সম্পাদক ওয়বায়দুল কাদের। এর আগে খুলনায় প্রতিনিধি সম্মেলনে অংশ নেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

সূত্র: এনটিভি