সিল্কসিটিনিউজ ডেস্ক:
বাংলাদেশে সাংঘর্ষিক রাজনীতি চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আর এই সাংঘর্ষিক রাজনীতি থেকে বের হয়ে আসতেই বিএনপি নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রস্তাব দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বিএনপির এই নেতা এসব কথা বলেন। ‘নির্বাচন কমিশন গঠন ও শক্তিশালীকরণ : বিএনপির প্রস্তাবলী’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করে চট্টগ্রামের সম্মিলিত পেশাজীবী পরিষদ।
আমীর খসরু মাহমুদ বলেন, ‘বাংলাদেশে বর্তমানে যে রাজনীতি চলছে এটা অত্যন্ত একটা সাংঘর্ষিক রাজনীতি। এটা কিন্তু আমাদের সবাইকে স্বীকার করতে হবে। যে সাংঘর্ষিক রাজনীতি চলছে এখান থেকে বের হয়ে আসতে হলে, অনেস্টলি যদি বের হয়ে আসতে হয়…তাহলে যে আমাদের প্রস্তাব, আলোচনা এবং সমঝোতা ছাড়া কোনো কিছুর সমাধান দেওয়ার তো সুযোগ নাই।’
সব মিলিয়ে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের জন্য বিএনপির পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্বাধীনতার পর বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে একটি বিষয়ের ওপর এমন বিশদ প্রস্তাব এই প্রথম দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, আগামী নির্বাচনগুলোতে প্রতিরক্ষা বাহিনীর হাতে বিচারিক ক্ষমতা দিয়ে তাঁদের ভোটকেন্দ্রে মোতায়েন না করলে বাংলাদেশে কোনো নাগরিক নির্বিঘ্নে ভোট দিতে পারবেন না। ভোট কেড়ে নেওয়া মানে পর্যায়ক্রমে সব অধিকার কেড়ে নেওয়া। বাংলাদেশেও বর্তমান সেই অবস্থা বিরাজ করছে বলে মন্তব্য করেন তিনি।
পেশাজীবী পরিষদের নেতা অ্যাডভোকেট কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কেন্দ্রীয় পেশাজীবী নেতা অধ্যাপক এ জেড এম জাহিদ হাসান, প্রকৌশলী আ ন হ আখতার হোসেন, সাংবাদিক রুহুল আমিন গাজী, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও ডা. খুরশীদ জামিল বক্তব্য দেন।
সূত্র: এনটিভি










