সিল্কসিটিনিউজ ডেস্ক:
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের গুলিতে তিন ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছেন। আজ শনিবার শ্রীনগরের দক্ষিণে পাম্পোর নামক এলাকায় এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, একটি মোটরসাইকেলে করে সশস্ত্র ব্যক্তিরা ভারতীয় সেনাসদস্যদের বহনকারী গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে।
ভারতীয় এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, তিন সেনাসদস্য শহীদ হয়েছেন। বন্দুকধারীরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের ধরতে ঘটনাস্থলের আশপাশে অভিযান চালানো হচ্ছে।
কাশ্মীরের জম্মু-শ্রীনগরের মহাসড়কে ওই ঘটনা ঘটে। প্রতিদিন সেনাসদস্যদের গাড়িসহ হাজার হাজার যানবাহন ওই মহাসড়কে চলাচল করে। হিমালয়ের দিকে যাওয়ার ওই মহাসড়কই একমাত্র পথ।
গত মাসে ওই এলাকায় সাত সেনাসদস্য নিহত হন। ওই এলাকায় ভারতীয় সেনাবাহিনীর ও ভারত শাসনের বিরোধিতাকারীদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে ৯০ জনেরও বেশি বেসামরিক মানুষ নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়েছে। গত জুলাইয়ে বিরোধিতাকারীদের এক নেতা নিহত হলে সংঘর্ষও বেড়ে যায়।
১৯৮৯ সাল থেকে কাশ্মীরে পাঁচ লাখ ভারতীয় সেনা মোতায়েন আছে।
সূত্র: এনটিভি










