বিজ্ঞান ও প্রযুক্তি

আইসিটিতে মোস্তফা ফারুকের অবদান চিরস্মরণীয় : পলক

নিউজ ডেস্ক২২ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

স্বাধীন বাংলাদেশের অগ্রগতি ও দেশের তথ্যপ্রযুক্তি বিভাগের উন্নয়নে নিবেদিত প্রাণ ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, সাবেক তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ।

দেশের তথ্যপ্রযুক্তি খাতে তার অবদান অস্বীকার করার উপায় নেই। কারণ তিনি তথ্যপ্রযুক্তি বিভাগকে অগ্রগতির শিখরে নিয়ে যেতে অনবদ্য ভূমিকা রেখেছেন বলে বলেছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী বলেন, মৃত্যু মোস্তফা ফারুকের জীবনে ছায়া ফেলেছে মাত্র, কিন্তু তা কখনোই ঢেকে দিতে পারেনি।  আমরা তাকে আজীবন স্মরণে রাখবো।

 

রোববার তথ্যপ্রযুক্তি বিভাগ আয়োজিত এক শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

শোক সভায় পলক বলেন, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে, মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন মোস্তফা ফারুক মোহাম্মদ। স্বাধীন বাংলাদেশের অগ্রগতিতে অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন তিনি। তার কর্ম দিয়েই তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।

তথ্যপ্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মো. হারুনুর রশীদের সভাপতিত্বে শোকসভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্ম কমশিনের সদস্য কামাল উদ্দীন আহমেদ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাবেক নির্বাহী পরিচালক জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের মহাপরিচালক বনমালী ভৌমিক, কন্ট্রোলার অব সার্টিফায়িং অথরিটিজের কন্ট্রোলার আবুল মনসুর মো. সফর উদ্দিনসহ আরও অনেকে।

সূত্র: টেকশহর