সিল্কসিটিনিউজ ডেস্ক:
মাদারীপুরের কালকিনির পৌর এলাকার দক্ষিণ রাজদী গ্রামের এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে একই এলাকার মামুন শিকদার নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে ওই যুবক পলাতক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ, স্থানীয় এবং ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, কালকিনির পৌর এলাকার দক্ষিণ রাজদী গ্রামের এক ভ্যানচালকের মেয়ে ওই তরুণী গতকাল বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান। এ সময় একই এলাকার লোকমান সিকদারের বখাটে ছেলে খালি ঘরে তাকে একা পেয়ে ধর্ষণ করে।
স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে ছুটে এলে পালিয়ে যায় মামুন সিকদার। এ ঘটনায় শুক্রবার দুপুরে ঘটনার শিকার পরিবার কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে বিষয়টি এলাকাবাসীর মাঝে জানাজানি হলে স্থানীয় মাতুব্বররা ঘটনা ধামাচাপা দিতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে পারিবারিকভাবে অভিযোগ পাওয়া গেছে।
ধর্ষিতার বাবা অভিযোগ করে বলেন, “আমি ও আমার স্ত্রী মেয়ের মামার বাড়ি বেড়াতে যাই। এ সুযোগে একা পেয়ে আমার মেয়েকে ধর্ষণ করেছে বখাটে মামুন সিকদার। আমরা মামুনের দৃষ্টান্তমূলক বিচার চাই। ”
অভিযুক্ত মামুন সিকদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে সে পলাতক। এ ব্যাপারে কালকিনি থানার ওসি কৃপা সিন্দু বালা বলেন, “ধর্ষণের ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ”
সূথ্র: কালের কণ্ঠ










