সিল্কসিটিনিউজ ডেস্ক:
সময় শুক্রবার দিবাগত রাত ২টা। সুনসান নিরবতা। রাজধানীর আশকোনায় ‘সূর্য ভিলা’ নামের তিন তলা বাড়িটি ঘিরে ফেলে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৯টা। দুই শিশুকে সাথে নিয়ে দুই নারী বেরিয়ে আসেন ওই বাড়ি থেকে এবং আত্মসমর্পন করেন।
দুপুর ১২টা ২৪ মিনিট। এ সময় ওই ভবন থেকে পর পর দুটি বোমা নিক্ষেপ করা হয়। এতে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের ইন্সপেক্টর শফি আহমেদ আহত হন।
দুপুর সাড়ে ১২টা। শুরু হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মূল অভিযান। এতে অংশ নেয় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। পুলিশের বিশেষ বাহিনী সোয়াটও যোগ দেয় এতে। ঘটনাস্থলে রাখা হয় ফায়ার সার্ভিসের গাড়ি ও অ্যাম্বুলেন্স।
অভিযান শুরুর পর থেকেই ভবনের ভেতরে দফায় দফায় গোলাগুলির শব্দ পাওয়া যায়। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তা অতিরিক্ত উপকমিশনার মো. ছানোয়ার হোসেন জানান, ভবনের ভেতরে তিনজন অবস্থান করছেন। তারা হলেন জঙ্গি নেতা তানভীর কাদেরীর ছেলে আবির, পলাতক জঙ্গি সুমনের স্ত্রী এবং জঙ্গি ইকবালের সাত বছরের মেয়ে। তাদের কাছে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, গোলাবারুদ, রিভলবার ও আত্মঘাতী অস্ত্র রয়েছে।
দুপুর সাড়ে ১২টার দিকে ইকবালের মেয়েকে নিয়ে সুমনের স্ত্রী বেরিয়ে এলে পুলিশ মনে করে সে আত্মসমর্পণ করবে। কিন্তু সুমনের স্ত্রী আত্মসমর্পণ না করে বোমার বিস্ফোরণ ঘটায় ও নিহত হয়। বিস্ফোরণে ইকবালের মেয়ে আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ছানোয়ার হোসেন জানান, তিনজনকে বের হওয়ার জন্য এক থেকে দেড় ঘণ্টা সময় দেওয়া হয়। হ্যান্ডমাইকে বারবার তাদেরকে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু তারা তাতে সাড়া দেয়নি।
এডিসি ছানোয়ার হোসেন বলেন, ‘সপ্তাহে একদিন এই বাড়িতে থাকতো মুসা। আমরা অনুমান করেছিলাম শুক্রবারও সে এ বাড়িতে আছে।’
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘তিনতলা বাড়িটির নিচতলা কোরবানির ঈদের আগে ভাড়া নিয়েছিল জঙ্গি মুসা। আত্মসমর্পণকারী দুই নারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ কথা জানিয়েছে।’
১৬ ঘণ্টা বাড়িটিতে অভিযান চালানোর পর তা সমাপ্তি ঘোষণা করা হয়। সমাপ্তি ঘোষণার সময় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি ও পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এই অভিযানে দুইজন নিহত হয়েছেন এবং দুই শিশুকে নিয়ে দুই নারী আত্মসমর্পণ করেছেন।
সূত্র: রাইজিংবিডি










