সব খবর

সগিরা মোর্শেদ হত্যা: অভিযোগ গঠন শুনানি ফের পেছাল

নিউজ ডেস্ক৯ নভেম্বর ২০২০২ মিনিট পড়া

রাজধানীর সিদ্ধেশ্বরীতে চাঞ্চল্যকর সগিরা মোর্শেদ হত্যা মামলায় নিহতের ভাসুরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ফের পিছিয়েছে। আগামী ২৬ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।

আজ সোমবার (৯ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এই দিন ধার্য করেন।

এর আগে আসামি পক্ষের আইনজীবীরা অভিযোগ গঠন শুনানির জন্য সময় প্রার্থনা করেন। পরে আদালত তাঁদের আবেদন মঞ্জুর করে ২৬ নভেম্বর অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য করেন।

মামলার আসামিরা হলেন নিহত সগিরা মোর্শেদের ভাসুর ডা. হাসান আলী চৌধুরী, তাঁর স্ত্রী সায়েদাতুল মাহমুদা ওরফে শাহীন, হাসান আলীর শ্যালক আনাস মাহমুদ ওরফে রেজওয়ান এবং ভাড়াটে খুনি মারুফ রেজা।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ১৯৮৯ সালের ২৫ জুলাই রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় গুলিতে নিহত হন সগিরা মোর্শেদ। ওই ঘটনায় সগিরার স্বামী আব্দুস সালাম চৌধুরী রমনা থানায় মামলা করেন। পরে মিন্টু ওরফে মন্টু ওরফে মরণ নামের এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। বিচারও শুরু হয়েছিল।

সাক্ষ্যে ভাড়াটে খুনি মারুফ রেজার নাম আসায় মামলার অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়। পরে মারুফ রেজার আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত অধিকতর তদন্তের আদেশ ও বিচারকাজ ছয় মাসের জন্য স্থগিত করেন। দীর্ঘ ৩০ বছর পর মামলাটি পুনরুজ্জীবিত হয় এবং গত ১৬ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আদালতে উল্লেখিত চারজনকে আসামি করে এক হাজার ৩০৯ পৃষ্ঠার অভিযোগত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক রফিকুল ইসলাম।

৯ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পিবিআইয়ের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেন। মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ১৫ মার্চ দিন ধার্য করা হয়। এরপর আর শুনানি হয়নি।

 

সূত্রঃ কালের কণ্ঠ

ট্যাগ: