কয়েক দিন আগে পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানটি লেগেছে। দুই পারের সেতুবন্ধ হিসেবে স্টিলের কাঠামোটি এখন আমাদের জাতীয় সক্ষমতার প্রতীক হিসেবে দাঁড়িয়ে রয়েছে। এ দেশের সংগ্রামী মানুষ দুই চোখ ভরে আমাদের আত্মশক্তির এই প্রতীকটি দেখছে। আর এত দিন ধরে বিচ্ছিন্ন থাকা দক্ষিণ বাংলার মানুষের অন্তরে বইছে অন্য রকম এক আনন্দের ঢেউ। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর মূল নির্মাণকাজের ৯১ শতাংশ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। হঠাৎ করে করোনা সংকট দেখা না দিলে, এ বছর উপর্যুপরি বন্যা না এলে হয়তো আরো আগেই স্প্যান লাগানোর কাজ সম্পন্ন করা যেত। শুরু থেকেই নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে পদ্মা সেতুর কাজটি এগিয়ে চলেছে। রাজনৈতিক, কারিগরি ও আর্থিক চ্যালেঞ্জ মোকাবেলা করেই পদ্মা সেতুর নির্মাণকাজ প্রায় শেষ হওয়ার পথে।
দক্ষিণ বাংলার মানুষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এই অঞ্চলের মানুষের দুঃখ-কষ্ট বোঝেন। তাই ২০০১ সালের ৪ জুলাই আনুষ্ঠানিকভাবে মাওয়া ফেরিঘাটের কাছেই এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু নানা ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতার কারণে ২০০১ সালের নির্বাচনে তাঁর দল পুনর্নির্বাচিত হতে পারেনি। তারপর এই সেতুর নির্মাণকাজের অগ্রাধিকার হারিয়ে যায়। ২০০৯ সালে ফের ক্ষমতায় ফিরে এসে তিনি আবার পদ্মা সেতু নির্মাণকে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ বিবেচনা করে অগ্রাধিকার তালিকায় নিয়ে আসেন। শুরুতে এশীয় উন্নয়ন ব্যাংক, জাইকা, আইডিবি এই সেতুর অর্থায়নের অংশীদার হলেও পরবর্তী পর্যায়ে বিশ্বব্যাংক যুক্ত হয়। বঙ্গবন্ধু সেতু নির্মাণেও এই উন্নয়ন অংশীদাররা যুক্ত ছিল। তাই সরল বিশ্বাসেই বিশ্বব্যাংককে যুক্ত করেছিল বাংলাদেশ সরকার। শেষ পর্যন্ত সেই বিশ্বাসের দাম রাখেনি এই আন্তর্জাতিক প্রতিষ্ঠান। অযথাই একটি নোংরা বিতর্ক সৃষ্টি করেছিল মনগড়া দুর্নীতির অভিযোগ তুলে।

বিশ্বব্যাংক ছাড়া অন্যান্য উন্নয়ন অংশীদাররা খুবই বিব্রত বোধ করছিল। কিন্তু আন্তর্জাতিক উন্নয়ন সম্পর্কে বিশ্বব্যাংকের নেতৃত্ব তারা মানতে বাধ্য। দুঃখজনক সেই সময়টায় আমি খুব কাছে থেকে মাননীয় প্রধানমন্ত্রী পুরো ষড়যন্ত্রটা কেমন বীরত্বের সঙ্গে লড়ে ভণ্ডুল করে দিলেন সে দৃশ্যও দেখেছি। খুবই দ্রুততার সঙ্গে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে নিজেদের অর্থে এই মেগাপ্রকল্পটি বাস্তবায়ন করে বিশ্বকে দেখিয়ে দেবেন আমরাও পারি। আমার বড়ই সৌভাগ্য যে ওই সংকটকালে আমি তাঁর পাশেই থাকতে পেরেছিলাম। যখন তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন, আমরা বলেছিলাম, বাংলাদেশের রপ্তানি ও রেমিট্যান্স আয় ঊর্ধ্বমুখী। বিদেশি মুদ্রার রিজার্ভ লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। তাই বিশ্বব্যাংকের দেয় ১.২ বিলিয়ন ডলার না নিলেও আমরা আমাদের ব্যাংকিং খাত থেকে এই পরিমাণ বিদেশি মুদ্রার জোগান দিতে সক্ষম। এই পরিমাণ বিদেশি মুদ্রা এক বছরেই লাগার কথা নয়। তাই সরকার যদি টাকার জোগান দিতে পারে, আমরা ডলারের জোগান দিতে পারব। দেশবাসী জেনে খুশি হবেন যে বাংলাদেশ ব্যাংকের নীতি-সহযোগিতায় অগ্রণী ব্যাংক এরই মধ্যে ১.২ বিলিয়ন ডলার পদ্মা সেতুর জন্য দিতে সক্ষম হয়েছে। বাদবাকি ডলারের জোগানও আমাদের ব্যাংকিং খাত দিতে পারবে। এর কারণে আমাদের বিদেশি মুদ্রার বাজারে কোনো টানাপড়েনই সৃষ্টি হয়নি।
বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট বিষয়টি অনুধাবন করতে পেরেছিলেন। এরই ধারাবাহিকতায় আমরা বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদ ড. কৌশিক বসুকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি বাংলাদেশ ব্যাংকের অতিথি হিসেবে প্রধানমন্ত্রীসহ নীতিনির্ধারকদের সঙ্গে আলাপ-আলোচনা করেছেন। ফলে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। চলমান প্যানডেমিকসহ অনেক খাতেই বিশ্বব্যাংক এখন বাংলাদেশের সঙ্গে কাজ করছে। তবে পদ্মা সেতু নিয়ে যে টানাপড়েন তৈরি হয়েছিল তার সফল সমাপ্তি ঘটে কানাডীয় আদালতে দেওয়া এক রায়ে। ওই রায়ে স্পষ্ট করে বলা হয় যে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির কোনো সুযোগই ছিল না।
আমাদের দুর্নীতি দমন বিভাগ, বিশেষ করে সেই সময়ে তাদের বিশেষ আইনজীবী (বর্তমানে আইনমন্ত্রী) অ্যাডভোকেট আনিসুল হকের পেশাদারির প্রশংসা করতে হয়। আমি প্রধানমন্ত্রীর কাছে খুবই কৃতজ্ঞ যে সেদিন তিনি বাংলাদেশ ব্যাংকের সক্রিয় ভূমিকার প্রশংসা করেছিলেন। সে যাকগে, বাংলাদেশ যে এত বড় প্রকল্পের অর্থায়ন নিজেদের সম্পদ থেকেই সম্পন্ন করতে পারে—সেটিই ছিল এই পদ্মা সেতু বিতর্কের সবচেয়ে বড় প্রাপ্তি। যুগে যুগে বাঙালির কাছে ইতিহাসের এই মুহূর্তটি স্মরণীয় হয়ে থাকবে। কারিগরি চ্যালেঞ্জও কম গুরুত্বপূর্ণ ছিল না। আমাজনের পর সবচেয়ে খরস্রোতা নদী পদ্মা। মাওয়া পয়েন্টে স্রোতের বেগ সবচেয়ে বেশি। এমন নদীতে পিলার বসানো চাট্টিখানি কথা নয়। এ বছর বর্ষাও ছিল প্রবল। বন্যাও হয়েছে কয়েকবার। তাই জুন থেকে অক্টোবর পর্যন্ত স্প্যান বসানোর কাজ বন্ধই ছিল। বিদেশ থেকে বিরাট সব যন্ত্রপাতি আনতে হয়েছে। কারিগরি নকশা বদলাতে হয়েছে। দেশি-বিদেশি পরামর্শকদের সমন্বয়ও করতে হয়েছে। প্রয়াত জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী কারিগরি কমিটির প্রধান হিসেবে দারুণ কাজ করে গেছেন। তাঁর টিমের অন্য সদস্যদের অবদান জাতি দীর্ঘদিন মনে রাখবে। বিশেষ করে বিশ্বব্যাংক যেসব অভিযোগ তুলেছিল, সেগুলো যে কতটা মনগড়া ছিল এ নিয়ে জামিল স্যার আমার সঙ্গে দীর্ঘক্ষণ আলাপও করেছিলেন। অধ্যাপক আবদুল মান্নান ও সুভাষ সিংহ রায়ের পদ্মা সেতু বিষয়ে সংকলিত একটি বইয়ের মোড়ক উন্মোচনের সময় স্যার পাঠক সমাবেশে এসেছিলেন। আমিও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম একজন অতিথি হিসেবে। সেদিনও তিনি বিশ্বব্যাংকের অন্যায় আচরণের সমালোচনা করেছিলেন।
এতসব চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যাচ্ছে পদ্মা সেতু নির্মাণের কাজ। করোনা সংকটে চীনের কর্মীদের আসা-যাওয়া বেশ বিঘ্নিত হয়েছে। অনেক শ্রমিক এখনো কভিডে আক্রান্ত হচ্ছেন। এসব কারণে শত চেষ্টা করেও সময়মতো নির্মাণকাজ শেষ করা যাচ্ছে না। তাই প্রকল্প খরচও বেড়ে যাচ্ছে। বিদেশি কন্ট্রাক্টরদের বাইরে আমাদের দেশি নির্মাণ সংস্থা আব্দুল মোমেন গ্রুপও পদ্মা সেতু নির্মাণে অংশগ্রহণ করেছে। সেনাবাহিনীর একটি চৌকস দল এসব কাজ সমন্বয় করছে। সেনাবাহিনীর ওই দলের পক্ষ থেকে বছর দুই আগে আমাকে প্রকল্পটির কাজ দেখাতে নিয়ে গিয়েছিল। খুব কাছে থেকে দেখেছি কী দারুণ নিষ্ঠার সঙ্গে তারা কাজ করছে। প্রতিকূল পরিবেশে রাত-দিন খেটে তারা আমাদের স্বপ্নের সেতু গড়ে তুলেছে পরম মমতায়।
পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানটি যুক্ত হওয়ার দিন সারা দেশের মানুষের যে উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ করেছি তা সত্যি অনন্য। সবার একই প্রশ্ন। পদ্মা সেতু চালু হলে বাংলাদেশের অর্থনীতিতে এর কী কী প্রভাব পড়বে? তাই সংক্ষেপে এ নিয়ে কিছু বলতে চাই। দক্ষিণ বাংলার অর্থনীতিতে পড়বে ব্যাপক প্রভাব। দীর্ঘদিন পর সড়ক ও রেল—দুই পথেই দক্ষিণ বাংলার মানুষ অল্প সময়ে ঢাকায় যাতায়াত করতে পারবে। এর ফলে এই প্রথমবারের মতো পুরো দেশ একটি সমন্বিত যোগাযোগ কাঠামোতে চলে আসবে। দক্ষিণ বাংলার গ্রামেও পরিবর্তনের হাওয়া লাগবে। এই অঞ্চলের ২১টি জেলার কৃষক, মৎস্যজীবী, তাঁতি, ছোট ও মাঝারি ব্যবসায়ী বাংলাদেশের সবচেয়ে বড় ভোক্তার সমাবেশ যে রাজধানী ঢাকা তার সঙ্গে অনায়াসে সংযুক্ত হতে পারবে। অন্যদিকে তারা রাজধানী থেকে কাঁচামাল সংগ্রহ করে নিয়ে যেতে পারবে তাদের গ্রামের ও আশপাশের এসএমই উদ্যোগগুলোর জন্য। এরই মধ্যে পদ্মা সেতু হবে শুনেই ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নত হতে শুরু করেছে। আস্থার এই ধারা আরো বেগবান হবে।
তা ছাড়া দক্ষিণাঞ্চলেরর সামগ্রিক উৎপাদন, সেবা, পর্যটন, শিল্প-বাণিজ্যেও বিনিয়োগ বাড়বে। বাড়বে কর্মসংস্থান। আর সেটা হলে এখন যে জলবায়ু চ্যালেঞ্জের শিকার অসংখ্য শ্রমজীবী মানুষ গ্রাম ছেড়ে ঢাকায় এসে ঝুঁকিপূর্ণ অনানুষ্ঠানিক কাজকর্ম করতে বাধ্য হচ্ছে, তাদের সংখ্যা কমে আসবে। দক্ষিণ বাংলায় নতুন নতুন শিল্প-কারখানা গড়ে উঠবে। মোংলা ও পায়রা বন্দরের কর্মকাণ্ড বেড়ে যাবে। ঢাকার কাছে বলে পদ্মার ওপারে ছোট-বড় নানা শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠবে। জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলে গেছেন, ‘পদ্মা সেতু ঘিরে পদ্মার দুই পারে সিঙ্গাপুর ও চীনের সাংহাই নগরের আদলে শহর গড়ে তোলার কথাবার্তা হচ্ছে। নদীর দুই তীরে আসলেই আধুনিক নগর গড়ে তোলা সম্ভব। এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২০৩৫-৪০ সালে বাংলাদেশ যে উন্নত দেশ হবে, সে ক্ষেত্রেও এই সেতু ভূমিকা রাখবে। সব মিলিয়ে বলা যায়, স্বপ্নের এই সেতুকে কেন্দ্র করেই আবর্তিত হবে ভবিষ্যতের বাংলাদেশ।’
জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর কথার সূত্র ধরেই বলছি, দক্ষিণ বাংলা হবে পর্যটনের এক উত্কৃষ্ট হাব। ছুটি পেলেই ঢাকা ও অন্যান্য নগরের বাসিন্দারা ছুটবে দক্ষিণ বাংলার প্রাকৃতিক ও ঐতিহাসিক সৌন্দর্যের সন্ধানে। তারা যাবে কুয়াকাটা, সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ এবং টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিদর্শনে, যাবে পায়রা বন্দরে। পদ্মার চরগুলোতে গড়ে উঠবে নতুন নতুন রিসোর্ট ও পরিকল্পিত ব্যবসা-বাণিজ্যকেন্দ্র। সরকারও নানা পরিকল্পনা নিচ্ছে পদ্মাপারের পুরো এলাকাকে উন্নত করার লক্ষ্যে। শোনা যাচ্ছে, পদ্মার চরাঞ্চলে অলিম্পিক ভিলেজ, বঙ্গবন্ধু স্যাটেলাইট সিটি, হাইটেক পার্ক, বিমানবন্দরসহ নানা উন্নয়ন প্রকল্পের কথা ভাবছে সরকার। পদ্মা সেতুর কাছেই দুই হাজার কোটি টাকা ব্যয়ে শেখ হাসিনা তাঁতপল্লী গড়ে উঠছে। এখানে থাকবে আধুনিক আবাসন, শিক্ষা, চিকিৎসাসহ সব সুযোগ-সুবিধা।
পদ্মা সেতুর আশপাশে গার্মেন্ট ও অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানের প্রসার ঘটবে। খুলনা, বরিশাল ও পটুয়াখালীতে শিপবিল্ডিং শিল্পের বিকাশ ঘটবে। মোংলা বিশেষ অর্থনৈতিক অঞ্চল, মোংলা ইপিজেড, পায়রা বন্দর, রূপপুর প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করা গেলে এসব প্রকল্পে বিপুল কর্মসংস্থান ঘটবে। পদ্মা সেতু চালু হতে আরো এক-দেড় বছর সময় হয়তো লাগবে। যেসব কাজ এখনো অসম্পূর্ণ আছে, সেগুলো দ্রুত সম্পন্ন করে ফেলার কোনো বিকল্প নেই। পদ্মা সেতুর ওপর দিয়ে গ্যাস, বিদ্যুৎ ও অপটিক ফাইবার যাবে। এসব প্রকল্প পাশাপাশি না এগোলে পদ্মা সেতু চালু হলেও দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক বিকাশের পুরো ফায়দা ওঠানো সম্ভব হবে না। পায়রা বন্দর থেকে যে বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে যুক্ত হবে এবং পদ্মা সেতুকে সচল রাখবে তার কাজ যেন সমানতালে সম্পন্ন হয়।
নিঃসন্দেহে দক্ষিণ বাংলায় শিল্প-কারখানা স্থাপনে উৎসাহী হবেন দেশি-বিদেশি উদ্যোক্তারা। তাঁদের যেন বিদ্যুৎ, নিরাপত্তা, প্রশিক্ষণপ্রাপ্ত জনশক্তি পেতে কোনো অসুবিধায় না হয় তা এখন থেকেই সংশ্লিষ্টদের দেখতে হবে। উদ্যোক্তাদের পদ্মার ওপারে যেতে উৎসাহিত করতে বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা যেতে পারে। করোনাকালে দেয় এসএমই খাতের প্রণোদনা প্যাকেজের একটি অংশ দক্ষিণ বাংলার জন্য কি নির্ধারণ করা যায় না? সমন্বিত উপায়ে এগোলে নিশ্চয়ই নীতিনির্ধারকরা এ কাজটি করতে পারেন। পদ্মা সেতুর কারণে রপ্তানি বাণিজ্যের লিডটাইম কমে যাবে। ফলে ব্যবসায়ীদের রিটার্ন বা লাভ বেড়ে যাবে। সঙ্গে সঙ্গে টাকাও হাত ঘুরবে দ্রুত হারে। অর্থনীতিতে যুক্ত হবে বহুমুখিতা। বাড়বে মানুষের আয়-রোজগার। বাড়বে ভোগ ও চাহিদা। আর সে কারণেই দক্ষিণাঞ্চলে বাড়বে দেশি-বিদেশি বিনিয়োগ।
এই অঞ্চলের ২১ জেলায় মানুষের আয়-রোজগার ও জীবনের মান বাড়ার প্রভাব জাতীয় অর্থনীতিতে পড়বে। অর্থনীতিবিদরা হিসাব করছেন যে পদ্মা সেতু চালু হওয়ার পর দক্ষিণাঞ্চলের জিডিপি অন্তত ২ শতাংশ বাড়বে। সামগ্রিকভাবে তখন দেশের জিডিপি বাড়বে অন্তত আরো ১ শতাংশ। ট্রান্স এশিয়ান রেল ও সড়ক এই সেতুর মাধ্যমেই যুক্ত হবে। শুরুতে ২৪ হাজার যান চলাচল করবে এই সেতু দিয়ে। প্রতিবছর তা বাড়বে। এডিবি বলছে, ২০৫০ সালে ৬৭ হাজার যান চলাচল করবে এই সেতু দিয়ে। জরিপে আরো বলা হচ্ছে, ২০৩০ সালের মধ্যেই পাঁচ কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থানের সুবিধা পাবে এই সেতুর কল্যাণে। দক্ষিণাঞ্চলের দারিদ্র্য প্রতিবছর ১ শতাংশেরও বেশি হারে কমবে। শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণসহ মানব উন্নয়নে অগ্রগতি হবে। আমরা আশায় বুক বেঁধে আছি সেই প্রত্যাশায়।
বঙ্গবন্ধু ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর তাঁর জাতিসংঘের ভাষণে বলেছিলেন, ‘আমি মানবের অসাধ্য সাধন ও দুরূহ বাধা অতিক্রমের অদম্য শক্তির প্রতি আমাদের পূর্ণ আস্থার কথা আবার ঘোষণা করতে চাই।’ সেই অদম্য লড়াকু মনের উত্তরসূরি বঙ্গবন্ধুকন্যাও তাঁর বাবার মতোই বিশ্বাস করেন যে ‘জীবনযুদ্ধের মোকাবেলায় জনগণের প্রতিরোধক্ষমতা ও দৃঢ় প্রতিজ্ঞাই শেষ কথা। আত্মনির্ভরশীলতাই আমাদের লক্ষ্য।’ তিনিও মনে করেন প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রামে আমাদের কষ্ট স্বীকার করতে হতে পারে। কিন্তু আমাদের কেউ ধ্বংস করতে পারবে না। পদ্মা সেতু আমাদের জাতীয় সেই সক্ষমতার প্রতীক। আমাদের পুঞ্জীভূত আত্মশক্তির সমাহারে তৈরি আত্মপ্রত্যয়ের এক অসাধারণ স্বপ্নের মিনার। এই পদ্মা সেতু যেন কবিগুরু রবীন্দ্রনাথের সেই অমর বাণীরই এক প্রতিচ্ছবি। তিনি বলেছিলেন, ‘আমাদের বাঁচিবার উপায় আমাদের নিজেদের শক্তিকে সর্বতোভাবে জাগ্রত করা।’ (আত্মশক্তি, রবীন্দ্র রচনাবলি, দ্বিতীয় খণ্ড, পৃ. ৬৪৪)। বঙ্গবন্ধুকন্যা আমাদের সেই ভরসার বাণীই শুনিয়েছিলেন যখন অন্তরের গহিনতর তল থেকে বলে উঠেছিলেন, ‘পদ্মা সেতু আমরা নিজেদের সম্পদেই গড়ে তুলব।’ আর ইতিহাসের কী পরম্পরা, বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে এই মুজিববর্ষেই পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানটি উঠে গিয়ে দৃশ্যমান হলো সমৃদ্ধ বাংলাদেশের এই অনন্য প্রতীক।
লেখক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর
dratiur@gmail.com
সূত্রঃ কালের কণ্ঠ










