আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ের সমাসপাড়া গ্রামে দুই প্রতারককে আটক করেছে পুলিশে। শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) সকালে নওগাঁ জেলহাজতে তাদের প্রেরণ করা হয়েছে।
আটকরা হলেন- চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুমাড়ি ফারাজিপাড়া গ্রামের লিটন প্রমানিকের ছেলে সাকলাইন মোস্তাক (১৯)। অপরজন কুষ্টিয়া জেলার দৌলতপুর সদরের আজম আলীর ছেলে রাসেল আহম্মেদ (২৫)।

এ ব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আটককৃত দুজন দীর্ঘদিন যাবৎ প্রতারণার আশ্রয় নিয়ে সাধারণ মানুষকে ঠকাচ্ছিল। বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে তারা উপজেলার সমাসপাড়া গ্রামের সাইফুল মীরের বাড়িতে গিয়ে বিভিন্ন লোভ-লালসা দেখাতে থাকে। এসময় তার বাড়িতে জ্বিনের আছর আছে বলে এক হাজার টাকা হাতিয়ে নেয়।
ওসি আরও বলেন, এক পর্যায়ে বাড়িতে থাকা গহনাও নেয়ার কৌশল অবলম্বন করে তারা। এমতাবস্থায় বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে ছাইফুল মীরের ফুফু তার বাড়িতে বেড়াতে আসে। বেশ কিছুদিন আগে তিনি এমন প্রতারণার শিকার হয়েছে জানালে এলাকাবাসী তাদের দুজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পতারককে আটক করেন। পরে বৃহস্পতিবার রাতে সাইফুল মীর বাদী হয়ে একটি প্রতারণা মামলা দায়ের করেন। পরে শুক্রবার সকালে প্রতারক দুই জনকে নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
জি/আর









