
কেন্দ্রীয় ব্যাংকের ডলার বিক্রি বৃদ্ধি সত্ত্বেও দেড় মাস স্থির থেকে আবার বাড়ছে ডলারের দাম। গত রবিবার থেকে এক ধাক্কায় ২০ পয়সা বেড়ে ৮৬ টাকায় উঠেছে। গতকালও এই দামে ডলার কেনাবেচা হয়েছে। যদিও ব্যাংকগুলো নগদ ডলার বিক্রি করছে তিন থেকে চার টাকা বেশি দরে। ব্যাংকের বাইরে খোলাবাজার বা কার্ব মার্কেটে প্রতি ডলার ৯১ থেকে ৯২ টাকায় কেনাবেচা হয়। ডলারের দাম বাড়লে রেমিটার ও রপ্তানিকারকদের লাভ হলেও লোকসানে পড়েন আমদানিকারকরা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ২০২০ সালের জুলাই থেকে আগস্ট পর্যন্ত আন্ত ব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম ৮৪ টাকা ৮০ পয়সায় স্থিতিশীল ছিল। কিন্তু এর পর থেকে বড় ধরনের আমদানি ব্যয় পরিশোধ করতে গিয়ে ডলারসংকট শুরু হয়। নভেম্বরে ডলারের দাম এসে দাঁড়ায় ৮৫ টাকা ৮০ পয়সায়। এরপর দেড় মাস একই অবস্থানে থাকলেও চলতি বছরে প্রথমবার গত রবিবার থেকে বেড়ে দাঁড়ায় ৮৬ টাকায়, যা এ যাবৎকালের সর্বোচ্চ মূল্য।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে মহামারির সময়ও ডলারের দাম বাড়েনি। সে সময় আমদানিও কম ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় আমদানি, বিশেষ করে ভারী যন্ত্রপাতি আমদানির জন্য এলসি করতে হচ্ছে। খাদ্যপণ্য এবং শিল্পের কাঁচামাল আমদানিও বেড়েছে। এ ছাড়া করোনাভাইরাসের টিকার পেমেন্ট শোধ করতে হচ্ছে। সার্বিক বিবেচনায় সাম্প্র্রতিক সময়ে ডলারের ওপর চাপ পড়েছে।’ কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যখন বাজারে বৈদেশিক মুদ্রার সরবরাহ বেশি ছিল তখন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন সরবরাহ কমে যাওয়ায় কেন্দ্রীয় ব্যাংক বাজারের চাহিদা অনুযায়ী ডলার বিক্রি করছে। চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সব মিলিয়ে ২৫০ কোটি (২.৫ বিলিয়ন) ডলার বিভিন্ন ব্যাংকের কাছে বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশে আমদানি চাপ বেড়েছে। সে অনুযায়ী প্রবাসীদের পাঠানো আয় বা রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়েনি। ফলে আমদানি দায় পরিশোধে বাড়তি ডলার লাগছে। এতে বৈদেশিক মুদ্রা সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। যে কারণে টাকার বিপরীতে বাড়ছে ডলারের দাম। তবে বাজার স্থিতিশীল রাখতে ব্যাংকগুলোর চাহিদার বিপরীতে ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে বাজার স্থিতিশীল রাখতে ডলার কেনায় রেকর্ড গড়েছিল কেন্দ্রীয় ব্যাংক। ২০২০-২১ অর্থবছরে ব্যাংকগুলোর কাছ থেকে সব মিলিয়ে প্রায় আট বিলিয়ন (৮০০ কোটি) ডলার কেনে। এর আগে ২০১৩-১৪ অর্থবছরে ৫.১৫ বিলিয়ন ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক। গত অর্থবছরের আগে সেটিই ছিল সর্বোচ্চ ডলার কেনার রেকর্ড। চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম মাস জুলাইয়েও ২০ কোটি ৫০ লাখ ডলার কেনে আর্থিক খাতের এ নিয়ন্ত্রক সংস্থাটি।
সূত্রঃ কালের কণ্ঠ








