সদ্য প্রকাশিত
মতামত

বাজেটের মলিনতা ও রাজনীতির বিবর্ণতা

নিউজ ডেস্ক৪ জুলাই ২০২১৭ মিনিট পড়া
বাজেটের মলিনতা ও রাজনীতির বিবর্ণতা

মাসখানেক আলাপ-আলোচনার পর গত ৩০ জুন জাতীয় সংসদে পাশ হলো অর্থমন্ত্রী প্রস্তাবিত ‘জীবন-জীবিকার’ বাজেট। প্রস্তাবিত বাজেটের আকারে কোনো কাটছাঁট হয়নি। বাজেট কতখানি জীবন-জীবিকার নিশ্চয়তা দেবে তা নিয়ে অনেক প্রশ্ন আছে, আছে সন্দেহ। কিন্তু যেটা পরিষ্কারভাবে, দ্বিধাহীনভাবে বলা যায় তা হলো আমাদের নৈতিক দিকটির কোনো উন্নতি হয়নি। আমরা যারা সাধারণ মানুষ, তারা কম খেয়ে হলেও একটি স্বচ্ছ চরিত্র নিয়ে বাঁচতে চাই। সেই আলোকে এই বাজেট আমাদের হতাশ করেছে।

বিগত বছরগুলোর মতো এবারের বাজেটেও কালোটাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। আমাদের নৈতিকতার দুর্বলতা এখানেই। যে রাষ্ট্র বা সরকার অন্যায়কারীকে প্রশ্রয় ও উৎসাহ দেয়, সেই রাষ্ট্র বা সরকার দ্বারা ন্যায়বিচার প্রতিষ্ঠা কি সম্ভব? অবশ্যই নয় এবং যে কারণে তা হচ্ছেও না। এটা একটা অতি সাধারণ অঙ্ক। একটি পরিচ্ছন্ন সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতিতে যারা কাজ করেন কিংবা দায়িত্ব নেন, তাদের চিন্তার মলিনতা আমরা প্রত্যাশা করি না।

সরকারের পক্ষ থেকে কালো টাকা সাদা করার একটি অকার্যকর যুক্তি দাঁড় করানো হয়, যা হলো বিনিয়োগ বৃদ্ধি। কিন্তু এর দ্বারা যে নিয়মিত কর প্রদানকারী এবং যথার্থ বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করা হয় সেদিকটি একবারও ভাবা হয় না। আমাদের বর্তমান কর-কাঠামোতে আয়কর নির্ধারণের মাত্রাটা দেখা যেতে পারে। আপনি যদি বছরে ৩ লাখ টাকা আয় করেন, তাহলে আপনাকে কোনো কর দিতে হবে না (নারী, বয়স্ক ও পঙ্গু মুক্তিযোদ্ধাদের বেলায় অঙ্কটা একটু বেশি)। কিন্তু আপনি যদি ৪ লাখ টাকা আয় করেন, তাহলে অতিরিক্ত ১ লাখ টাকার জন্য ১০ শতাংশ কর দিতে হবে; পরবর্তী ১ লাখের জন্য দিতে হবে ১৫ শতাংশ; তার পরের ১ লাখের জন্য দিতে হবে ২০ শতাংশ এবং তারপর ৩০ শতাংশ করে। এটাকে বলা হয় প্রগতিশীল করহার অর্থাৎ আয় যত বাড়তে থাকবে, করের হারও তত বাড়তে থাকবে। দেশে এমন নিয়মিত করদাতার সংখ্যা প্রায় ২৫ লাখ, যারা ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কর দিয়ে থাকেন। এর বিপরীতে সরকার ঘোষণা করেছে, যদি কেউ কালোটাকা সাদা করতে চান, তাহলে ১০ শতাংশ কর দিলেই হবে। এটা কি কোনো সুবিচারের কথা হলো? তাহলে নিয়মিত করদাতারা কি পাপ করেছেন? তাই একজন নাগরিক ভাবতেই পারেন, এ বছর ৩০ শতাংশ কর না দিয়ে আমার টাকা কালো করব এবং যথানিয়মে আগামী বছর ১০ শতাংশ কর দিয়ে সেই টাকা সাদা করব। মানুষের সততাকে দুর্বলতা ভাবা উচিত নয়। এ পর্যন্ত কর দেওয়া-না দেওয়ার বিষয়টিকে বৈধ আয়ের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। সরকার যদি এতে সীমাবদ্ধ থাকত, তাহলে মনকে কিছুটা হলেও বুঝ দেওয়া যেত। কিন্তু না, সরকারের কথা অনুযায়ী কেউ যদি অবৈধ পথে আয় করে তাহলেও সে সুযোগ পাবে এবং ওই ব্যক্তি কোন পথে তা আয় করলেন তা জানতেও চাওয়া হবে না। তার মানে হলো কেউ যদি ঘুস খায়, কেউ যদি ইয়াবা বিক্রি করে আয় করে, কেউ যদি হেরোইন বিক্রি করে আয় করে, চোরাকারবারী করে- তাহলে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা থাকবে না। তাই যদি হয় তাহলে দেশে কীভাবে আইনের শাসন প্রতিষ্ঠা হবে? তাহলে ‘সোনার বাংলা’ গড়ার কথা বলা কি শুধুই মুখ ফসকে বেরিয়ে যাওয়া কোনো বুলি?

এবারে আসা যাক এই একটি অনৈতিক সুযোগ দেওয়ার কার্যকারিতা নিয়ে। বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাত তার গবেষণাগ্রন্থ ‘বড় পর্দায় সমাজ-অর্থনীতি-রাষ্ট্র’তে যে তথ্য উপস্থাপন করেছেন তা রীতিমতো বিস্ময়কর। তথ্যের ওপর চোখ বোলালেই বোঝা যাবে কালোটাকা সাদা করার সুযোগ কতখানি অকার্যকর। ১৯৭২-৭৩ অর্থবছরে দেশে কালো টাকার পরিমাণ ছিল ১৮ হাজার ১১৭ কোটি। সেই থেকে প্রতিবছরই কালোটাকার পরিমাণ আশঙ্কাজনকভাবে বাড়তে থাকে। ২০১৮-১৯ অর্থবছরে কালোটাকার পরিমাণ হয়েছিল ৮ লাখ ৪০ হাজার ৬৫৩ কোটি। আমরা যদি পেছনে ফিরে তাকাই, তাহলে দেখব গত ৪৭ বছরে দেশে মোট প্রায় ৭৯ লাখ কোটি টাকা কালো হয়েছে। আর এই ৪৭ বছরে আমাদের মোট জিডিপির পরিমাণ ছিল প্রায় ২ কোটি ১৫ লাখ কোটি টাকা। সে হিসাবে আমাদের অর্থনীতিতে যে পরিমাণ কালোটাকা আছে তা জিডিপির প্রায় ৩৬ শতাংশের সমান। গত চার যুগ ধরে সব সরকারই কালোটাকা সাদা করার অনৈতিক সুযোগ দিয়ে আসছে, কিন্তু কোনো ফল হয়নি। সরকারি হিসাবমতে গত জুলাই থেকে এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসে কালোটাকা সাদা হয়েছে মাত্র ১৩০০ কোটি টাকা। যেখানে প্রায় ৮ লাখ কোটি টাকা কালো হয়, সেখানে মাত্র ১৩০০ কোটি টাকা সাদা হওয়া কি উল্লেখ করার মতো কিছু? এই সামান্য প্রাপ্তিকেও সরকার তুচ্ছজ্ঞান করতে অপারগ। অথচ সরকার যদি একটি স্বচ্ছ নৈতিক ভিত্তির ওপর দাঁড়াতে পারত, তাহলে আমাদের ঋণ করে বাজেট প্রণয়ন করতে হতো না। এ প্রসঙ্গে অধ্যাপক বারকাতের স্পষ্ট বক্তব্য হলো- ‘এক টাকাও সাদা করার দরকার নেই। বরং পাচারকারী ও কালো টাকার মালিকদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাদা করার সুযোগ না, কালো টাকা উদ্ধার করে ঘাটতি বাজেট পূরণ করা সম্ভব।’

স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন সামনে আসে- সরকারগুলো তাহলে নতজানু নীতি পরিহার করতে পারে না কেন? এ প্রশ্নের খুব সাধারণ উত্তর হচ্ছে- সাধারণ মানুষের ওপর আস্থা রাখতে না পারা। আস্থা রাখতে না পারার কারণ হলো জনবিচ্ছিন্নতা। আমাদের দেশের বয়স আজ ৫০ বছর। স্বাধীন বাংলাদেশ সৃষ্টি ছিল একটি রাজনৈতিক সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তটি এসেছিল সাধারণ মানুষের আকাক্সক্ষা থেকে। সাধারণ মানুষের প্রত্যাশাকে বাস্তব রূপ দিতে কাজ করে রাজনীতি। সুতরাং প্রকৃত রাজনীতিই হলো সাধারণ মানুষের মুক্তির একমাত্র পথ। কোনো খারাপ রাজনীতির উপস্থিতি থাকলে তা ভালো রাজনীতির মাধ্যমেই দূর করতে হবে। কিন্তু এর পরিবর্তে বিরাজনীতিকরণ বা রাজনীতিহীনতা হবে আত্মহত্যার শামিল। আমরা দীর্ঘদিন ধরেই বলে এসেছি, দেশের আজকের যে রাজনীতি তার সঙ্গে জনসম্পৃক্ততা নেই বললেই চলে, যে কারণে সাধারণ মানুষের প্রত্যাশা বুঝতে ও পূরণ করতে সরকার অক্ষম। কিন্তু আমাদের এই উপলব্ধি সরকার বারবার উপেক্ষা করলেও গত বাজেট অধিবেশনে তার বিস্ফোরণ ঘটেছে। ওই অধিবেশনে সরকারি ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা একযোগে সরব হয়ে বলেছেন, দেশে এখন রাজনীতি নেই, দেশ চালাচ্ছেন আমলারা। আমাদের মতো নগণ্য মানুষের কথা আমলে নেওয়ার প্রয়োজন নেই; কিন্তু সেদিন রাজনীতিহীনতা নিয়ে যারা কথা বলেছেন, আক্ষেপ করেছেন, তারা দীর্ঘদিন ধরে রাজনীতিতে প্রতিষ্ঠিত ব্যক্তি।

গত এপ্রিলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি অফিস আদেশ দেওয়া হয়। ওই অফিস আদেশে দেশের ৬৪ জেলায় করোনা মোকাবিলায় দায়িত্ব দেওয়া হয় ৬৪ জন সচিবকে। এর দ্বারা স্পষ্টতই প্রমাণ হয়, দেশের জনপ্রতিনিধিরা হয় অযোগ্য, নয়তো উপেক্ষিত। সংসদে বক্তব্যদানকারীরা নিজেদের উপেক্ষিতই মনে করেছেন। এ প্রসঙ্গে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও জ্যেষ্ঠ সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘মাফ করবেন, কথা বলাটা কতটা যুক্তিসঙ্গত হবে জানি না, এখন আমাদের জেলায় জেলায় দেওয়া হয়েছে প্রশাসনিক কর্মকর্তা। মানুষ মনে করে আমরা যা দেই (ত্রাণ সহায়তা), এটা প্রশাসনিক কর্মকর্তারাই দেন। অথচ প্রশাসনিক যারা কর্মকর্তা তারা কিন্তু (এলাকায়) যানই নাই। যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি এখন পর্যন্ত যাননি। একটা রাজনৈতিক সরকার এবং রাজনীতিবিদদের যে কর্তৃত্ব, কাজ, সেটা কিন্তু ম্লান হয়ে যায়।’ তিনি অত্যন্ত ক্ষোভের সঙ্গেই বলেছেন, ‘যারা রাজনীতিবিদ, যারা নির্বাচিত প্রতিনিধি, তাদের জন্য নির্ধারিত যে স্থান আছে, সেখানে তাদের থাকা উচিত।’ তার মানে একথা স্পষ্ট যে, বর্তমান সময়ে জনপ্রতিনিধিদের স্থান নির্ধারিত পরিসরে নেই। হয় তা সংকুচিত হয়েছে, নয়তো তা বিলুপ্ত হয়েছে। গত ১০ বছরের রাজনীতির হাল তুলে ধরে জাতীয় পর্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ বলেছেন, ‘রাজনীতির মঞ্চগুলো আস্তে আস্তে ব্যবসায়ীরা দখল করছেন। দেশ চালাচ্ছেন কারা? দেশ চালাচ্ছেন জগৎশেঠরা। দেশ চালাচ্ছেন আমলারা। রাজনীতিবিদরা এখন তৃতীয় লাইনে দাঁড়িয়ে আছেন। এই হচ্ছে দুর্ভাগ্য। অথচ এই দেশ স্বাধীন করেছেন রাজনীতিবিদেরা।’ জাসদের সভাপতি হাসানুল হক ইনু মনে করেন, বর্তমান সরকারের মধ্যে অস্থিরতা কাজ করছে।

এই তিন বর্ষীয়ান নেতার কথা থেকে আমরা নিশ্চিতভাবেই ধারণা করতে পারি, দেশের রাজনীতি বিতাড়িত হওয়ার ঝুঁকিতে ভুগছে। এ থেকে পরিত্রাণের উপায় কী? এ প্রশ্নের জবাব পেতে হলে আমাদের গত সংসদ নির্বাচনকে বিশ্লেষণে নিতে হবে, বিবেচনা করতে হবে কোন কোন বিষয় সেই নির্বাচনে ভূমিকা রেখেছিল। সেই নির্বাচনের সঙ্গে সাধারণ ভোটারের সম্পর্ক কতখানি ছিল আর প্রশাসননির্ভরতা ছিল কতখানি। যদি প্রশাসননির্ভরতা প্রধান ভূমিকা পালন করে থাকে তাহলে নিশ্চিত জানবেন, এদেশে রাজনীতিকদের প্রয়োজন ফুরিয়ে যাওয়ার পথে, যা নিশ্চিভাবেই আমাদের অন্ধকার ভবিষ্যৎ নির্দেশ করে।

মুঈদ রহমান : অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়

 

সূত্রঃ যুগান্তর