সিল্কসিটিনিউজ ডেস্ক:


শিবচরে অন্যের মাস্টার্স ডিগ্রির সনদ জালিয়াতি করে একটি সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে বহাল থাকার অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই মাস্টার্স ডিগ্রির প্রকৃত সনদধারী থানায় জিডি করেছেন। এ জালিয়াতির ঘটনাটি ঘটেছে শিবচর শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে।
সংশ্নিষ্ট সূত্র জানায়, বিদ্যালয়টি বেসরকারি থাকাকালে মোহাম্মদ রফিকুল ইসলাম ২০১৪ সালের ২৬ নভেম্বর বিএ বিএড যোগ্যতা দেখিয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন। বিদ্যালয়টি জাতীয়করণের ঘোষণার পর পরিপত্র জারি করা হলে প্রধান শিক্ষকের জন্য মাস্টার্স ডিগ্রি আবশ্যক হয়ে পড়ে। তাই তিনি একই নামের আরেকজনের মাস্টার্স ডিগ্রির সনদ জালিয়াতি করে নিজের নামে চালানোর চেষ্টা করেন।
যে ব্যক্তির এমএ পাসের সনদের রোল, রেজিস্ট্রেশন নম্বর, সেশন জাল করে প্রধান শিক্ষকের পদ বহাল রাখার অপচেষ্টা করা হয় সেই মোহাম্মদ রফিকুল ইসলাম গত ২৪ অক্টোবর নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। এ ছাড়া শিক্ষক রফিকুলের বিএ এবং বিএড সনদও জাল বলে দাবি করেন অন্যান্য শিক্ষক। এ বিষয়ে বিদ্যালয়ের অফিস সহকারী জহিরুল ইসলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
অফিস সহকারীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মোহাম্মদ রফিকুল ইসলাম যখন প্রধান শিক্ষক পদে যোগদান করেন (ইনডেক্স নম্বর-৩৪০৫৩৫) তখন তিনি বিএ, বিএড শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করে চাকরিতে আবেদন করেন। পরে ২০১৭ সালে ৪ এপ্রিল বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। জাতীয়করণের পর থেকেই প্রধান শিক্ষক তার ব্যক্তিগত শিক্ষাগত যোগ্যতার তথ্য বিভিন্ন সময় তার সুবিধামতো একেক রকমভাবে প্রদান করেন। চলতি বছর ২৪ অক্টোবর তিনি শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এমএ (পাস) ডিগ্রির সনদের ফটোকপি জমা দেন। তবে প্রিলিমিনারির নম্বরপত্র, ফলাফল, প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড তিনি দেখাতে পারেননি। এতে প্রধান শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সংশ্নিষ্ট মহলে ব্যাপক সন্দেহের সৃষ্টি হয়। প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম মাদারীপুর জেলার শিবচর উপজেলার সন্ন্যাসির চর গ্রামের মৃত জাহাঙ্গীর উদ্দিন খানের ছেলে।মোহাম্মাদ রফিকুল ইসলাম নামের দুই ব্যক্তির কাছ থেকে দুটি এমএ পরীক্ষার সনদপত্রের ফটোকপি পাওয়া যায়। দুটি সনদপত্রে পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষরে ভিন্নতা থাকলেও রোল, রেজিস্ট্রেশন ও সেশন একই।
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় জিডির সূত্র জানায়, প্রকৃত ডিগ্রিধারী মোহাম্মদ রফিকুল ইসলাম ২০০৯-২০১০ সেশনে ঢাকা কলেজে ইংরেজি বিষয়ে (কোড ১১৫১) ভর্তি হন। ২০১০ সালে এমএ পাস করেন। রোল নম্বর ০১১১৮৩৩, রেজিস্ট্রেশন নং-৯৩২৯৭৭৩। তিনি জিডিতে উল্লেখ করেন, মোহাম্মদ রফিকুল ইসলাম তার এমএ সনদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন ব্যবহার করে জাল সনদ তৈরি করে বর্তমানে শিবচর উপজেলা সদরের শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। এ ব্যাপারে তিনি জিডিতে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মোহাম্মদ রফিকুল ইসলাম তার সনদ জাল করার অপরাধের সুষ্ঠু বিচার চেয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে লিখিত আবেদনও করেছেন। তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ভুঁইঘর পশ্চিমপাড়া গ্রামের শাহাবুদ্দিন সাউদের ছেলে।
শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান হিসেবে মোহাম্মদ রফিকুল ইসলাম তার এমএ পরীক্ষার সনদ জালিয়াতির বিষয়টি অস্বীকার করে বলেন, আমার কাগজপত্র সঠিক আছে। আমার সনদটি ভিন্ন সেশনের। হয়তো কারও সঙ্গে সনদের রোল নম্বর মিলে যেতেও পারে। সেটা আমার দেখার বিষয় নয়। তা দেখবে সংশ্নিষ্ট কর্তৃপক্ষ।
শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। আমি শিগগির সনদ যাচাইয়ের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে পাঠাব। ওই সনদে জাল-জালিয়াতির প্রমাণ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: সমকাল










