সিল্কসিটিনিউজ ডেস্ক :
ইন্টারনেটের দাম আরও কমাচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।
এবার ৬২৫ হতে কমে তা ৫৬৩ টাকায় নেমে আসছে। সর্বশেষ ২০১৫ সালের সেপ্টেম্বরে প্রতি এমবিপিএস ব্যান্ডউইথ এক হাজার ৬৮ হতে কমিয়ে ৬২৫ টাকা করা হয়।

বিএসসিসিএল সূত্র জানায়, ১০ শতাংশ দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে। তবে এখনও টেলিযোগাযোগ বিভাগে প্রস্তাব পাঠানো হয়নি। বিভাগে এটি অনুমোদন হবে বলে আশা করছেন তারা।
বর্তমান সর্বনিম্ন ৬২৫ টাকা এমবিপিএস দরে ব্যান্ডউইথ পেতে হলে ইন্টারনেট গেটওয়ে অপারেটরদেরকে অন্তত ১০ জিবিপিএস ব্যান্ডউইথের বান্ডেল কিনতে হয়।
বিএসসিসিএলের এখন একটি সাবমেরিন কেবলের মালিকানা থাকলেও এ বছর আরও একটি কেবল পেতে যাচ্ছে ।
সেটি হলে বর্তমানের ৩০০ জিবিপিএসের সঙ্গে আরও অন্তত দেড় হাজার জিবিপিএস ব্যান্ডউইথ পাবে সরকারি কোম্পানিটি।
বিদেশে রপ্তানির সঙ্গে সঙ্গে স্থানীয় পর্যায়েও ব্যান্ডউইথের ব্যবহার আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। এবং এটি বাড়াতে ও দেশের নাগরিকদের আরও কম মূল্যে ইন্টারনেট দিতে এই দাম কমানো।
বর্তমানে দেশে ব্যান্ডউইথের ব্যবহার সাড়ে তিনশ জিবিপিএসে উন্নীত হয়েছে। যার মধ্যে দুইশ জিবিপিএস আসছে ভারত থেকে।
সূত্র : টেকশহর









