সদ্য প্রকাশিত
মতামত

নিয়ন্ত্রিত কথোপকথন

নিউজ ডেস্ক২২ ফেব্রুয়ারি ২০২২৫ মিনিট পড়া
নিয়ন্ত্রিত কথোপকথন

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগ থেকে ‘অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২’ জারি করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় এই বিধিমালাটি করা হচ্ছে। নতুন আইনে বলা হচ্ছে, কোথাও কমপক্ষে ১০০ জন সরকারি অনুমোদন নেওয়া মদ্যপায়ী থাকলে সেখানে অ্যালকোহল বিক্রির লাইসেন্স দেওয়া হবে। অর্থাৎ একটি মহল্লায় যদি ১০০ জন লাইসেন্সধারী মদ্যপায়ী থাকেন, তবে সেই এলাকায় একটি শুঁড়িখানা স্থাপন করার অনুমতি মিলবে।

যদি এমন কিছু হয়, তবে বাংলাদেশের সামাজিক পরিবেশ বদলে যেতে পারে। সেই সঙ্গে মিলিয়ন ডলারের প্রশ্ন হলো, সরকারের এমন উদার সিদ্ধান্তের পেছনে জনহিতকর উদ্দেশ্য কতটা প্রয়োজনীয়, তা খতিয়ে দেখা।

এই নতুন আইনের পাশাপাশি দেখতে পাই ‘ডিজিটাল, সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন রেগুলেশন, ২০২১’ নামের আরেকটি প্রবিধানের খসড়া চূড়ান্ত হয়েছে। সেখানে উল্লেখ করে বলা হচ্ছে, বিধি লঙ্ঘনকারী কোনো বার্তা আদান-প্রদান করলে আদালত ও বিটিআরসির নির্দেশ সাপেক্ষে সংশ্লিষ্ট বার্তা প্রথম যিনি দিয়েছিলেন, তাঁকে শনাক্ত করে দিতে হবে। প্রথম ব্যক্তি যদি দেশের বাইরে অবস্থান করেন, তবে দেশে যিনি অবস্থান করবেন, তিনি ‘প্রথম’ বলে অভিযুক্ত হবেন।

বোঝা যায়, ডিজিটাল অ্যাক্ট সম্ভবত যথেষ্ট মনে হচ্ছে না সরকারপক্ষের কাছে। নতুন আইন বিরোধী মতকে আরো কঠিনভাবে দমনের কাজে ব্যবহার করা হবে, তা স্পষ্ট। এটি অবাধ ও নিরপেক্ষ গণতান্ত্রিক পরিবেশের জন্য ভালো, না মন্দ সেই আলাপ অপ্রয়োজনীয়। এর আগে এই দুই আইনের মধ্যে কোনো সূক্ষ্ম যোগসূত্র আছে কি না, তার ‘ক্রিটিক্যাল অ্যানালিসিস’ তথা তাত্ত্বিক বিশ্লেষণ করাও প্রয়োজন।

তবে অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা প্রণয়নে চরম সামাজিক বাস্তবতাকে গুরুত্ব দেওয়া হয়েছে, যার অন্যতম মূল কারণটি হচ্ছে মাদকাসক্ত যুবসমাজকে তুলনামূলক কম ক্ষতিকর পানীয়ের প্রতি আকৃষ্ট করা। নানামুখী পারিপার্শ্বিকতায় মাদকাসক্তের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি চোরাপথে প্রচুর পরিমাণ মদজাতীয় পানীয় পাচার হওয়ায় সরকার প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। তা ছাড়া পর্যটনশিল্পের প্রসারে অ্যালকোহল নীতিমালা শিথিল করার প্রয়োজন ছিল। এর বাইরেও এ দেশে অবস্থানকারী বিপুলসংখ্যক বিদেশি বিনিয়োগকারী নাগরিকদের দৈনন্দিন চাহিদার মধ্যে মদ্যপান অন্যতম। এই ‘ওপেন সিক্রেট’ পানীয় বাণিজ্যের বাজার চাহিদা যথেষ্ট।

হাজার বছরের ইতিহাসে অতীতেও মদ্যপান নির্মূল করা সম্ভব হয়নি। মদের বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছে আরো ক্ষতিকর নেশাজাতীয় বস্তু। এই বাস্তবতা ভয়াবহ।

অতীত ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাব, মোগল সম্রাটদের আমলেও উপমহাদেশে সমাজের নানা স্তরে সুরাপানের রেওয়াজ ছিল। সেই সঙ্গে অতিরিক্ত মদ্যপানের কারণে অপরাধ সংঘটিত হলে সেই অনুযায়ী শাস্তির ব্যবস্থাও ছিল, বিশেষ করে প্রথম মোগল সম্রাট বাবর, সম্রাট জাহাঙ্গীর, সম্রাট শাহজাহান কিংবা শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের জীবনীগ্রন্থে সুরাপানসংক্রান্ত অজস্র তথ্য-কাহিনির সন্ধান পাওয়া যায়। মোগল সম্রাটরা ‘আরক’ জাতীয় সুরাপানে অভ্যস্ত ছিলেন। সাধারণ জনগণের মধ্যে জনপ্রিয় ছিল চোলাই মদ।

কট্টর ভাবধারার সম্রাট আওরঙ্গজেব সুরাপানে কড়াকড়ি আরোপ করলেও তাঁর প্রধান কাজি থেকে শুরু করে আমির-অমাত্যদের সুরাপানে বিরত রাখতে ব্যর্থ হয়েছিলেন। ‘ফতোয়া আলমগীরী’র সুবাদে মদ্যপানের অপরাধে শাস্তি ভোগ করত সাধারণ প্রজারা। মদজাতীয় পানীয়ের উৎপাদন ও বিপণনে বাড়তি কর আরোপ করেও সুবিধা পাওয়া যায়নি।

আওরঙ্গজেবের মৃত্যুর পর মদ্যপানে বিধি-নিষেধ জারি থাকলেও প্রচলিত আইন শিথিল হয়ে পড়ে। আরো বেশি উন্মুক্ত হয় মদের ব্যবসা ও ব্যবহার।

বাংলাদেশে দীর্ঘদিন মদ্যপানের প্রচলিত আইনটি সময়ের প্রয়োজনে পরিবর্ধিত করার উদ্যোগটি মোগল জামানার সঙ্গে সংগতিপূর্ণ না হলেও প্রকাশ্য দিবালোকে বিষয়টি নিষ্পত্তি করার আইনটি সামাজিক দৃষ্টিকোণে সাধুবাদ পাওয়ার যোগ্য। কারণ বাস্তব সত্য হলো, সামাজিক কানুন উপেক্ষা করে এখন যারা প্রকাশ্যে মদ্যপান করবে, এত দিন তারা সবাই কমবেশি গোপনে সুরাসক্ত ছিল। এর চেয়ে বড় কথা, মদ্যপানে অভ্যস্তদের আরো বেশি ক্ষতিকারক ড্রাগসে আসক্ত হওয়ার আশঙ্কা থাকে কম।

এমনিতেই আমাদের দেশে প্রকাশ্যে ধূমপান না করার আইন থাকলেও তার প্রয়োগ নেই। একইভাবে মদ্যপানের জন্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্র থাকলেও তা প্রকাশ্যে পান করার অনুমতি মিলবে না। কিন্তু ধূমপান ও মদ্যপানের গুণগত এবং সামাজিক ট্যাবুর পার্থক্য যারা বুঝবে না, আইনের প্রয়োগ যদি সে ক্ষেত্রে কঠোর না হয়, তবে মদ্যপান নিয়ন্ত্রণ আইনের উদ্দেশ্য ব্যর্থ হতে বাধ্য। আইন প্রণেতারা নিশ্চয়ই বিষয়টি আমলে রাখবেন।

এই আইনের প্রয়োগে আমাদের স্বাস্থ্যসেবাকর্মীদের বাড়তি দায়িত্ব নিতে প্রস্তুত থাকতে হবে। অতিরিক্ত মদ্যপানের কারণে বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পেতে পারে। মদাসক্ত রোগীদের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা ও মানসিক কাউন্সেলিং হবে আগামী দিনের চিকিৎসাসেবায় বাড়তি চ্যালেঞ্জ। এই বিষয়টিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমলে নিতে হবে।

একই সঙ্গে মদ্যপানের ইস্যুটি সামাজিকভাবে স্বীকৃতি পেলে ভোক্তামহলে নানামুখী বিজ্ঞাপন-বিপণনের নতুনতর উদ্যোগ উন্মুক্ত হতে পারে। মদ্যপায়ী কোন ধরনের মদ পান করবে তার বাণিজ্যিক বিষয়টিও তখন আর গোপন থাকবে না, বিশেষ করে ওয়াইন, হুইস্কি, ভদকা, রাম কিংবা বিয়ার ইত্যাদি মদজাতীয় পানীয়ের মধ্যে কে কোনটায় আসক্ত হবে, তা নিয়েও বাজারভিত্তিক গবেষণার ক্ষেত্র প্রস্তুত হবে। যেমন—শিক্ষিত বাঙালিদের প্রিয় কবি ওমর খৈয়ামের ‘রুবাইয়াত-এ-ওমর খৈয়াম’ কাব্যগাথার পরতে পরতে আছে দ্রাক্ষা ফলের রসজাত ‘মদিরা-সুরা’র মাহাত্ম্য। তা ছাড়া হাফিজ, সাদী প্রমুখ সুফি ঘরানার কবি ঘুরেফিরে ‘লাল মদ’, যাকে রেড ওয়াইন বলা হচ্ছে—তার প্রতিই ইঙ্গিত করেছেন তাঁদের লেখায়। কারণ তখনো হুইস্কির স্বাদ আবিষ্কৃত হয়নি। চৌদ্দ শতকে হুইস্কির ফর্মুলা আবিষ্কৃত হয়।

আঁচ করা যায়, পরিবর্তিত নতুন আইনের ফলে আগামী প্রজন্মের পানীয় রুচির গতি-প্রকৃতি বদলে যেতে পারে। এটি ইতিবাচক, নাকি নেতিবাচক হবে, তা নির্ভর করবে ব্যক্তির পারিবারিক ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে। তার চেয়ে বড় বিষয়, ব্যক্তিগত অভিরুচি এবং সামাজিক দায়বদ্ধতার ওপর নির্ভর করবে ধর্মীয় অবকাঠামোগত সমাজব্যবস্থায় মদ্যপানের অনুমতি লাভের প্রভাব কতটুকু শালীনতা বজায় রাখতে পারে।

বলা ভালো, একটি আইন দিয়ে ঢেকে ফেলা হচ্ছে আরেকটি আইনকে। ধর্মীয় বিধি-নিষেধ বনাম সামাজিক ট্যাবুর বিতর্কে যত দিন আমজনতা নিমজ্জিত থাকবে, বাকস্বাধীনতাবিরোধী সচল আইনের উদ্ভট মাদকতায় সরকারের পালে হাওয়া আরো জোরদার হবে। প্রো ও অ্যান্টি সেক্যুলারদের দ্বন্দ্ব ও দৌরাত্ম্যে সরকারের পক্ষে-বিপক্ষে কথা বলার ভারসাম্যে যাঁরা হালকা হেঁচকি তুলতে চান, তাঁরাও এখন কিছু বলা বা লেখার আগে দুইবার ভাববেন।

মাদকের আইনে আছে রঙিন বিনোদনের মসলা আর টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন সম্পূর্ণ রাজনৈতিক।

স্বাভাবিক বিচার-বুদ্ধিতে বোঝা যায়, ব্যক্তিগত অভিরুচি ও মত প্রকাশের স্বাধীনতা দুটিই এখন পুঁজিবাদী রাজনীতির এখতিয়ারে।

মদ্যপান ও কথোপকথন এ দুটি ভিন্ন বিষয় সময়ের আবর্তে সামাজিক ও রাজনৈতিক দৃষ্টিতে একাধারে নিষিদ্ধ এবং নিয়ন্ত্রিত ট্যাবু হয়ে উঠবে, তা কি কেউ ভেবেছিলেন?

লেখক : তথ্যচিত্র নির্মাতা, লেখক ও চিকিৎসক

 

সূত্রঃ কালের কণ্ঠ