সদ্য প্রকাশিত
মতামত

বিশ্বাস ও সামর্থ্যের জয়

নিউজ ডেস্ক৬ জানুয়ারি ২০২২৪ মিনিট পড়া
বিশ্বাস ও সামর্থ্যের জয়

টেস্ট ক্রিকেটে নতুন অধ্যায়ের সৃষ্টি হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শিরোপা অর্জনের গৌরবে গৌরান্বিত এবং র্যাংকিংয়ে সেরা নিউজিল্যান্ডকে তাদের শক্ত কন্ডিশনে ৮ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ দল রোমাঞ্চে ভরপুর টেস্ট ম্যাচে। অর্জন করেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের খেলায় পূর্ণ পয়েন্ট। এগিয়ে গেছে সিরিজে ১-০-তে। ইংরেজি নববর্ষের শুরুতে টেস্ট ম্যাচ জয় দেশের ক্রিকেটকে শুধু অনুপ্রাণিত করেনি, অনেক প্রশ্নের উত্তরও দিয়েছে। ক্রিকেট ঘিরে নতুন করে চিন্তা-ভাবনার প্রয়োজন সৃষ্টি হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের ক্রিকেটের ভারাক্রান্ত সময়ে এই জয় শুধু একটি সাধারণ জয় নয়, এই জয়ের তাৎপর্য ও গুরুত্ব অন্য রকম। অবশ্যই জয়ের মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে, তবে ক্রিকেটীয় দৃষ্টিতে গুরুত্বপূর্ণ হলো আত্মবিশ্বাস, সামর্থ্য, জয়ের জন্য বদ্ধপরিকর, আমাদের পক্ষেও সম্ভব মনোভাব, পাশাপাশি বিভিন্ন ধরনের নেতিবাচক চিন্তা ও উদ্বিগ্নতাকে সাহসের সঙ্গে মোকাবেলা করে সময়ের দাবি পূরণ করা। ক্রিকেটাররা আস্থা অর্জনে সক্ষম হয়েছেন।

দেশের জন্য বহু কাঙ্ক্ষিত স্মরণীয় বিজয় নিশ্চিত এবং মাঠের লড়াইয়ে সাহসের সঙ্গে জাতিচরিত্রের প্রতিফলন ঘটানোর জন্য খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং টিম ম্যানেজমেন্টের সবাইকে অভিনন্দন। সম্মিলিত প্রচেষ্টা জয়ের জন্য প্রচণ্ড আকুতি, দৃঢ় মানসিক মনোবল জয় নিশ্চিত করেছে। সম্মিলিত চেষ্টা অনেক বড় শক্তি। নিউজিল্যান্ডে বাংলাদেশ দলটিতে তো তারুণ্যের পাল্লাই ভারী। সাকিব, তামিম নেই; মাহমুদ উল্লাহ টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। মুশফিক এবং অধিনায়ক মমিনুল ছাড়া আর চিহ্নিত অভিজ্ঞ খেলোয়াড় কোথায়? তরুণ ক্রিকেটাররা নিজেদের সামর্থ্য আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরে দেশের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে জয় নিশ্চিত করেছেন। সবাই মিলে জয় চেয়েছেন বলেই জয় ধরা দিয়েছে। নিউজিল্যান্ডে প্রথম টেস্ট শুরুর আগে যা কল্পনাও করা হয়নি, সেই অসাধ্য সাধন করেছেন খেলোয়াড়রা। ক্রিকেটে গৌরবময় অনিশ্চয়তা আছে, তবে সামর্থ্যের প্রতিফলনের বিকল্প নেই। বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে এবারই প্রথম জয়ের মুখ দেখেছে। এর আগে ৩২টি খেলায় পরাজয়। এর মধ্যে ৯টি টেস্ট ম্যাচে। দশম টেস্ট ম্যাচে জয়ের স্বাদ। নিউজিল্যান্ড আর তার মাটিতে অধরা থাকল না। বাংলাদেশ টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে পরাজিত করেছে দেশের মাটিতে। এই পরাজয় টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলকে একটি পর্যায়ে নিয়ে গেছে। জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে স্বাগতিক দেশ থেকে টেস্ট ম্যাচ জিতেছে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের কঠিন কন্ডিশন থেকে টেস্ট জয়ের বিষয়টি কিন্তু আলাদা মর্যাদার দাবি রাখে।

নিউজিল্যান্ডে বাংলাদেশ দল প্রথম টেস্ট ম্যাচে যাদের বিপক্ষে লড়েছে, তারা তাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা দল। তাদের পেস আক্রমণ বিশ্বসেরা। দলটি পুরোপুরি ভারসাম্যময়। তাদের ব্যাটিং গভীরতাও কারো অজানা নয়। এই শক্তিশালী দলটির বিপক্ষে ইতিবাচক মনোভাব নিয়ে বাংলাদেশের অপেক্ষাকৃত তরুণ দলটি দারুণ লড়াই করেছে। পরিকল্পনামাফিক গোছানো ও সংঘবদ্ধ ক্রিকেট খেলেছে। গত বছর বাংলাদেশ ক্রিকেট খুব খারাপ সময় পার করেছে। জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্টে ছাড়া শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে জয় আত্মবিশ্বাসে বলীয়ান করেছে।

টেস্ট ক্রিকেট এমনিতেই শক্ত ক্রিকেট। এই ক্রিকেটে একদম নতুন করে দল তৈরির কাজ চলছে। ক্রিকেট তো বদ্ধ হয়ে থাকবে না। আর তাই টিম অপারেশনস এবং টিম ম্যানেজমেন্ট চেষ্টা করছে যতটুকু সম্পদ আছে হাতে, তার সর্বাত্মক ব্যবহার করা। ঠিকভাবে কাজে লাগানো। এসব ক্ষেত্রে সময় একটি বিষয়। রাতারাতি কিছু সম্ভব নয়। যে প্রক্রিয়া চলছে, তাতে লক্ষ করা যাচ্ছে সম্ভাবনার আলো। বড় বিষয় হলো, প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক মনোভাব। অধিনায়ক মমিনুলের যে বিষয়টি উল্লেখ করার মতো সেটি হলো, দলের খেলোয়াড়দের প্রতি তাঁর আস্থা ও বিশ্বাস। খেলা শুরুর আগেই বলেছেন, সবাই মিলে নিজেদের সামর্থ্য তুলে ধরতে পারলে বাংলাদেশ দল নিউজিল্যান্ডে ভালো খেলবে। খেলোয়াড়রা তাঁর বিশ্বাসকে সম্মান দিয়েছেন।

পেসাররা দেড় বছর ধরে ভালো করছেন। এ ক্ষেত্রে উন্নতি লক্ষণীয় হচ্ছে। প্রথম টেস্টে জয়ের পেছনে এবাদত ও তাসকিনের অবদান সবাই লক্ষ করেছেন। লক্ষ করেছেন স্পিনার শরীফুল ও মেহেদী মিরাজের ভূমিকা। নিউজিল্যান্ডের উইকেটে মিরাজ নিজেকে কার্যকরী হিসেবে চিহ্নিত করতে পেরেছেন। তিনজন পেসার যেভাবে বল করার দরকার ছিল সেভাবেই সর্বাত্মক চেষ্টা করেছেন। এ জন্যই সম্ভব হয়েছে দলের জয়লাভ। মাহমুদুল, নাজমুল, মমিনুল ও লিটন দাস—প্রত্যেকে ধৈর্যের সঙ্গে ব্যাট করেছেন। দায়িত্ব নিয়ে খেলেছেন। তাঁরা যথাক্রমে রান করেছেন ৭৮, ৬৪, ৮৮ ও ৮৬। এ ছাড়া মেহেদী করেছেন ৪১ রান। সবার অবদান ছিল বলেই খেলার পরিসমাপ্তি বাংলাদেশের অনুকূলে এসেছে। যে বিষয়টি এখন গুরুত্বপূর্ণ সেটি হলো, টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো করার জন্য দেশের ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজানো। সামর্থ্যে কমতি নেই—ভেতরে লুকিয়ে থাকা বারুদকে তো প্রথম ঠিকঠাকভাবে জ্বালাতে হবে। আর তাই ঘরোয়া ক্রিকেটে পরিকল্পনামাফিক অনেক কাজ করতে হবে। ভারত তাদের ঘরোয়া ক্রিকেটে যে কাজগুলো করার দরকার সেগুলো করছে বলেই বিদেশে দাপটের সঙ্গে খেলতে পারছে। বাংলাদেশে যদি একই উদ্দেশ্য এবং ইতিবাচক মনোভাব নিয়ে প্রয়োজনীয় কাজ করা হয়, তাহলে বাংলাদেশ দলও নিয়মিতভাবে বিদেশের মাটিতে ভালো করবে। বিশেষ করে এশিয়ার বাইরের ক্রিকেট চত্বরে। তরুণ ক্রিকেটাররা দেখিয়ে দিয়েছেন তাঁদের পক্ষে বাইরের কন্ডিশনে খেলে জেতা সম্ভব।

লেখক : কলামিস্ট ও বিশ্লেষক

 

সূত্রঃ কালের কণ্ঠ