সিল্কসিটিনিউজ ডেস্ক:


ইতালিতে দুই বছর আগে শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ হওয়া বাংলাদেশি শিশু কাজি জান্নাতুল ইউশরার (১২) মাথার খুলি উদ্ধার করেছে দেশটির পুলিশ। চলতি মাসের ৪ তারিখে মাথার খুলি উদ্ধার হয়। পরে সেটি ইউশরার কিনা তা জানতে স্থানীয় ল্যাবে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষায় নিশ্চিত হয়ে খুলিটি ইউশরার বলে ঘোষণা দেয় পুলিশ।
ইউশরাকে মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ পাচারকারী চক্র হত্যা করেছে নাকি কোনও হিংস্র জন্তুর আঘাতে তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে দেশটির উত্তরাঞ্চলের শহর ব্রেশিয়ার পুলিশ। তবে মেয়ের মৃত্যুর জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন তার বাবা।
২০১৮ সালের ১৯ জুলাই দেশটির উত্তরাঞ্চলের শহর ব্রেশিয়ার একটি বিদ্যালয় থেকে শিক্ষাসফরে যান শারীরিক প্রতিবন্ধী ইউশরা। অন্য সহপাঠীদের সাথে ঘুরতে ঘুরতে পাহাড়ি অঞ্চলের গভীর বনের মধ্যে হারিয়ে যায় ইউশরা।
নিখোঁজের পর থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, অত্যাধুনিক ড্রোন, পেশাদার ডুবুরি সেই সাথে বিশ্বের সেরা সব প্রযুক্তি ব্যবহার করে টানা ৭ মাস চিরুনি অভিযান পরিচালনা করেও উদ্ধার করা যায়নি ইউশরাকে। একপর্যায়ে থেমে যায় উদ্ধার অভিযান। লাশের সন্ধান না পাওয়া সত্ত্বেও স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় শিশুটির সম্ভাব্য মৃত্যুর কথা।
গত ৪ অক্টোবর ইতালির উওরাঞ্চলীয় ব্রেশিয়া প্রদেশের পাহাড়ি জঙ্গল থেকে একটি মাথার খুলি উদ্বার করে প্যারামিলিটারি পুলিশ ফোর্স ক্যারাবিনিয়েরি। নিশ্চিত হতে খুলির ডিএনএ টেস্টের ব্যবস্থা করে ব্রেশিয়া পুলিশ। ল্যাবে ডিএনএ পরীক্ষা করার পর ঘোষণা দেওয়া হয়, এটি উদ্বার হওয়া নিখোঁজ ইউশরার মাথার খুলি।
সূত্র: সমকাল










