
৫০ বছর পর হলেও সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদের বিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২ জাতীয় সংসদের মাধ্যমে প্রণীত হয়েছে। আইনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগদানে মহামান্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ প্রদানের জন্য অনুসন্ধান কমিটি গঠন, অনুসন্ধান কমিটির দায়িত্ব ও কার্যাবলি, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগদানের জন্য যোগ্যতা-অযোগ্যতা সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।
অনুসন্ধান কমিটির দায়িত্ব ও কার্যাবলির বিষয়ে বলা হয়েছে, অনুসন্ধান কমিটি স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করবে এবং এই আইনে বর্ণিত যোগ্যতা, অযোগ্যতা, অভিজ্ঞতা, সততা ও সুনাম বিবেচনা করে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নিয়োগদানের জন্য রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম (প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগদানের উদ্দেশ্যে প্রতিটি শূন্যপদের বিপরীতে রাষ্ট্রপতির কাছে দুজন ব্যক্তির নাম) সুপারিশ করবে। রাষ্ট্রপতি সেখানে একজন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চারজন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন।

অনুসন্ধান কমিটি গঠনের ১৫ কার্যদিবসের মধ্যে ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
সদ্যঃপ্রণীত আইনটিতে অনুসন্ধান কমিটি কর্তৃক মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নাম সুপারিশ করার ক্ষেত্রে রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠনের কাছ থেকে নাম আহবান করার বিধানও রাখা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, আইনটি পাসের আগে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাতীয় পার্টির পীর ফজলুর রহমান, রওশন আরা মান্নান, কাজী ফিরোজ রশীদ, মুজিবুল হক ও ফখরুল ইমামের একাধিক সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এমনকি বিলের শিরোনামও পরিবর্তন করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২-এর বিধান অনুযায়ী গঠিত ছয় সদস্যের অনুসন্ধান কমিটি অত্যন্ত তৎপরতার সঙ্গে রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠনের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে। তাদের পরামর্শ শুনেছে এবং তাদের কাছ থেকে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে নামের প্রস্তাব গ্রহণ করেছে। ব্যক্তি পর্যায় থেকেও নামের প্রস্তাব গ্রহণ করেছে। স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করে বিভিন্ন রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠনের কাছ থেকে প্রস্তাবিত নাম অনুসন্ধান কমিটি প্রকাশ করেছে, যা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হয়েছে। সুধীসমাজের সঙ্গে বৈঠকের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার স্বার্থে এদিক-ওদিক দুই দিক থেকেই প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে।
অনুসন্ধান কমিটি ১০ জনের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে পাঠাবে। রাষ্ট্রপতি সেখান থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগদান করবেন। প্রশ্ন হলো, নির্বাচন কমিশন গঠনের পর কী হবে? বিএনপি ও তাদের মিত্ররা নির্বাচন কমিশন গঠনকে কেন্দ্র করে দুই ফ্রন্টে খেলার কৌশল অবলম্বন করেছে। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে বিএনপিসহ মিত্রদের একাংশ অংশগ্রহণ করেনি। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২ প্রণয়নের সময় জাতীয় সংসদের আলোচনায় বিএনপির প্রভাবশালী সংসদ সদস্য রুমিন ফারহানা অংশ নিয়েছেন। আইনের বিধান অনুযায়ী অনুসন্ধান কমিটি ঘোষণার পর বিএনপি ঘোষণা দিয়েছে, এই অনুসন্ধান কমিটি ‘আওয়ামী খাস কমিটি’। এই অনুসন্ধান কমিটি তারা মানে না। ক্ষমতাসীন সরকারের পতন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘নিরপেক্ষ সরকারের’ অধীনে অনুষ্ঠানই তাদের লক্ষ্য। সরকার পতনে তাই ঐকমত্য সৃষ্টি করতে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপি আনুষ্ঠানিক মতবিনিময় শুরু করতে যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে এরই মধ্যে তিনটি টিমও গঠন করেছে বিএনপি।
অন্যদিকে বিএনপির সুধী ফ্রন্ট বেশ তৎপর। অনুসন্ধান কমিটির সঙ্গে বৈঠকে তারা বক্তব্য উপস্থাপন করছে, অনুসন্ধান কমিটিকে কী নসিহত করেছে পত্রিকায় তার বয়ানও প্রকাশ করছে। বিএনপির সুধী ফ্রন্ট কিছু ব্যক্তিকে টার্গেট করে আছে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগদানের জন্য। এরই মধ্যে কয়েকজনের নামও প্রকাশ করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতির ঘোষণার পর যদি দেখা যায় ওই সব ব্যক্তির নাম নেই, তখন সুধীরা বিএনপির হার্ডলাইনকে সমর্থন করতে শুরু করবেন বলেই প্রতীয়মান হয়। এমন বাস্তবতায় মহামান্য রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন গঠন করবেন তার ভবিষ্যৎ কী হতে যাচ্ছে?
বিএনপির দাবি ‘নিরপেক্ষ সরকারের’ অধীনে নির্বাচন হতে হবে। বাঙালির প্রতি অতল ভালোবাসায় ও বাঙালির সবটুকু কল্যাণের নিমিত্তে একবারের জন্য পাওয়া জীবনের সব ব্যক্তিগত সাধ-আহ্লাদকে দুই পায়ে দলে বঙ্গবন্ধু তাঁর সংক্ষিপ্ত জীবনের চার ভাগের এক ভাগ কারাগারে কাটিয়েছেন, পরিবারের সুখ-স্বপ্নকে বিসর্জন দিয়েছেন। জেল-জুলুম, অত্যাচার, নিপীড়ন—সবই হাসিমুখে সয়েছেন বাঙালির জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে। ফাঁসির রজ্জু মাথার ওপর ঝুলেছে, বুলেট তাড়া করেছে। কিন্তু কোনো কিছুই বাংলা ও বাঙালির প্রতি বঙ্গবন্ধুর অদম্য ভালোবাসার পথে বাধা হতে পারেনি। বঙ্গবন্ধুর অঙ্গুলি হেলনে লাখ লাখ বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, জীবন দিয়েছেন, নানাভাবে আত্মোৎসর্গ করেছেন। সেই বঙ্গবন্ধুকে নিয়ে যখন বিতর্ক সৃষ্টি করা হয়েছে, তাহলে কে আছে নিরপেক্ষ, সবার কাছে গ্রহণযোগ্য?
উচ্চ আদালতের রায়ে অনির্বাচিত সরকার সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার পর কিভাবে নির্দলীয় সরকার গঠিত হবে? তাত্ত্বিকভাবে যদি ধরে নিই, উচ্চ আদালতের রায় বিশেষ বিবেচনায় রিভিউ করে তত্ত্বাবধায়ক সরকার আবার চালু করা হলো। প্রশ্ন হলো, কয় মেয়াদে আমাদের ভয়ংকর বিভেদের একে অপরকে হনন করার জিঘাংসার রাজনীতির ইতি ঘটবে? কাদের নিয়ে গঠিত হবে নির্দলীয়, অনির্বাচিত সরকার? সংবিধানের একাদশ সংশোধনীর মাধ্যমে উচ্চ আদালতের অবসারপ্রাপ্ত বিচারকদের নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের যে আইন করা হয়েছিল, তাতে উচ্চ আদালতে যে ভূমিকম্প হয়েছিল, চর দখলের মতো রাজনৈতিক দলগুলোর উচ্চ আদালত দখলের যে পাঁয়তারা শুরু হয়েছিল, সেই অভিজ্ঞতা কি আমরা ভুলে গিয়েছি?
বিচার বিভাগ কিংবা তার স্থলে অন্য কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে যুক্ত করে তা ধ্বংস করার বিনিময়ে কি আমরা রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার ঝুঁকি নেব? অনুসন্ধান কমিটির বিচারপতি, প্রাতিষ্ঠানিক প্রধানসহ অন্য সদস্যদের যেভাবে সমালোচনা করা হয়েছে, তা কি তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে হবে না?
সরকার আর বিরোধী দলের ঐকমত্যের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের সুস্পষ্ট বিধান আছে পাকিস্তানের সংবিধানে। সংবিধানের ৫৬৭ নম্বর অনুচ্ছেদের ২(এ) ও ২(বি)-তে বলা আছে, কিভাবে সরকার আর বিরোধী দলের ঐকমত্যের মাধ্যমে এবং সংসদে শুনানির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হবে। অন্যদিকে ভারতের নির্বাচন কমিশনে নিয়োগের জন্য কোনো আইন নেই। তা সত্ত্বেও নির্বাচনের মান আর বিশ্বাসযোগ্যতা নিয়ে করা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইলেকটোরাল ইন্টিগ্রিটি প্রজেক্টে ভারতের স্কোর ৫৯ আর পাকিস্তানের ৪৭।
নির্বাচন তথা রাজনৈতিক গণতন্ত্রসহ নানা ক্ষেত্রে আমাদের অনেক ঘাটতি সত্ত্বেও নজিরবিহীন চড়া মূল্যে পাওয়া আমাদের রাষ্ট্রটি অনেক দূর এগিয়েছে। যেতে হবে বহুদূর। তাই আর সংঘাত নয়, সমঝোতায় বসুন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনের সম্ভাব্য অনিয়ম ও ত্রুটিবিচ্যুতির ফাঁকফোকর বন্ধ করতে প্রয়োজনীয় পরামর্শ তুলে ধরুন, বিধি প্রণয়ন করুন।
নুরুল হুদা কমিশন নিয়ে নানা বিতর্ক সত্ত্বেও নারায়ণগঞ্জে রক্তপাতহীন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। নারায়ণগঞ্জ বাংলাদেশের বাইরে নয়। নারায়ণগঞ্জের জনগণও বাংলাদেশের সাধারণ জনগোষ্ঠী থেকে ভিন্ন নয়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে এটা স্পষ্ট যে সব কিছু শেষ হয়ে যায়নি। নারায়ণগঞ্জের নির্বাচনের পুনরাবৃত্তি তথা অবাধ, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান অসম্ভব নয়। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব অংশীজনের দায়িত্বশীল আচরণ গুরুত্বপূর্ণ। শুধু এক পক্ষ তথা নির্বাচন কমিশন চাইলেই পুরো নির্বাচনটি অর্থবহ হয়ে ওঠে না। দলগুলো কোনো বিতর্কিত, সন্ত্রাসী, দুর্নীতিবাজ ব্যক্তিকে মনোনয়ন না দিয়ে যদি জনবান্ধব, সৎ, বিচক্ষণ নেতাদের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়, তখন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বপ্ন পূরণ হয় বৈকি।
পৃথিবীর অল্প কয়েকটি দেশে স্বতন্ত্র ও স্বাধীন নির্বাচন কমিশন রয়েছে। এর মধ্যে যেসব দেশের নির্বাচন কমিশনকে সাংবিধানিক স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে এমন দেশের সংখ্যা একেবারেই হাতে গোনা। বাংলাদেশের নির্বাচন কমিশন স্বল্পসংখ্যক সাংবিধানিক স্বাধীনতার নিশ্চয়তাপ্রাপ্ত কমিশনের অন্যতম।
সংবিধানের ১১৮(৪) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন এবং কেবল এই সংবিধান ও আইনের অধীন হইবেন। ’ এর মানে নির্বাচন কমিশন কোনো ব্যক্তির ইচ্ছা, আদেশ কিংবা আকাঙ্ক্ষার অধীন নয়। কমিশনের দায়িত্বশীলতা কেবল আইন ও সংবিধানের কাছে। অন্যদিকে কমিশনের স্বাধীনতা নিশ্চিত করতে তথা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে সংবিধানের ১২৬ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য হইবে। ’ নির্বাচন কমিশন যদি দৃঢ়তার সঙ্গে সংবিধান প্রদত্ত তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারে, তাহলে এই কমিশন কার্যকর নির্বাচন কমিশন হিসেবে দেশে-বিদেশে আস্থা অর্জন করতে সক্ষম হবে, আশা করা যায়।
লেখক : অধ্যাপক, আইন বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
zhossain1965@gmail.com
সূত্রঃ কালের কণ্ঠ









