
বাঙালীর মুক্তি সংগ্রামের ইতিহাসে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অনন্য অবদান চির অম্লান হয়ে থাকবে। স্বাধীনতার পর এই মহীয়সী নারী যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন। তিনি আত্মত্যাগী, লাঞ্ছিত মা-বোনদের চিকিৎসা সেবা প্রদান, ব্যক্তিগতভাবে তাদের সান্ত্বনা দেওয়া এবং তাদের আর্থ-সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। এছাড়া দেশ গঠনের কাজে তিনি জাতির পিতাকে সবসময়ই সুচিন্তিত পরামর্শ দিতেন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব খুব শৈশবে মা-বাবাকে হারালেও পরবর্তীতে তিনিই সমগ্র জাতির ক্রান্তিকালে সকলের মা হিসেবেই আবির্ভুত হয়েছিলেন, তাদের সকল অধিকার আর আত্মপরিচয় রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। মুক্তি সংগ্রামের গুরুত্বপূর্ণ সময়গুলোতে তিনি বাঙ্গালী জাতিকে মায়ের মতোই আগলে রেখেছিলেন। সারা জীবন দেশের জন্য তিনি অনেক কষ্ট সহ্য করেছেন, সেই কষ্ট তিনি কখনো প্রকাশ করেননি। যেই রাষ্ট্র তার বত্রিশের বাড়ি থেকে জন্মলাভ করেছিল, সেই রাষ্ট্র তিনি ভালোভাবে দেখতেই পারলেন না। মাত্র সাড়ে তিন বছরের মাথায় সেই বাড়ীতেই রাষ্ট্রের জনকসহ দেশে অবস্থানরত পরিবারের সবাইকে নিয়ে তিনি ঘাতকদের গুলিতে নির্মমভাবে নিহত হন। পৃথিবীর ইতিহাসে এরকম নির্মম হত্যাকাণ্ড আর ঘটেনি। এ হত্যাকাণ্ড বাঙ্গালী জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। হাজার বছরেও এ কলঙ্ক মোচন হবে কিনা আমাদের জানা নেই।

১৯৭৫ সালে জন্মের মাস আগস্টেই মাত্র ৪৫ বছর বয়সে বঙ্গমাতা শহীদ হয়েছিলেন। তারও ৪৬ বছর পর আজ তার ৯১তম জন্মবার্ষিকীতে আমরা তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তার ঋণ আমরা কি কোনো দিন শোধ করতে পারবো?
১৯৭৫ সালের ১৫ই আগস্ট তারই স্বপ্নের স্বাধীন দেশে এদেশেরই কিছু দুষ্কৃতিকারীর যে পৈশাচিক তাণ্ডব দেখে তিনি চিরবিদায় নিয়েছিলেন, আমরা তার পবিত্র আত্মার কাছে এর কি জবাব দেব? আমাদের এই অপরাধবোধ, এই চাপা কান্না, এই আক্ষেপ আর ক্ষোভ, শিখা চিরন্তন হয়ে থাকবে।
যে মহান আদর্শ ও নীতিবোধ বঙ্গমাতা আমাদের দেখিয়ে গেছেন, সেগুলো বাঙ্গালী জাতির জন্য প্রজন্ম থেকে প্রজন্ম প্রেরণার উৎস হয়ে থাকবে। বঙ্গমাতার জীবনী পাঠ ও চর্চা নতুন প্রজন্মের দেশ প্রেমকে শাণিত করবে। আমি মনে করি, জাতির প্রয়োজনে বঙ্গমাতার রাষ্ট্র ও সমাজ দর্শন নিয়ে ব্যাপক গবেষণার প্রয়োজন রয়েছে। আমি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব- যিনি আমাদের সকলের মা, তার আত্মার শান্তি কামনা করছি।
লেখক: তথ্য ও গবেষণা সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ









