জাতীয়

করোনা নতুন করে প্রাণঘাতি রূপ নিয়ে ছড়িয়ে পড়ছে:সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক২৪ ডিসেম্বর ২০২০৩ মিনিট পড়া

“বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক আইসোলেশনে আছে বলেই সরকারের কোনো উন্নয়ন দেখতে পায় না।”

আজ বৃহস্পতিবার সকালে তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  একথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মহাসচিব বলছেন করোনা সংক্রমণের শুরু থেকে সরকার নাকি একেবারেই ভ্রুক্ষেপহীন। বিএনপি মহাসচিব চিরাচরিত শব্দ চয়নে সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন। একে সমালোচনা না বলে প্রতিহিংসা ও মিথ্যাচার বলা যায়।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে যখন মহামারী নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে তখন শেখ হাসিনার মানবিক ও সাহসী নেতৃত্বে একদিকে সংক্রমণ রোধ ও চিকিৎসা অপরদিকে জীবন জীবিকার নিরাপত্তা বিধানে গৃহীত পদক্ষেপ বিশ্বব্যপী প্রশংসিত হচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি চেয়েছিল মানুষ না খেয়ে এবং বিনা চিকিৎসায় রাস্তায় মরে পড়ে থাকবে, তা হয়নি বলেই তাদের এতো গাত্রদাহ। জনগণের ক্ষতি করার পাশাপাশি দেশের ইমেজ নষ্ট করা ও মিথ্যাচারই এখন বিএনপির একমাত্র কৌশল।

বিএনপি করোনাকালে জনগণের জন্য কি করেছে, তা জানতে চেয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ও সরকার প্রধান শেখ হাসিনার মতো একজন মানবিক নেতৃত্ব যতক্ষণ আছেন ততক্ষণ মহামারীসহ যেকোনো দুর্যোগ মোকাবেলায় লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ।

করোনা নতুন করে আবার প্রাণঘাতি রূপ নিয়ে ছড়িয়ে পড়ছে- এ অবস্থায় নিজের এবং অন্যের সুরক্ষায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই বলেও জানান ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী লন্ডনসহ বিভিন্ন দেশের ফ্লাইটের বিষয়ে সরকার সজাগ রয়েছে জানিয়ে বলেন, লন্ডন -ঢাকা-লন্ডন ফ্লাইটের বিষয়ে পরিস্থিতি গুরুতরভাবে মনিটর করা হচ্ছে।

বিএনপি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ২০০৬-০৭ অর্থ বছরে দেশের বাজেট ছিল ৫৪ হাজার ৮ ০০ কোটি টাকা আর সেই বাজেট বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।

তিনি বলেন , ২০০৬ সালের মূল এডিপি ছিল প্রায় ১৯ হাজার কোটি টাকা, আর এখন ২ লাখ ৫ হাজার কোটি টাকা। তখনকার সময় রিজার্ভ ছিল ৫ বিলিয়ন মার্কিন ডলার, বর্তমানে ৪২ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।

অর্থনীতি এগিয়ে যাওয়া নিয়ে যখন বিশ্বব্যপী প্রসংশা চলছে তখন বিএনপি প্রকাশ করেছে সংশয়, তারা বলে সরকার নাকি নিজেরাই ‘রোল মডেল’ বলছে, বিএনপির এসব বানানো গল্প প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন কূলহারা নৌকার মাঝি আর পথহারা পথিকের মতো, তারা সরকারের অর্জনে চরম পরশ্রীকাতর।

বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের কর্মসূচি গ্রহণ করা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, এটা ভালো খবর কিন্তু কর্মসূচি পালনের চেয়ে বেশি প্রয়োজন স্বাধীনতা বিরোধী এবং উগ্র সাম্প্রদায়িক শক্তির সাথে গোপন ও ওপেন সখ্যতা থেকে বেরিয়ে আসা। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়, তাদের নিয়ে সুবর্ণ জয়ন্তী পালন এক ধরনের প্রহসন।

সূত্র: কালের কন্ঠ

ট্যাগ: