সিল্কসিটিনিউজ ডেস্ক :
অবৈধ পথে দেশে প্রতিদিন গড়ে সাড়ে পাঁচ কোটি মিনিটের বেশি কল আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।
২০১৫ সালের প্রথমার্ধের সঙ্গে ২০১৬ সালের সাম্প্রতিক সময়ের তুলনায় বিটিআরসি প্রধান এ কথা বলেন।

বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহজাহান মাহমুদ বলেন, ২০১৫ সালে দেশে বৈধ পথে প্রতিদিন গড়ে ১২ কোটি মিনিটের বেশি কল আসতো। যা এখন সাত কোটি মিনিটের নীচে নেমে এসেছে।
কমে যাওয়া কল মিনিটের বেশিরভাগই অবৈধ ভিওআইপি হয়ে দেশে আসছে বলে জানান মাহমুদ। তবে এখানে ফ্রি মোবাইল অ্যাপ্লিকেশনেরও বড় ভূমিকা থাকতে পারে বলেও মনে করেন তিনি।
বিটিআরসি’র চেয়ারম্যান বলেন, বিদেশ থেকে কল আনার মূল্য বেড়ে পাওয়া এবং ইন্টারনেট ডেটাভিত্তিক ওভার দি টপ (ওটিটি) কলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বৈধ পথে কল আসা কমে যাচ্ছে।
তবে এসব ফ্রি অ্যাপ বন্ধ করার কোনো পরিকল্পনাই তাদের নেই বলে পরিষ্কার জানান মাহমুদ।
ওটিটির বিষয়ে বিটিআরসি প্রধান বলেন, ভাইবার, হোয়াটসঅ্যাপের মতো ওটিটি কল সংখ্যা বেড়ে যাওয়ায় তা আন্তর্জাতিক কল সংখ্যায় কিছুটা নেতিবাচক প্রভাব হয়তো ফেলছে। এসব অ্যাপ্লিকেশন বন্ধ করার কোনো চিন্তা তাদের নেই। অহেতুক একটি মহল বিষয়টি নিয়ে অপপ্রচার চালাচ্ছে।
তবে এসব অ্যাপ পরিচালনার ক্ষেত্রে সরকারের নীতিমালা থাকা উচিৎ বলেও মনে করেন তিনি। সরকার চাইলে ফ্রি অ্যাপের পরিচালনা সংক্রান্ত নীতিমালা তারা করে দিতে পারেন বলেও জানান মাহমুদ।
সূত্র : টেকশহর









