সিল্কসিটিনিউজ ডেস্ক:
যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বগুড়ার সোনাতলা, সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।ইতিমধ্যে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে তিন লক্ষাধিক মানুষ। নিজেদের পাশাপাশি গবাদী পশু নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন বানভাসি মানুষ।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।মঙ্গলবার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের ধলিরকান্দি গ্রামে গিয়ে দেখা গেছে, প্রায় বাড়িতেই বন্যার পানি উঠেছে। কোনো কোনো বাড়িতে হাঁটু থেকে গলা সমান পানি।
কুতুবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন জানান, প্রায় ৩ সপ্তাহ ধরে ধলিরকান্দি গ্রামে বন্যার পানি ঢুকছে। এ গ্রামের প্রায় দুই হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। মঙ্গলবার পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ১০০ পরিবার আশ্রয় নিয়েছে। বুধবার সকালে আরো শতাধিক পরিবার সেখানে আশ্রয় নিয়েছে।
সারিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম জানান, উপজেলার ৯ ইউনিয়নের ৮৫ গ্রামের ৮৬ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।এদিকে সোনাতলা ও ধুনট উপজেলায় গত ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির আরো অবনিত হওয়ার খবর পাওয়া গেছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী হারুন-অর-রশিদ জানান, যমুনার পানি বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে।
সূত্র: রাইজিংবিডি









