সদ্য প্রকাশিত
মতামত

বাংলাদেশ-ভারত সম্পর্ক এবং ভ্যাকসিন কূটনীতি

নিউজ ডেস্ক৭ ডিসেম্বর ২০২০৭ মিনিট পড়া
বাংলাদেশ-ভারত সম্পর্ক এবং ভ্যাকসিন কূটনীতি

গোটা পৃথিবীর মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছে, কবে করোনা প্রতিষেধক আসবে? অবশেষে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন দেশ থেকে এই সংবাদ এসে পৌঁছেছে যে প্রতিষেধক আসছে। প্রতিষেধকের যে ট্রায়াল, যেটাকে বলে কো-ভ্যাকসিনের ট্রায়াল। সেটাও শুরু হয়ে গেছে। তার ফলে এখন ব্রিটেন, রাশিয়া, ভারতসহ বিভিন্ন দেশে টিকার ছাড়পত্র দেওয়া হয়েছে। ফাইজার বায়োএনটেকের প্রতিষেধক এই বিশ্বজোড়া কভিড টিকাযুদ্ধে প্রতিদ্বন্দ্বীদের থেকে এক ধাপ এগিয়ে গেছে, এমনটাও দাবি করা হচ্ছে। ব্রিটেনের সরকার জানিয়েছে যে তারা আগামী সপ্তাহ থেকে তাদের দেশের টিকাকরণ কর্মসূচি শুরু করে দেবে। এখন এ রকম একটা পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো করোনা প্রতিষেধক কূটনীতি। ভ্যাকসিন বা প্রতিষেধক উদ্ভাবন ও উৎপাদন প্রক্রিয়ার বিস্তৃত পর্যালোচনা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের তিনটি শহর সফর করেছেন। তিনি আমেদাবাদের জাইডাস বায়োটেক পার্ক, হায়দরাবাদের ভারত বায়োটেক এবং পুনের সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া পরিদর্শন করেছেন। এর মধ্যে দুটি স্থানে ভারত দেশীয়ভাবে কভিড প্রতিষেধক তৈরি করছে।

এখন এই প্রতিষেধক শুধু সুস্বাস্থ্যের জন্য নয়, বিশ্বের মঙ্গলের জন্য। মানুষের কল্যাণের জন্য। ভাইরাসের বিরুদ্ধে এক সংবলিত লড়াইকে প্রতিবেশীসহ অন্যান্য দেশকে সহায়তা করা, সেটিরও লক্ষ্যে ভারত এগোচ্ছে। সুতরাং ভারত শুধু প্রতিষেধক গবেষণায় বিশ্বের নেতৃত্ব দিতে চাইছে এমন নয়। সেই সঙ্গে বিশ্বের যে প্রতিষেধক উৎপাদনের ক্ষেত্রেও ভারত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চাইছে এবং বিশ্বের ১০০ দেশের রাষ্ট্রদূত ৪ ডিসেম্বর পুনে সফরে গেছেন। সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং জেনোভা বায়োফার্মাসিউটিক্যালস লিমিটেড সফর করবে। এখন এ রকম একটা পরিস্থিতিতে, এ রকম একটা ভয়ংকর মহামারির বিরুদ্ধে সমবেতভাবে যখন লড়াই চলছে, তখন প্রতিটি দেশেই সংক্রমণের সংখ্যার দিকেও লক্ষ যদি রাখা যায়, তাহলে বোঝা যায় যে কোন দেশ কিভাবে পরিস্থিতি সামলাছে। কেননা ভারতে প্রতি মিলিয়ন জনসংখ্যায় আক্রান্ত হয়েছে ছয় হাজার ৭৩১ জন। মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা প্রতি মিলিয়নে ৪০ হাজার জন। যুক্তরাজ্যে ২৩ হাজার ৪৫৬, ফ্রান্সে ৩৩ হাজার ৪২৪, ব্রাজিলে ২৯ হাজার ১২৯, ইতালিতে ২৫ হাজার ৪৫৬ জন। ফলে এই দেশগুলোর বেশির ভাগ ক্ষেত্রে প্রতি মিলিয়নে আক্রান্তের যে হার, সেটা কিন্তু ভারতের তুলনায় অনেক বেশি। প্রায় চার-পাঁচ গুণ বেশি। অর্থাৎ প্রতি মিলিয়নে ভারতে মারা গেছে ৯৮ জন। প্রত্যেকটি জীবনই মূল্যবান। সুতরাং মৃত্যু কোনো পরিসংখ্যানের বিষয় নয়। এমনকি একটি মৃত্যুও কখনোই মানুষ গ্রহণীয় বলে মনে করে না। সেটাই তো মানুষের সভ্যতার সংস্কৃতির সব থেকে বড় মহান দিক। কিন্তু মহামারি থেকে জীবনকে বাঁচাতে এখন প্রতিষেধককে কী করে কার্যকর করা যেতে পারে, সে বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে। কেননা ২৮ নভেম্বর পর্যন্ত ভারতে প্রতি মিলিয়ন জনসংখ্যায় মারা গেছে ৯৮ জন। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে ৮১৩, ব্রাজিলে ৮০৫, ইতালিতে ৮৮৮, স্পেনে ৯৯৫ ও যুক্তরাজ্যে ৮৪৬ জন। প্রায় সব দেশেই প্রতি মিলিয়নে ভারতের চেয়ে ৯ গুণ বেশি লোক মারা গেছে। এই দেশগুলোর অনেকেই ভারতের চেয়ে উন্নত স্বাস্থ্যব্যবস্থাসম্পন্ন দেশ হিসেবে বিবেচিত হয়। সুতরাং ভারতে কিন্তু সংক্রমণের একটা নিম্নমুখী প্রবণতা দেখাচ্ছে। যেটা কিন্তু সেপ্টেম্বরের মাঝামাঝিতে সংক্রমণের চূড়ান্ত পর্যায়ে দৈনিক আক্রান্ত ছিল প্রায় ৯৭ হাজার ৮৯৪। ২৬ নভেম্বর এই সংখ্যা প্রায় ৪৩ হাজার ১৩৪ জন। দৈনিক সংক্রমণের ভিত্তিতে সাত দিনের চলমান গড়ের সঙ্গে বিবেচনা করলে দেখা যাবে, ভারতের সংক্রমণ কিন্তু কমছে। অন্তত ২৫ নভেম্বর পর্যন্ত পাওয়া পরিসংখ্যান কিন্তু সেটাই বলছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খুব দ্রুত একটি সক্রিয় সিদ্ধান্ত নিয়েছিলেন যে দেশে মহাবিপর্যয় হওয়ার আগেই এই মহামারিকে ঠেকাতে হবে। সরকারি এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে দ্রুত প্রতিক্রিয়া যারা জানিয়েছিল সেই দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। চীন ৭ জানুয়ারিতে উহান ভাইরাস সম্পর্কে বিশ্বকে অবহিত করেছিল। কিন্তু পরদিন ৮ জানুয়ারিতে ভারত একটা মিশন সভা করেছিল। ভারত ১৭ জানুয়ারি থেকে যাত্রীদের স্ক্রিনিং শুরু করে। এ ক্ষেত্রেও কিন্তু বিশ্বের সর্বপ্রথম দেশগুলোর মধ্যে ছিল অন্যতম ভারত। ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়। তারপর সেখানে কঠোর নিয়ন্ত্রণ এবং স্ক্রিনিংয়ের ব্যবস্থা চালু করা হয়। এখন এই যে অ্যান্টিজেন পরীক্ষা প্রবর্তনকারী দেশ হিসেবেও কিন্তু ভারত ছিল প্রথম। এই কৌশলটির জন্য ভারত প্রথমে সমালোচিত হলেও পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই মডেলটি গ্রহণ করেছে। ভারতের বেশির ভাগ অংশেই এপ্রিলের প্রথম দিকে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছিল। মোদি নিজেই এপ্রিলের শুরু থেকেই প্রকাশ্যে মাস্ক পরা শুরু করেছিলেন, যেখানে বিশ্বব্যাপী মাস্ক সুপারিশ করার আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জুন পর্যন্ত অপেক্ষা করেছিল। বিজ্ঞানীরা নিঃশব্দে-নীরবে গবেষণার কাজ করে গেছেন। নরেন্দ্র মোদি কিন্তু মন্ত্রিসভার বৈঠকে কভিড-১৯ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। মন্ত্রীদের নিজ নিজ এলাকার পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করেছেন। সপ্তাহে কমপক্ষে একবার কভিড-১৯ সম্পর্কিত সভায় সভাপতিত্ব করেছেন।

কিন্তু আমরা দেখেছি যে হোলির সময় মার্চের গোড়ার দিকে সামাজিক সমাবেশ থেকে বিরত থাকার পথে নরেন্দ্র মোদি নিজেই নেতৃত্ব দিয়েছেন, কয়েক মিলিয়ন লোককে পরিস্থিতির গুরুত্ব বুঝিয়েছেন। তিনি যখন জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ‘জনতা কারফিউ’ নামে একটা জন-অংশীদারিমূলক উদ্যোগ নিয়ে আসেন। জনগণকে দেশব্যাপী এক দিনের জন্য লকআউট পালনে উৎসাহিত করেন। জনগণ বেশ ইতিবাচক সাড়া দেয়। এটি আসন্ন লকডাউনের জন্য জাতিকে মানসিকভাবে প্রস্তুত করে প্রধানমন্ত্রী মোদি ২৪ মার্চ থেকে দেশব্যাপী লকডাউন ঘোষণা করলেন। একই ভাষণে পরিস্থিতির গুরুত্ব বোঝাতে তিনি ‘জান হ্যায় তো জাহাঁ হ্যায়’—এই বার্তা দিয়েছিলেন। জনগণকে নিয়মিত মাস্ক পরতে এবং হাত ধুতে, পরিষ্কার রাখতে তিনি বলেন। জনগণ কিন্তু সাড়া দিয়েছিল। এখানে একটা কথা মনে রাখতে হবে যে নরেন্দ্র মোদি এখন সবচেয়ে জনপ্রিয় সর্বভারতীয় নেতা। ক্ষমতায় থাকলে কিছুটা জনপ্রিয়তা ক্ষয় হয়। সেই যেটুকু অবক্ষয়, সব সময়ই তার পারদ নিম্নগামী হয়। কিন্তু ছয়-সাত বছর হয়ে গেল ক্ষমতায় থাকার পরও আজও কিন্তু রাহুল গান্ধীর তুলনায় সর্বভারতীয় নেতৃত্বের যে রাজনৈতিক পরিসর, সেখানে নরেন্দ্র মোদি কিন্তু প্রধান রাজনৈতিক কাণ্ডারি হিসেবে দেশের সবচেয়ে বেশি জনপ্রিয়তা এখনো বহন করে চলেছেন। যেকোনো পরিসংখ্যানই তাই বলবে।

এখন মহামারির সঙ্গে আসলে লড়াই করার সময়, দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করাটাও খুব জরুরি। কেননা দরিদ্র মানুষের এই মহামারি নিয়ন্ত্রণের জন্য কষ্ট প্রতিরোধ করাটা খুবই অসুবিধার। তাত্ক্ষণিকভাবে মোদি সরকার দরিদ্রদের সহায়তা করার জন্য পদক্ষেপ নেয়। ১.৭০ লাখ কোটি রুপি (ভারতীয় টাকা) প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজের (পিএমজিকেপি) মাধ্যমে সরকার নারী, দরিদ্র প্রবীণ নাগরিক ও কৃষকদের বিনা মূল্যে খাদ্যশস্য এবং নগদ অর্থ প্রদানের ঘোষণা করে। দরিদ্র মানুষকে যদি গরিব কল্যাণ অন্ন যোজনা বা বিভিন্ন গ্যাস সিলিন্ডার পরিবারকে বিনা মূল্যে দেওয়া যায়, নানা রকমের সুযোগ-সুবিধা ব্যবস্থা করে যদি দারিদ্র্য বা আর্থ-সামাজিক পরিস্থিতির উন্নতি করা যায়, তাহলে ভারত শক্তিশালী হয়।

প্রতিবেশী যেসব রাষ্ট্র, যার মধ্যে বাংলাদেশ অন্যতম, প্রতিশ্রুতি দিয়েছে ভারত। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা সেখানে গেছেন এবং বলেছেন সর্বপ্রথম রাষ্ট্র বাংলাদেশ, তারা এই প্রতিষেধক পাবে। সেই আশ্বাস থেকে ভারত কখনোই সরবে না। এবং ক্রমেই সময় এগিয়ে আসছে। প্রতিষেধক এসে পৌঁছানোর সময় হচ্ছে। প্রথমে ঠিক করা হয় যে প্রতিষেধকটা এলে স্বাস্থ্যকর্মী—যাঁরা সরাসরি হাসপাতালগুলোতে কাজ করেছেন, নার্স। এমনকি যেসব সাংবাদিক, যাঁরা হাসপাতালে গিয়ে এ ধরনের মহামারির কভারেজে ব্যস্ত ছিলেন, তাঁদেরও এই ভ্যাকসিন বা প্রতিষেধক প্রথমে দেওয়া হবে। তারপর এগুলো ক্রমেই সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে। এখন প্রশ্ন একটাই যে এই প্রতিষেধক এককালীন নাকি এটা দুবারে দিতে হবে? এবং এর দাম কত হবে? যে রকম একটা কথা আমরা জানতে পেরেছিলাম যে এটার দাম দুই হাজার টাকা হতে পারে। এবং সরকার একটা অংশ দিয়ে দিলে এক হাজার টাকা (ভারতীয় টাকা) মানুষকে দিতে হবে। তবে এগুলো সবই জল্পনা-কল্পনা। বিদেশের সঙ্গে ভারতের বিজ্ঞানীদের আলাপ-আলোচনা এবং প্রশাসকদের চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তিতেই প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা হবে। তখনই জানা যাবে এটির আসল দাম কী হবে।

একটা কথা অবশ্য এখনই বলা যায় যে প্রতিবেশী রাষ্ট্র নেপাল, ভুটান এই দেশগুলোর সঙ্গে বাংলাদেশ কিন্তু ভারতের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র। এমন একটা সময়ে প্রতিষেধক আসছে, যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠান এগিয়ে আসছে। মহাসমারোহে তা পালন হবে। এ রকম একটা সময়ে ভুটানের সঙ্গে ভারতের চুক্তি হয়েছিল। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে একের পর এক যে সমঝোতা। ১৯৪৭ সালে স্বাধীনতার পর যে ভারতের যাত্রা শুরু। ১৯৭১ সালে বাংলাদেশে রাষ্ট্র গঠন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস—সব কিছু মিলে এই ডিসেম্বর মাস গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এবং ভারত দুটি দেশের কাছেই এই সময়টা খুব তাৎপর্যপূর্ণ। আশা করা যায়, এই তাৎপর্যপূর্ণ সময়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত এই সময়কে মাথায় রেখে প্রতিষেধক কূটনীতিতেও বাংলাদেশকে সব থেকে বেশি অগ্রাধিকার দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

লেখক : নয়াদিল্লিতে কালের কণ্ঠ’র বিশেষ প্রতিনিধি

 

সূত্রঃ কালের কণ্ঠ