সিল্কসিটিনিউজ ডেস্ক:
বিদ্রোহী-নিয়ন্ত্রিত অঞ্চলে থেকে যুদ্ধাহত সিরিয়াবাসীর জীবন বাঁচিয়েছেন যারা, সেই সব ডাক্তার ও নার্সরা এবার জেল-জুলুমের পাশাপাশি তীব্র জীবন-শঙ্কায় পড়েছেন।
সিরিয়ার সামরিক সূত্র এবং বিদ্রোহী পক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আলেপ্পোর পূর্বাঞ্চলীয় এলাকায় সরকারি বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর সেখান থেকে বিদ্রোহী ও বেসামরিকদের সরে যাওয়ার প্রশ্নে একটি সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। বিদ্রোহী গোষ্ঠীগুলোর একটি নুরেদ্দিন আল জিনকির রাজনৈতিক কার্যালয়সূত্রে ফরাসি বার্তা সংস্থা এএফপি’ও সমঝোতার খবর নিশ্চিত করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এবং ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান সিরিয়ার এক সেনা সূত্রের বরাতে এ সমঝোতার খবর নিশ্চিত করেছেন। স্থানীয় সময় বুধবার ভোর ৫টা থেকে এলাকা ফাঁকা করার চুক্তিটি কার্যকর শুরু হবে বলেও জানিয়েছে তারা।

সেই ভোর পাঁচটা পেরিয়ে গেছে অনেক আগেই। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, চিকিৎসা সংক্রান্ত দাতব্য সংস্থাগুলো আশঙ্কা জানিয়েছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে যারা চিকিৎসা সহায়তা দিয়ে মানুষের জীবন বাঁচিয়েছেন, সেইসব ডাক্তার ও নার্সদের এখন শত্রু বিবেচনা করতে পারে আসাদ-সরকার। বিদ্রোহীদের সমর্থক হিসেবে গণ্য করে তাদের ওপর নেমে আসতে পারে হত্যা-নিপীড়ন-নির্যাতন।
‘চিকিৎসার দায়িত্ব পালন শুরু করার পর থেকেই ডাক্তারদের লক্ষ্যবস্তু বানানো হয়েছে। সঙ্কটের শুরুটা তখন থেকেই। যে ডাক্তাররা আলেপ্পো’র বিদ্রোহীনিয়ন্ত্রিত এলাকাগুলোতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তারা এখন প্রচণ্ড ঝুঁকির মধ্যে রয়েছেন।’ বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় চিকিৎসা সহায়তা দেওয়া সিরীয়-আমেরিকান ডাক্তার এবং সিরিয়ান আমেরিকান মেডিকেল সোসাইটির প্রাক্তন সভাপতি ড, জাহের।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ইতোমধ্যেই বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে কাজ করা ডাক্তার-নার্সদের কাউকে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা গুম হয়েছেন বলেও আশঙ্কা করছে কেউ কেউ।
উল্লেখ্য, এই ডাক্তারদের কেউ কেউ আলেপ্পোতে থেকে গেছেন কেবলমাত্র মানুষের জীবন বাঁচানোর তাগিদে। শহর ছেড়ে পালানোর উপায় ছিল অনেকেরই, তবে তারা সরে গেলে যুদ্ধাহতদের কে বাঁচাবে; নিজেদের কাছে করা নিজেদের এই প্রশ্নই তাদের আলেপ্পোতে থেকে যাওয়ার কারণ। অথচ জীবন বাঁচানোর দায়ে এখন জীবনশঙ্কায় প্রতিটি প্রহর কাটছে তাদের।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ ধরে প্রচণ্ড সংঘর্ষের পর মঙ্গলবার (১৩ ডিসেম্বর) আলেপ্পোর পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় সরকারি বাহিনী। মঙ্গলবার সন্ধ্যায় জাতিসংঘের নিয়োজিত রাশিয়ার দূত ভিটালি চারকিন ঘোষণা দেন যে পূর্ব আলেপ্পোতে সকল সামরিক কর্মকাণ্ড বন্ধ রয়েছে এবং সরকার ওই এলাকার পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে। তবে নিজেদের সর্বশেষ ঘাঁটিতে নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য বিদ্রোহীরা বেপরোয়া হয়ে ওঠে কিনা এবং ওই অবস্থায় এলাকায় আটকে থাকা হাজারো বেসামরিকের পরিণতি কী হবে তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এরপরও বেসামরিক নাগরিক ও বিদ্রোহীদের শহর ত্যাগ নিশ্চিত করতে দুই পক্ষের চুক্তির কথা জানা যায়। তারপর থেকে খেন পর্যন্ত কেউ শহর ছাড়তে না পারায় উদ্বিগ্ন বিদ্রোহীরা এখন নিপীড়ন আর মৃত্যু শঙ্কায় দিশেহারা সময় পার করছেন।
সূত্র: বাংলা ট্রিবিউন










