সিল্কসিটিনিউজ ডেস্ক:
গ্রেফতার ও কারাদণ্ডের প্রতিবাদে আলজেরিয়ার কারাগারে অনশনরত ব্রিটিশ-আলজেরিয়ান কবি ও সাংবাদিক মোহামেদ তামালের মৃত্যু হয়েছে। তার আইনজীবী রবিবার ফেসবুকে এক পোস্টের মাধ্যমে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। আইনজীবী জানান, তামাল তিনমাসেরও বেশি সময় অনশনের পর কোমায় চলে যান। কোমায় তিন মাস থাকার পর মৃত্যু হয়েছে তামালের।

আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেলআজিজ বৌতেফিকার বিরুদ্ধে ফেসবুকে কবিতা লেখার কারণে তামালের বিরুদ্ধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য ও প্রেসিডেন্টকে আক্রমণের অভিযোগ আনা হয়।
চলতি বছরের ২৭ জুন আলজিয়ার্সে বাবা-মায়ের বাসার কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরই তিনি অনশন শুরু করেন। ১১ জুলাই তাকে দুই বছরের কারাদণ্ড ও ১ হাজার ৮০০ ডলার জরিমানা করা হয়। একমাস পর আপিল করলেও আগের রায় বহাল থাকে। গ্রেফতারের আগে তামাল লন্ডনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে মুক্ত সাংবাদিকতা এবং নিজে একটি ব্লগ পরিচালনা করতেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন ও রিপোর্টার্স উইদাউথ বর্ডার্স তামালে বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহার করে মুক্তির দাবি জানিয়ে আসছিল। আগস্ট মাসেই এসব সংগঠনের পক্ষ থেকে তামালের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
তামালের আইনজীবী আমিন সিদহৌম জানান, ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর এই প্রথম আলজেরিয়ার কারাগারে ইন্টারনেটে কবিতা লেখার অপরাধে কোনও সাংবাদিকের মৃত্যু হলো। তিনি বলেন, তামালের মৃত্যু আমাদের দেশের জন্য লজ্জাজনক ঘটনা। আলজেরিয়ান সাংবাদিকের এগিয়ে না আসাতেও আমি মর্মাহত। তারা তাকে পরিত্যাগ করেছেন।
সোমবার আলজিয়ার্সে তামালকে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সূত্র: বাংলা ট্রিবিউন










