সিল্কসিটিনিউজ ডেস্ক:
রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহের অদূরে হামলার পর জঙ্গিদের গ্রেপ্তার, জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রম নির্মূলসহ একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পরিকল্পনা অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বিভিন্ন নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চলতি সপ্তাহে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে নিষিদ্ধ ঘোষিতসহ ২৮টি জঙ্গি সংগঠনের কার্যক্রম নির্মূল করতে যেসব ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া দেশের প্রত্যেক এলাকায় সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবিরোধী জনমত গঠনের পরামর্শ দেওয়া হয়েছে।
পাশাপাশি বিগত ২০১৩ সালে রাজধানীসহ দেশের বিভিন্ন মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে গঠিত সন্ত্রাস ও নাশকতাবিরোধী কমিটিগুলোর নেতাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করতে বলা হয়েছে। জামিনে বেরিয়ে যাওয়াসহ জঙ্গি সংগঠনের সদস্যদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, রাজধানীর গুলশানে ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার পর জঙ্গিদের গ্রেপ্তারে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। আর এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ এসপি ও ওসিদের চিঠি দেওয়া হয়েছে।
এ ছাড়া সারা দেশের সন্ত্রাস ও নাশকতাবিরোধী কমিটি শক্তিশালী করতে সহযোগিতা করার নির্দেশ রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা থেকে শুরু করে গুলশান-শোলাকিয়ায় হামলা জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। ষড়যন্ত্রকারীদের নীলনকশা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এসে গেছে। সব হত্যার পেছনে কারা জড়িত আছে, সবকিছু জানতে পেরেছে। এ ছাড়া জঙ্গিদের নির্মূল করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় গত ১ জুন রাতে একদল জঙ্গি হামলা চালিয়ে ২০ জনকে হত্যা করে। এর মধ্যে ১৭ জন বিদেশি। আর গত ৭ জুলাই ঈদের দিন সকালে শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের মাঠের কাছে পুলিশ সদস্যদের ওপর হামলা করে জঙ্গিরা। এ সময় বোমা হামলা ও গুলিতে দুই কনস্টেবল, এক নারী ও এক জঙ্গি নিহত হয়। এতে ১৬ জন আহত হয়েছে। আটক করা হয়েছে আটজনকে।
সূত্র: রাইজিংবিডি









