সিল্কসিটিনিউজ ডেস্ক:
ব্যাংক কোম্পানি আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘দুই বছরের মধ্যেই দেউলিয়া আইনের পাশপাশি এক ব্যাংকের সঙ্গে আরেক ব্যাংককে একীভূত করার আইনেরও বেশকিছু ধারা পরিবর্তন করা হবে। আন্তর্জাতিকভাবে এই দু’টি আইন অনেক শক্তিশালী। তাই বাংলাদেশেও তা শক্তিশালী করা হবে।’ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ডিজিটাল পদ্ধতিতে মার্কেন্টাইল ব্যাংকের ১০টি শাখার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘ব্যাংকিং খাত সম্পর্কে আমি আশাবাদী। তবে এ খাতের কয়েকটি আইন পরিবর্তন করতে হবে।’
দেশের কিছু ব্যাংকিং কার্যক্রম নিয়ে অনেকেই সমলোচনা করেন উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘ব্যাংকের শাখা বাড়ানো নিয়েও মতপার্থক্য আছে। অবশ্য এটাকে আমি ইতিবাচক হিসেবেই দেখি।’ তিনি আরও বলেন, ‘উন্নয়নের জন্য অর্থ প্রবাহ দরকার। ব্যাংকিং খাত সেই অর্থ প্রবাহ দিয়ে আসছে।’
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, ‘আর্থিক খাতে সুশাসন জরুরি। প্রবৃদ্ধির জন্য আর্থিক খাতের দায়িত্বও অনেক।’ আধুনিক প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি গ্রাহকদের জন্য ব্যাংকিং খাতকে সরলীকরণ করার জন্য বাণিজ্যিক ব্যাংগুলোকে পরামর্শ দেন তিনি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংকের ১০টি শাখা উদ্বোধন করা হয়। মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান শহিদুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান, ভাইস চেয়ারম্যান আনোয়ারুল হক, একে এম সহিদ রেজা প্রমুখ ।
সূত্র:বাংলাট্রিবিউন









